ড্রাগনের গুপ্তধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর আগে সুইডেনে এক বুড়ো বাস করতেন। এই পরিবারের পূর্ব-পুরুষেরা ১০০ বছরের বেশি দেশ শাসন করেছেন। কিন্তু বর্তমানে কেউ আর বেঁচে নেই। শুধু তাঁদের ভাঙাচোরা ঘরবাড়ি আর যুদ্ধে জয় করা মূল্যবান ধনরত্নগুলো অবশিষ্ট ছিল তখনো। শরতের কোনো একদিনে নতুন চিন্তার ছায়া পড়ল বুড়োর মনে। তাঁর যে দিন ফুরিয়ে এসেছে, এ নিয়ে অবশ্য ভীত ছিলেন না তিনি। শুধু পরিবারের ধনসম্পদের দুশ্চিন্তা কিছুটা উদ্বিগ্ন করে তুলল তাঁকে। তিনি রত্নভান্ডারের সামনে বসে ভাবলেন, এসব ধনদৌলত কত যুদ্ধ আর রক্তের বিনিময়ে অর্জন করেছে তাঁর পূর্ব-পুরুষেরা। এসব তিনি কিছুতেই হেলায় ছেড়ে দিতে পারেন না। যেভাবে হোক, এগুলো দিনের আলো থেকে চিরতরে দূরে রাখতে হবে। পরদিন তিনি বাড়ির পেছনের পাহাড় বেয়ে পৌঁছালেন একটা ঘাসে ঘেরা মস্ত টিলার কাছে। ওখানে পাহাড় খুঁড়ে তিনি একটা গর্ত বের করলেন। এটা ছিল তাঁদের পারিবারিক গোরস্থান। রত্নভান্ডার লুকিয়ে রাখার জন্য এ রকম আদর্শ স্থান আর হয় না। দিনের পর দিন মূল্যবান রত্নগুলো বয়ে এনে সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখলেন তিনি। কাজ শেষ হওয়ার পর ভাবলেন, সকালে উঠেই গর্তের মুখটা পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন। কিন্তু পরদিন সূর্য ওঠার পরও তিনি আর জাগলেন না ঘুম থেকে। চিরনিদ্রায় হারিয়ে গেল বৃদ্ধের জীবন-প্রদীপ। দিন যায়। শীত পার হয়ে গেল অজান্তে। সেই লুকানো রত্নভান্ডারের গর্তের মুখ যেমন ছিল তেমনই পড়ে রইল খোলা। একদিন এক ড্রাগন আশ্রয় নিতে এসে খুঁজে বের করল জায়গাটা। গর্তের ভেতর উঁকি দিয়েই তার চোখ চকচক করে উঠল। এত রত্ন দেখে আনন্দ আর ধরে না তার মনে। মানুষের চেয়েও সোনাদানার প্রতি বেশি মোহ ছিল ড্রাগনদের। এই ড্রাগনটি নিজের ধনদৌলত ভেবে আপন বাড়ি বানিয়ে ফেলল গুহাটাকে। সারা দিন সে রত্নগুলো বুকে আগলে রাখত। আর রাত হলে বের হতো খাবারের খোঁজে। ৩০০ বছর ধরে ড্রাগন এভাবে মূল্যবান সম্পদ আঁকড়ে ধরে থাকল। একদিন কোত্থেকে এক ছিঁচকে বদমাশ এসে ঢুকে পড়ল সেই গোপন গুহার কোঠরে। গা গরম করার জন্য আলো জ্বালাতেই চকচক করে ঠিকরে উঠল রত্নরাশির আভা। মেঝেতে নখের বড় বড় দাগ দেখে বুঝল সে ভুলবশত ড্রাগনের গুহায় ঢুকে পড়েছে। বিষয়টি বুঝতে পেরে একটা সোনার বাটি হাতড়ে তাড়াতাড়ি সটকে পড়ল গুহা থেকে। সাতসকালে ডেরায় ফিরে এল ড্রাগন। মানুষের গন্ধ টের পেয়ে সন্দেহ দানাবেঁধে উঠল তার মনে। সে দ্রুত মালগুলো পরীক্ষা করে বুঝল একটা সোনার বাটি খোয়া গেছে। প্রতিশোধের আগুন জ্বলে উঠল তার মনে। ডানা মেলে রাগে ফুঁসতে ফুঁসতে সে বেরিয়ে এল গুহা থেকে। তারপর আতিপাতি করে সর্বত্র খুঁজে বেড়াল চোরটাকে। কিন্তু