ডিমের ডালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের নাশতায় মজার এক পুষ্টিকর খাবার ডিম। বিশ্বের প্রায় সব দেশে আমিষের তালিকায় এক নম্বরে রয়েছে এটি। পোচ, ওমলেট, কারি, চপ, ভুনা—জিভ উতলা করা এসব রকমারি পদের খাবারে আমাদের মন ভরাচ্ছে ডিম। কেক, পেস্ট্রি, পুডিংয়ের মতো সুস্বাদু খাবারেও দেদার ব্যবহূত হচ্ছে এটি। এক জরিপে দেখা গেছে, বিশ্বে প্রতিবছর গড়ে ৭৮ হাজার কোটি ডিম খাওয়া হয়। এর অর্ধেকই জোগান দেয় চীন।ডিমের ডালিতে এবার আরেকটু ঝাঁকুনি দেওয়া যাক। পাখির মধ্যে সবচেয়ে ছোট ডিম পাড়ে হামিংবার্ড। ওজন মাত্র আধা গ্রাম। সবচেয়ে বড় ডিম পাড়ে উটপাখি। ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় তা। ওজন হয় দুই পাউন্ডের ওপরে। এই ডিমের আয়তন ২৪টি মুরগির ডিমের সমান। ডিমের খোসা এত শক্ত যে, একজন পূর্ণ বয়স্ক মানুষের ভার বইতে পারে। ১৯৮৮ সালে ইসরায়েলের একটি খামারে একটি হাইব্রিড (উন্নত জাতের) উটপাখি পাঁচ পাউন্ড দুই আউন্স ওজনের ডিম পেড়েছিল। এটাই এ পর্যন্ত উটপাখির সবচেয়ে বড় ডিমের রেকর্ড।তবে বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বড় ডিম পাড়ার রেকর্ড রয়েছে বিলুপ্ত এলিফ্যান্ট বার্ডের। একটি এলিফ্যান্ট বার্ড এক ফুট লম্বা ডিম পেড়েছিল। এর ভেতর যে কুসুম আর সাদা অংশ ছিল, এর পরিমাণ ছিল প্রায় আড়াই গ্যালন। এটি উটপাখির সাতটি ডিমের সমান। হামিংবার্ডের ডিম দিয়ে তুলনা করতে চাইলে ১২ হাজার ডিম গুনতে হবে। এমনকি ওই এলিফ্যান্ট বার্ডের ডিম ডাইনোসরের ডিমের চেয়েও বড় ছিল।উন্নত জাতের গৃহপালিত হাঁস-মুরগি বছরে ২০০ থেকে ৩০০ ডিম পাড়ে। বনের ভেতর ম্যালার্ড ডাক বলে পরিচিত হাঁস এ ক্ষেত্রে সেরা। এই হাঁসের একনাগাড়ে ১৪৬টি পর্যন্ত ডিম পাড়ার রেকর্ড রয়েছে। ডিম পাড়ায় সবচেয়ে কৃপণ নিউজিল্যান্ডের আজব পাখি কিউই। একবারে একটিই ডিম পাড়ে ওরা। আর তা শরীরের তুলনায় অনেক বড় হয়। মুরগির সমান একটি কিউই পাখি প্রায় এক পাউন্ড ওজনের ডিম পেড়ে থাকে। সামুদ্রিক পাখি অ্যালবাট্রোস একটি বা দুটি ডিম পাড়ে। ওয়ান্ডারিং অ্যালবাট্রোসের ছানা পুরোপুরি বড় হতে সময় নেয় ২৭৮ দিন। এদিকে মলি ফাউলের ছানা ডিম থেকে ফোটার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উড়তে পারে।ডিম থেকে ছানা ফোটানোর বেলায় সবচেয়ে সেরা জেব্রা ফিঞ্চ। ওরা বছরে ২১ বারের মতো ছানা ফোটায়।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: লাইভসায়েন্স অনলাইন ও অন্যান্য ওয়েবসাইট।