তারপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীহানা এবার অষ্টম শ্রেণীতে উঠেছে। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মা গৃহিণী। তিন ভাইবোন তারা। রিহানা মেজো। তার বড় ভাই ভার্সিটিতে পড়ে। ছোট বোন মাত্র ক্লাস টুতে উঠল। ভাইবোন খুবই শান্ত। আর রিহানা? চঞ্চল আর কাকে বলে! সে খুবই চটপটে মেয়ে। তাই স্কুলে তাকে সবার সঙ্গে আলাদাভাবে আর পরিচিত হতে হয় না। সবাই তাকে সহজেই চিনে যায় তার চঞ্চল স্বভাবের কারণে।রিহানা এবার অষ্টম শ্রেণীতে তৃতীয় হয়েছে। তাই তার ঘাড়ে এখন দায়িত্ব অনেক বেশি। তাকে তার মা বিভিন্ন জায়গায় কোচিং করাচ্ছেন। এক কোচিং-স্যারের বাসা থেকে নিয়ে যাচ্ছেন আরেক কোচিং-স্যারের বাসায়। এভাবেই রিহানার সারা দিন কাটে। তাই তার মন খুব খারাপ। সে একটুও অবসর পায় না। আবার এদিকে তার মাও খুব কড়া স্বভাবের। তাই সে কোনো উপায় খুঁজে না পেয়ে এ সবকিছু সহ্য করে।এর মধ্যে রিহানা একদিন জ্বরে আক্রান্ত হলো। চিকিৎসক দেখালে ধরা পড়ে টাইফয়েড জ্বর। প্রায় এক মাস সে এই জ্বরে ভুগল। তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও শরীর একটু দুর্বল থেকে গেল। অথচ সামনেই তার প্রথম সাময়িক পরীক্ষা। অসুস্থ থাকায় এত দিন সে পড়ালেখা করতে পারেনি। এখন সে বই নিয়ে বসতেই দেখল তার অনেক সিলেবাস বাকি। রিহানার তো মাথায় হাত! কী করবে এখন সে? মাকে বলায় তিনি অনেকটা রাগ করে ওকে বললেন, ‘যখন সুস্থ ছিলি, তখন কেন পড়িস নাই?’ এই কথা শুনে রিহানা মনে খুব দুঃখ পেল।ওদিকে তাদের স্কুলে তখন পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। রিহানা খুব ভয়ে ভয়ে প্রথম সাময়িক পরীক্ষা দিল। সে বাসায় এমন ভাব করল, যেন তার পরীক্ষা খুব ভালো হয়েছে। তবে আসলে তার পরীক্ষা খুব একটা ভালো হয়নি। তার রেজাল্ট শিট হাতে পাওয়ার পর মা চোখ বড় বড় করে বললেন, ‘এই কি তোর রেজাল্ট? তুই না বলেছিলি তোর পরীক্ষা ভালো হয়েছে?’ ধমকে উঠলেন রিহানার বাবাও। রিহানা ভাবেনি, তার বাবা তাকে এভাবে বকা দেবেন। মা-বাবা দুজনই অনেকক্ষণ বকাঝকা করার পর তারা তাদের ঘরে চলে গেলেন। পরিবেশ আপাতত শান্ত হলো। কিন্তু তার মনে প্রশ্ন জাগল, মা-বাবা কেন বুঝলেন না যে সে অসুস্থ ছিল বলেই পরীক্ষার রেজাল্টের এই দশা! ফলে রিহানার মনে ধীরে ধীরে অভিমান, ক্ষোভ জমতে শুরু করল। সে কাউকে কিছু বলতে পারল না। তার স্কুলের বন্ধুদেরও লজ্জায় এ কথা বলতে পারল না। পারল না, তারা আবার কী ভাববে সেই সংকোচ থেকে। এবার রিহানার মা তাকে আরও একটা নতুন কোচিংয়ে ভর্তি করালেন। অসুখ সারতে