সব বৃথা। ক্ষোভে-দুঃখে রক্ত চড়ে গেল ড্রাগনের মাথায়। পাহাড়ের সমতলের গ্রামগুলোতে গেল ক্রুদ্ধ ড্রাগন, জ্বালিয়ে দিল পুরো গ্রাম। লোকজন বিলাপ করতে করতে সাহায্যের আশায় রাজার কাছে গেল। রাজার নাম ছিল বিওউলফ। যুবক বয়সে তিনি ছিলেন একজন বীরযোদ্ধা। ৫০ বছর ধরে তিনি দেশ শাসন করছেন। রাজা আবেগভরা কণ্ঠে তাঁর সৈন্যদের উদ্দেশে বললেন, আমি বৃদ্ধ হয়েও ড্রাগনের সঙ্গে লড়াই করতে চাই। বিছানায় শুয়ে মরার চেয়ে যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করা অত্যন্ত সম্মানজনক। রাজার ছিল লোহার তৈরি বিরাট একটা ঢাল। রাজা সৈন্যদের ভেতর থেকে ১২ জন বীরযোদ্ধাকে নিয়ে সন্ধ্যায় হাজির হলেন পর্বত গুহার মুখে। আমার যতক্ষণ না প্রয়োজন হয়, তোমরা এখানেই অপেক্ষা করবে। এই বলে তিনি একাই গেলেন গুহার কাছে। স্বল্প আলোয় ড্রাগনের বীভৎস ছায়াটা দেখে রাজা চেঁচিয়ে বললেন, ‘ওরে ড্রাগন, আমি রাজা বিওউলফ, পারিস তো আয়, আমার সঙ্গে যুদ্ধ করবি।’ ড্রাগন ক্রুদ্ধ ভঙ্গিতে গুহা থেকে বের হয়ে হুস হুস করে ছুড়ে দিল জ্বলন্ত আগুনের গোলা। রাজা ঢাল দিয়ে আগুনের শিখা ঠেকিয়ে তরবারি দিয়ে প্রচণ্ড আঘাত করল ড্রাগনের ঘাড়ে। ড্রাগন ফের আগুনের গোলা ছুড়ে দিতেই রাজার দাড়ি আর পোশাকে আগুন ধরে গেল। রাজা হতচকিত হয়ে চলে এলেন পেছনে। রাজার দুরবস্থা দেখে উইগল্যাফ নামের একজন তরুণ যোদ্ধা এগিয়ে এলেন সামনে। ড্রাগন নতুন শত্রুকে আক্রমণ করতে উদ্যত হয়েছে দেখে বিওউলফ দেরি না করে তরবারি ঢুকিয়ে দিলেন ড্রাগনের আঁশের ভেতরে, মুহূর্তেই ঘটে গেল চরম বিপত্তি। হঠাৎ বিশাল জন্তুটা ঘুরে দাঁড়িয়ে ধারাল দাঁত বসিয়ে দিল রাজা বিওউলফের ঘাড়ে। চতুর উইগল্যাফ এই সুযোগে তাঁর তীক্ষ তরবারি সোজা বসিয়ে দিলেন ড্রাগনের পেটের ভেতর। বৃদ্ধ রাজা এই সুযোগ হাতছাড়া করলেন না। তিনি দ্রুত তরবারি দিয়ে ড্রাগনের গলা এফোঁড়-ওফোঁড় করে ফেললেন। ড্রাগনের প্রাণহীন দেহ হুড়মুড় করে আছড়ে পড়ল রাজার গায়ের ওপর। এদিকে ড্রাগনের বিষে রাজার শরীর নিস্তেজ হয়ে গেল আস্তে আস্তে। তিনি উইগল্যাফকে বললেন, ড্রাগন যাদের ঘরবাড়ি নষ্ট করেছে, তাদের মধ্যে এই ধনরত্ন বিলিয়ে দিয়ো। আর তুমি আমার বিপদে এগিয়ে এসেছ, তাই এই রাজ্য তোমাকেই দিয়ে গেলাম। তুমিই এখন দেশের নতুন রাজা। এটুকু বলেই রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভীষণ দুঃখ-লজ্জায় জর্জরিত সৈন্যরা অশ্রুবিলাপের মধ্যে দিয়ে তাঁকে সমাহিত করলেন পাহাড়ের পাদদেশে। এই ঘটনার দীর্ঘদিন পরও বীর রাজা বিওউলফের নাম সবাই উচ্চারণ করত শ্রদ্ধার সঙ্গে। যখন তরুণ যুবকেরা ড্রাগনের ভয়ে লেজগুটিয়ে নিয়েছিলেন, তখন বীরদর্পে রাজা ড্রাগনকে হত্যা করে জীবন বাঁচিয়েছিলেন তাঁর প্রিয় প্রজাদের। অনুবাদ: মিতুল খান