ইশকুলে একজন রাগী শিক্ষক থাকেন। তিনি কখনো হাসেন না, গম্ভীর মুখে কথা বলেন। জলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেমন একজন রাগী, গম্ভীর মুখের শিক্ষক আছেন। শিক্ষকের নাম আবদুল আজিজ। তিনি ইংরেজি পড়ান। আজ থার্ড পিরিয়ডে চতুর্থ শ্রেণির ইংরেজি ক্লাস। আজিজ স্যার ক্লাসে এসেছেন। বাড়ির কাজ হিসেবে ১০টা ট্রান্সলেশন করতে দেওয়া হয়েছিল। স্যারের টেবিলে খাতার স্তূপ। স্যার একটা করে খাতা দেখছেন আর পাশে সরিয়ে রাখছেন। ছেলেমেয়েরা প্রায় দম বন্ধ করে বসে আছে। তাদের নিশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। স্যার যতক্ষণ কোনো প্রশ্ন করবেন না, ততক্ষণ ছাত্রছাত্রীরা প্রায় দম বন্ধ করে বসে থাকবে। স্যারের হাতে লাল কালির কলম। কোনো বাক্য ভুল হলে তিনি লাল কালি দিয়ে ঠিক করে দিচ্ছেন।
একটা খাতা স্যার লাল কালি দিয়ে ঠিক না করে ছুড়ে ফেললেন। খাতা উড়ে এসে পড়ল ক্লাসের মাঝখানে। ঘটনা কী ঘটেছে, ছেলেমেয়েরা কিছু বুঝে উঠতে পারল না। সবাই আতঙ্কিত চোখে স্যারের দিকে তাকিয়ে থাকল।
গমগমে গলায় স্যার বললেন, ‘সব কয়টা ভুল। কোন গরুর খাতা এটা?’
খাতা উড়ে গিয়ে যাদের কাছে পড়েছে, তারা হুমড়ি খেয়ে পড়ল। বোঝার চেষ্টা করছে কার খাতা। ভয়ে অন্যদের বুক শুকিয়ে কাঠ। এখনই শুরু হবে কঠিন শাস্তি। হাতের তালুতে ডাস্টার দিয়ে মারা হবে। স্যার কতটা রেগেছেন, তার ওপর নির্ভর করছে শাস্তির ধরন আর মেয়াদ। বেশি রেগে গেলে টেবিলের নিচে মাথা দিয়ে উবু করে রেখে দিতে পারেন। স্যারের চেহারা দেখে মনে হচ্ছে
বেশি রেগেছেন।
‘স্যার, আসতে পারি?’
মনে হলো ক্লাসে বোমা ফেটেছে। দরজার কাছে দাঁড়িয়ে আছে বিল্টু। সে ক্লাসে ছিল না, কেউ খেয়াল করেনি। আজিজ স্যারের ক্লাসে কেউ বাইরে থাকতে পারে, এটা ছেলেমেয়েরা কখনো ভাবতে পারে না। আর কোনো কারণে বাইরে থাকলেও স্যারের ক্লাসের মাঝখানে আসবে না। আসবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর।
সবাই বিল্টুর দিকে তাকিয়েছে। স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন। বিল্টু বুকের কাছে দুহাত জড়ো করে ধরে রেখেছে। হাতের ভেতর দিয়ে পাখির মাথা দেখা যাচ্ছে। ক্লাসের সবাই বিস্মিত হয়ে দেখল, বিল্টু পাখির ছানা ধরে নিয়ে এসেছে।
স্যার গম্ভীর গলায় বললেন, ‘আয়।’
বিল্টু ভেতরে এল। স্যার বললেন, ‘ঘটনা কী?’
বিল্টু বলল, ‘স্যার, ছুটি লাগবে। বাসায় যাব।’
প্রায় নিশ্বাস বন্ধ করে সবাই তাকিয়ে আছে। বিল্টু পাখি ধরে এনে স্যারকে বলছে ছুটি দিতে, সে বাসায় যাবে! বলছে আজিজ স্যারকে! কী অসম্ভব ব্যাপার। বিল্টুর সাহস তাদের কাছে দুঃসাহস বলে মনে হলো।
হঠাৎ ছেলেমেয়েরা খলবল করে উঠল। তাদের দারুণ আনন্দ হচ্ছে। একটা মেয়ে দাঁড়িয়ে পড়েছে। গোল মুখ। চোখে ভারী গ্লাসের চশমা। দুই বেণি করে বাঁধা চুল। তার নাম অহনা। স্যার বললেন, ‘কী নাম হবে পাখিটির?’ অহনা বলল, ‘স্যার, আপনার হাতে রক্ত। পাখির গায়ে ছিল। মুছে দেব?’
