তানির অ্যাকুরিয়াম
তানির মন আজ খুব ভালো। না, একটু কম বলা হলো। তানির মন আজ ভীষণ ভালো।মন ভালো থাকার কারণও আছে। তার বহুদিনের শখ পূরণ হয়েছে আজ।সেই কবে মাকে বলেছিল অ্যাকুরিয়াম কিনে দেওয়ার কথা। তার কাজিন মিশা অনেক আগেই অ্যাকুরিয়াম পেয়েছে। সেখানে কত সুন্দর সুন্দর মাছ আছে তার! মিশাদের বাসায় বেড়াতে গেলে সে তো শুধু অ্যাকুরিয়ামের পাশেই বসে থাকত।মাছ যে এত সুন্দর হতে পারে, তা মিশার অ্যাকুরিয়াম না দেখলে সে জানতেই পারত না কখনো। কী অদ্ভুত সুন্দর সুন্দর সব মাছ। বাজারের কই, শিং, রুই মাছের মতো নয়। দেখলে শুধু আদর করতে ইচ্ছে করে, খেতে নয়।কোনোটা সম্পূর্ণ লাল। কোনোটা আবার সাদার মধ্যে লাল। কোনো কোনোটা বাহারি রঙের। কত রং যে তার গায়ে। মনে হয়, রংধনুর সব রংই ছড়িয়ে আছে সারা শরীরে। অ্যাকুরিয়ামের স্বচ্ছ পানিতে যখন মাছগুলো সাঁতার কাটে, কী সুন্দরই না লাগে দেখতে। মনে হয় শুধু তাকিয়েই থাকি। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি সে।মিশা তাকে তার মাছের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে বারণ করেছে। বলেছে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার মাছের শরীর খারাপ হবে। তার মাছগুলো পচা হয়ে যাবে।মিশার কথা শুনে বেশ লজ্জা পেয়েছিল তানি। কথাগুলো সে অনেকের সামনে বলেছে। লজ্জায় তানির চোখে পানি চলে এসেছিল। সে বুঝল, সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে বলে মিশা তাকে আজ এ কথা বলতে পারল। তার যদি একটা অ্যাকুরিয়াম থাকত, তাহলে তার এ কথা শুনতে হতো না।বাসায় ফিরল গাল ফুলিয়ে। মুখ ভার করে।মা জিজ্ঞেস করল, কী রে, সারা দিন ঘুরেফিরে এসে এখন মুখ ফুলিয়ে আছিস কেন?মায়ের কথা শুনে কেঁদেই ফেলল সে। মিশা যে তাকে অ্যাকুরিয়ামের মাছ দেখতে দেয়নি, সেটাও জানাল। এবং তাকে একটা অ্যাকুরিয়াম কিনে দেওয়ার কথা বলল। মা বললেন, ঠিক আছে, কিনে দেব, কিন্তু...প্রথমে লাফ দিয়েই উঠেছিল তানি।কিন্তু মায়ের মুখে কিন্তু শুনে বুঝল, এর মধ্যে একটা কিন্তু আছে। মা দিয়ে বসলেন শর্ত। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে অ্যাকুরিয়াম কিনে দেওয়া হবে। মায়ের কথা একদমই ভালো লাগেনি তানির। এসব বিষয়ে কি শর্ত চলে। তা ছাড়া এখনই অ্যাকুরিয়াম না পেলে তো মিশাকে ঠিক জবাবটা দেওয়া যাবে না। তানি ঠিক করেছিল, তার অ্যাকুরিয়াম হলে সে শুধু মিশাকে নয়, সবাইকে দেখতে দেবে। এমনকি তাদের বাসায় যে কাজ করে ময়না আন্টি, তার পিচ্চি ছেলে মন্টুকেও দেখতে দেবে; যতক্ষণ খুশি। কিন্তু মা-টা কিছুই বুঝতে চান না। শুধু বোঝেন পরীক্ষার রেজাল্ট।কী আর করা। তার তো আর টাকা নেই যে নিজে নিজেই অ্যাকুরিয়াম কিনে ফেলবে। সুতরাং মায়ের কথা মানতেই হলো। ঠিক করল, ভালো রেজাল্ট করেই অ্যাকুরিয়াম নেবে সে।তানির স্বপ্নপূরণ হতে দুই মাস লেগেছে। কারণ, দুই মাসের মধ্যে পরীক্ষা হয়েছে আর রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট হয়েছে ভালো। পরীক্ষার রেজাল্ট কার্ড মায়ের হাতে দেওয়ার পর বিকেলবেলা তাকে নিয়ে গেলেন কাঁটাবন মার্কেটে। এখানেই বিক্রি হয় অ্যাকুরিয়াম আর নানা ধরনের মাছ। তানির জন্য সুন্দর দেখে একটা অ্যাকুরিয়াম আর বেশকিছু মাছ কেনা হলো। তানির ইচ্ছে করছিল, সব মাছই কিনে ফেলে।মাছগুলো দেখতে যেমন সুন্দর, তাদের নামগুলোও ভারি মিষ্টি। একটা মাছের নাম ব্ল্যাক মোর। এই মাছ দেখতে কালোর চেয়ে কালো। কিন্তু কী সুন্দর! কালোও এত সুন্দর হয়!