তারাও প্রযুক্তি ব্যবহার করে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ মানুষই মনে করে মানবজাতিই শুধু প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহার করে। কিন্তু প্রাণিজগতের কিছু কিছু পশুপাখির ক্ষেত্রবিশেষ আচরণে এ দাবি পুরোপুরি ধোপে টেকে না। এরাও কাজের সুবিধার্থে কখনো সখনো ব্যবহার করে সরল কিছু যন্ত্রপাতি। যেমন: বিষপিঁপড়া পানি শোষণ ও তা নিজের বাসস্থানে নিতে শৈবালজাতীয় উদ্ভিদ ব্যবহার করে। সামুদ্রিক ভোঁদর যেমন ঝিনুকের খোলস ভাঙতে পাথর ব্যবহার করে। এসব থেকে কী বোঝা যায়? এসব প্রাণীও প্রযুক্তি আবিষ্কারক? তবে প্রশ্নটির উত্তর পাওয়া অত সহজ না। কারণ, আমরা কোনো ভোঁদর কিংবা পিঁপড়াকে জিজ্ঞেস করতে পারি না সে কোত্থেকে শৈবাল বা পাথরের ব্যবহার শিখল? তারা কি জন্ম থেকেই এসবের ব্যবহার জানত, নাকি নিজের পূর্ববর্তী প্রজাতিকে দেখে তা শিখল? পিঁপড়া কিংবা ভোঁদরের কথা না হয় বাদই দিলাম। শিম্পাঞ্জি, সেও তো তার প্রিয় খাবার উইপোকা ধরতে লাঠি ব্যবহার করে। এ লাঠি সে জোগাড় করে গাছের ডাল ভেঙে। ডালটির পাতা এবং অপ্রয়োজনীয় আশপাশের ছোট শাখাগুলো ভেঙে একে একটি সরল লাঠিতে পরিণত করে। তারপর সতর্কতার সঙ্গে উইয়ের ঢিবিতে ঢোকায়। বোকার মতো উইগুলোও কাঠের গন্ধ পেয়েই ডালটাকে জেঁকে ধরে। শিম্পাঞ্জিটি যখন লাঠিটা তুলে আনে, তখন সেটার গা মজাদার উইপোকায় ঢাকা থাকে। আর শিম্পাঞ্জি সেগুলো চেটেপুটে খায়। তারপর ধরো দাঁড়কাকের কথা। তোমরা চারপাশে হরহামেশাই নিশ্চয়ই এ পাখিটির দেখা পাও। হয়তো ওর কালো চেহারা দেখে তেমন ভালোও লাগে না তোমাদের। কিন্তু এ পাখিটিও বেশ বুদ্ধি রাখে ঘটে। কাজ হাসিলের জন্য এরাও দক্ষতার সঙ্গে তাদের প্রযুক্তিগত বুদ্ধি ব্যবহার করে। যেমন ধরো, কোনো একটা কার্নিশ থেকে দড়ি বেঁধে এক টুকরো মাংস ঝুলিয়ে দিলে। এমনভাবে তা ঝোলালে যেন উড়ে এসে দাঁড়কাকটি ছোঁ মেরে তা না খেতে পারে। খেতে হলে মাংসের টুকরাটি টেনে কার্নিশে তুলে তারপর খেতে হবে। পরিস্থিতিটা আরও জটিল করতে দড়িটাকে এতটা লম্বা করে দাও যাতে একবারে না কয়েক দফায় টেনে টেনে কার্নিশ পর্যন্ত তুলতে হয় ওটাকে। প্রথমবার কাকটা অবশ্য ছোঁ মেরেই মাংসটা নেওয়ার চেষ্টা চালাবে। যখন পারবে না, দেখবে ও গিয়ে কার্নিশের ওপর বসছে। তারপর নিজের পায়ের ধারালো নখওয়ালা আঙুলগুলো ব্যবহার করে এক দফা দড়িটি টেনে তুলবে। ওই কিস্তি যাতে আবার নিচে নেমে আগের অবস্থানে না যেতে পারে তাই টেনে তোলা দড়িটুকু কাকটা তার চঞ্চুু দিয়ে কামড়ে ধরে আরেক প্রস্থ দড়ি টেনে তুলবে। এভাবে ধীরে ধীরে নিজের নখ, চঞ্চু ব্যবহার করে মাংসের টুকরাটি সে কার্নিসের ওপর তুলে নেবে। পশুপাখির এ রকম আচরণ দেখে কী সিদ্ধান্ত নেবে তা তুমিই ভাব। তবে মানুষের মতো জটিল যন্ত্রপাতি আবিষ্কার করতে না পারলেও নিজের ন্যূনতম প্রয়োজন মেটাতে তারাও যে কখনো কখনো আবিষ্কারকের ভূমিকা নেয় তা কিন্তু প্রমাণিত| ইসরাত জাহান