বিল্টু বলল, ‘স্যার, পাখিটার অবস্থা ভালো না। ইশকুলের বারান্দায় বুলবুলি বাসা বানিয়েছে। বুলবুলির বাচ্চা কীভাবে যেন পড়ে গেছে বাসা থেকে। কুকুর তাকে কামড়ে ধরেছিল। তারপর মুখে নিয়ে দৌড় দিয়েছে। কুকুরের পেছন পেছন দৌড়ে গিয়ে পাখিটা নিয়ে এসেছি। দাদি পাখির ওষুধ জানেন। বুলবুলির এই বাচ্চাকে দাদির কাছে নিয়ে যেতে হবে।’
বিল্টু হাঁপাচ্ছে। সবাই বড় বড় চোখে তাকিয়ে আছে বিল্টুর দিকে। স্যার বললেন, ‘টেবিলের ওপর রাখ।’
বিল্টু হাত থেকে পাখিটি টেবিলের ওপর রাখল। পাখির ছানার ছোট্ট শরীর কাঁপছে। স্যার পাখির ছানার চোখের দিকে তাকালেন। ডানার ওপর আলতো করে হাত ছোঁয়ালেন। পাখির ডানায় রক্ত লেগে আছে।
স্যার গম্ভীর গলায় বললেন, ‘তোর আজ ছুটি। পাখিটা নিয়ে দৌড়ে দাদির কাছে যা।’
ক্লাসে প্রায় দম আটকে বসে থাকা ছেলেমেয়েরা ফস করে বুকের ভেতর আটকে
থাকা দম ছেড়ে দিল। বুক ভরে শ্বাস টেনে নিল।
অতি আশ্চর্যের ঘটনা। আজিজ স্যারের গলা
গম্ভীর কিন্তু মোলায়েম।
বিল্টু হাতের ভেতর পাখির বাচ্চা তুলে নিয়ে দৌড় শুরু করল। ইশকুল মাঠের কোনাকুনি চিরে দৌড়ে যাচ্ছে বিল্টু। সে যাচ্ছে দাদির কাছে।
আজিজ স্যার ক্লাসের সবার দিকে তাকালেন। স্যারের চোখভরা আদর। নরম গলায় স্যার বললেন, ‘বিল্টুর পাখির নাম রাখা দরকার। কী নাম রাখা যায়, বল তো?’
হঠাৎ ছেলেমেয়েরা খলবল করে উঠল। তাদের দারুণ আনন্দ হচ্ছে। একটা মেয়ে দাঁড়িয়ে পড়েছে। গোল মুখ। চোখে ভারী গ্লাসের চশমা। দুই বেণি করে বাঁধা চুল। তার নাম অহনা।
স্যার বললেন, ‘কী নাম হবে পাখিটির?’
অহনা বলল, ‘স্যার, আপনার হাতে রক্ত। পাখির গায়ে ছিল। মুছে দেব?’
একটি ছেলে দাঁড়িয়ে আছে। আজিজ স্যার তার দিকে তাকিয়েছেন।
ছেলেটি বলল, ‘স্যার, পাখির নাম “তিতিই” রাখা যায় না?’
ছেলেটির হাতে স্যারের ছুড়ে দেওয়া খাতা। নিজের খাতা। সে সব কটি ট্রান্সলেশন
ভুল করেছে।
অহনা এসে রুমাল দিয়ে স্যারের হাতে লেগে থাকা রক্ত মুছে দিল।
আজিজ স্যার বললেন, ‘পাখির নাম পছন্দ হয়েছে—তিতিই।’
বিল্টু তখন তিতিইকে নিয়ে ছুটে দাদির কাছে চলে গেছে। চিকিৎসা শেষে পাখির ছানাকে বাসায় পৌঁছে দিতে হবে। সেখানে তার মা আছে।