না সারতেই বাইরে আবার দৌড়াদৌড়ি! রিহানা ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে উঠতে শুরু করল। বাইরে থেকে কেউ সেটা বুঝতে পারল না। রিহানার প্রথম সাময়িক ফলাফল খারাপ হওয়ার পর তার মা-বাবা তার সঙ্গে ভালোমতো কথা বলেন না। তার মা এখন তাকে অনেক বেশি শাসন করেন। টিভি পর্যন্ত দেখতে দেন না। বাইরে যেতে দেন না। তার কোনো কাজই কেউ পছন্দ করেন না। সে তার মনের ক্ষোভগুলো কারও সঙ্গে শেয়ার করতে পারে না। ফলে তার মনের ক্ষোভ-দুঃখ তার মনেই জমা হতে থাকে। সব মিলিয়ে রিহানা এখন খুব অসহায় বোধ করে।এদিকে রিহানার ভাই ভার্সিটিতে খুব ভালো ফল করছে। রিহানার মা-বাবা তাকে খুবই আদর করেন। রিহানা বুঝতে পারে, তার মা-বাবা তার প্রতি এখন আগের মতো আর মনোযোগী নন। আগের মতো তাকে আর আদর করা হচ্ছে না। ফলে রিহানা এখন বাসার কারও সঙ্গে তেমন করে আর কথা বলে না। সে একা একা কাঁদে। নিজের সঙ্গে নিজেই কথা বলে। আবার নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। এখন তার চঞ্চল ভাব অনেকটা কমে গেছে। এখন প্রতিদিন তার স্যার, স্কুল আর কোচিংয়ের পড়া শেষ করতে করতেই রাত প্রায় দুটো বেজে যায়। আর পড়া শেষ না করলে মায়ের কাছে স্যারদের নালিশ তো লেগেই আছে।প্রতিদিনের মতো সেদিনও রাতে রিহানা পড়ছে। রাত তখন একটার মতো। বাসার আর সবাই ঘুমে। কী হয়, হঠাৎ করেই তার মাথায় প্রচণ্ড চক্কর দিয়ে উঠল। সে স্থিরভাবে বসে থাকতে পারল না নিজের চেয়ারে। তার মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। সে কেবল দুবার ‘আম্মু’ বলে চিৎকার করে ওঠার পর চেয়ার থেকে পড়ে গেল।তারপর?‘টিংটং’ করে রিহানাদের বাসার কলবেল বেজে উঠল। তার বান্ধবীরা এসেছে তার সঙ্গে দেখা করতে। তারা তার মাকে বলল, ‘আন্টি, শুনলাম রিহানা অসুস্থ। তাই তাকে দেখতে এসেছি। ও কোথায়?’‘রিহানা তো এখানে নেই!’ অনেকটা ভাঙা ভাঙা গলায় বললেন তার মা। বান্ধবীরা বলল, ‘ও এত সকালে কোথায় গেছে, আন্টি?’ রিহানার মা ভারী গলায় বললেন, ‘চলো, তোমরা আমার সঙ্গে।’ বাসার সামনে থেকে সিএনজি অটোরিকশা নিয়ে চলল রিহানার মা এবং তার চার বান্ধবী। অটোরিকশাচালক কিছু দূর আসার পর তার মা বললেন, এখানে থামান।সিএনজি থেকে নামল তারা সবাই। রিহানার মা তাদের বলল, ‘রিহানা এখন এখানে থাকে।’তার বান্ধবীরা ব্যাপারটা বিশ্বাসই করতে চাইল না। সিএনজি থেকে নেমে তারা দেখল, যেখানে তারা দাঁড়িয়ে তার সামনে একটা বড় সাইনবোর্ড। তাতে লেখা: ‘নিশিথা মানসিক হাসপাতাল।’হায় রিহানা! নবম শ্রেণী, বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়।