গায়ে ডোরাকাটা দাগওয়ালা মাছের নাম টাইগার ফিশ। এই মাছ খুব গম্ভীরভাবে অ্যাকুরিয়ামের পানিতে ঘুরে বেড়ায়। এই মাছগুলো দেখলে অন্য মাছ একটু দূরে সরে যায়। বিষয়টা দেখতে তানির খুব মজা লাগে।শুধু দেখতেই সুন্দর নয়, খুব ঠান্ডা স্বভাবের বলে এক ধরনের মাছের নাম অ্যাঞ্জেল ফিশ। পুরো শরীর সোনালি রঙের হওয়ার কারণে কিছু মাছের নাম গোল্ডফিশ।এ কয়টা নামই এখন পর্যন্ত জানতে পেরেছে তানি। কারণ, এই চার ধরনের মাছই তাকে কিনে দিয়েছে মা। সঙ্গে মাছের খাবার। বলেছে, এগুলোকে ভালোভাবে যত্ন করতে পারলে নতুন মাছ কিনে দেওয়া হবে।এখন তানির দিন কাটে তার অ্যাকুরিয়াম আর মাছের সঙ্গে। পরীক্ষা শেষ, স্কুলও বন্ধ। মা-বাবা দুজনই অফিসে চলে যাওয়ার কারণে সারা দিন তাকে বাসায় একাই থাকতে হয়। আর থাকে কাজের ময়না আন্টি ও তার ছেলে মন্টু। মন্টু সব সময় তানির সঙ্গে থাকে। তাকে তানির অ্যাসিস্ট্যান্ট বলা যায়। তানির সঙ্গে অ্যাকুরিয়ামের দেখাশোনা করে।তানি তিনবেলা খাবার খায়। তার অ্যাকুরিয়ামের মাছগুলোকেও নিয়ম করে তিনবেলা খাবার দেয় সে। ময়না আন্টি তাকে বারবার বারণ করে, এই মাছ কি রাক্ষস! এতবার ‘আদার’ দেওয়ার কী প্রয়োজন! ‘এত খাইলে তো মাছগুলান বাঁচব না।’ময়না আন্টির কথার অর্থ বোঝেনি তানি। আন্টি কত বোকা! সহজ বিষয়টা সে বোঝে না। মানুষ যেমন তিনবেলা খাবার খায়, মাছেরও তেমনি তিনবেলা খাবারের প্রয়োজন আছে। ওরা তো প্রাণী।‘মাছগুলান কি মানুষ যে তাদের তিনবেলা খাইদ্যের দরকার? আমগো দেশের বিলে তো কত মাছ না খাইয়াই বড় হয়।’ নিজের মনে বিড়বিড় করে ময়না আন্টি। যথাসময়ে তানির মায়ের কাছেও ঘটনা জানিয়ে দেয় ময়না আন্টি।তানির মাও তাকে বোঝান। অ্যাকুরিয়ামের মাছ ছোট্ট প্রাণী। মানুষের মতো তাদের তিনবেলা খাবারের দরকার নেই। একবেলা দিলেই যথেষ্ট।মায়ের কথা তানির পছন্দ হয় না। মাও দেখি ময়না আন্টির মতো কথা বলে।কেন? ছোট হলে কী হয়েছে! সেও তো ছোট। কিন্তু তাকেও তো তিনবেলা খাবার খেতে হয়। কখনো না খেতে চাইলে মা জোর করে খাওয়ান। আর বলেন, না খেলে শরীর ভালো থাকবে না। তাহলে ছোট বলে মাছ কেন তিনবেলা খাবার পাবে না? খাবার না পেলে তার মাছেরও তো শরীর ভালো থাকবে না।তানির কথা শুনে মা হাসে। বোকা মেয়ে!মায়ের এ কথাটাও তার পছন্দ হয় না। সে মোটেও বোকা নয়। কারণ, বোকারা কিছু আবিষ্কার করতে পারে না। সে একটা জিনিস আবিষ্কার করেছে।অ্যাকুরিয়ামের এই মাছের সঙ্গে তার অনেক মিল। মাছের জীবন তো তারই মতো। তারা যেমন শহরে থাকে, এই মাছগুলোও তাই। মা-বাবার সঙ্গে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে তানি। মা-বাবা অফিসে চলে যাওয়ার পর সারা দিন ফ্ল্যাটেই কাটে তার সময়। কোথাও যেতে পারে না সে। অ্যাকুরিয়ামও তো মাছের ছোটখাটো একটা ফ্ল্যাট। এরাও কোথাও যেতে পারে না। অ্যাকুরিয়ামের চার দেয়ালের মধ্যেই থাকতে হয় ছোট্ট সুন্দর মাছগুলোর। এখান থেকে তাদের বের হওয়ার সুযোগ নেই। তাদের বেড়ানোর কোনো জায়গা নেই। এই অ্যাকুরিয়ামই তাদের ঠিকানা।তানিরও একই অবস্থা। তারও কোনো খেলার মাঠ নেই। বের হওয়ার সুযোগও নেই। মাছগুলোর ঠিকানা যেমন অ্যাকুরিয়াম, তানিরও তেমনি তাদের ছোট্ট ফ্ল্যাট। মাছগুলোর সঙ্গে তার কী অদ্ভুত মিল। অ্যাকুরিয়ামের মাছগুলোকে তাই তার বন্ধু মনে হয়। মা এ বিষয়টা বুঝবেন কী করে।তাঁর তো আর সারা দিন ঘরে বসে থাকতে হয় না।