ঢিমেতেতালা সাহেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্যে ভরপুর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গ্যালাপাগোস। বিচিত্র সব প্রাণীর বাস সেখানে। এর মধ্যে একটি হচ্ছে বিশাল আকৃতির কাছিম। কাছিম যে অতি ধীর গতিতে চলে, তা সবাই জানে। কিন্তু বিশাল ধড় নিয়ে গ্যালাপাগোস কাছিম যখন কোনো সড়কের পাশ দিয়ে ঘণ্টায় দশমিক ১৬ মাইল গতিতে হেঁটে যায়, তখন তাকে ‘ঢিমেতেতালা সাহেব’ বললেই সবচেয়ে ভালো মানায়। কাছিম উভচর বলে পরিচিত হলেও গ্যালাপাগোস কাছিমেরা বেশিরভাগ সময় ডাঙাতেই বিচরণ করে। এ পর্যন্ত ওদের প্রায় ১৫টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এসব কাছিম সাধারণত আর্দ্র আবহাওয়াপূর্ণ ঘেসো জমি, যেখানে ছোট ছোট পুকুর আছে, সেখানে বিচরণ করে। ওদের খোলস বেশ মজবুত হাড়ে গড়া। গ্যালাপাগোস কাছিমের ঘ্রাণশক্তি খুব প্রখর। ওরা সাধারণত ফলমূল ও লতাপাতা খেয়ে থাকে। খাওয়ার আগে খাবার শুঁকে দেখে ওরা। এসব কাছিম পূর্ণ বয়স্ক হতে হতে ২০ থেকে ২৫ বছর লাগে। আর শরীর বাড়ে ৩০ থেকে ৪০ বছর ধরে। এতে একেকটির আকার প্রায় পাঁচ ফুটের (দেড় মিটার) মতো হয়। ওজন হয় প্রায় ৫০০ পাউন্ড (২৩০ কেজি)। এমন আকৃতির একটি কাছিম যখন হাঁটি-হাঁটি পা-পা করে কোনো এলাকা দিয়ে যায়, মনে হয় যেন জীবন্ত একটি ট্যাংক যাচ্ছে। এসব কাছিম শতায়ু তো বটেই, এমনকি ১৫০ বছর পর্যন্ত বাঁচে ওরা। সে তুলনায় ওদের বংশবৃদ্ধির হার কম। অন্যান্য জাতের বেশিরভাগ মা কাছিম যেখানে একবারে কয়েক শ’ ডিম পাড়ে, সেখানে গ্যালাপাগোস কাছিম ডিম পাড়ে মাত্র দুই থেকে ১৬টি। নির্জন কোনো স্থানে গর্ত খুঁড়ে ডিম পাড়ে মা কাছিম। তারপর ডিমগুলো ঢেকে দিয়ে সে চলে যায়। ডিম থেকে ছানা ফুটতে সময় লাগে চার থেকে আট মাস। —শরিফুল ইসলাম ভূঁইয়াওয়েবসাইট অবলম্বন