তিতিরের স্কুলে যেতে দেরি হয়
তিতির স্কুলে যায়। স্কুলে সে রোজ যায়, তবে কোনো দিন সে সময়মতো পৌঁছাতে পারে না। কারণ, স্কুলে যাওয়ার পথে তার সঙ্গে অনেকের কথা হয়, দেখা হয়, নানা কাণ্ড হয় মাঝপথে। সে কিছুতেই তাদের ছেড়ে সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না। সেদিন সে যাচ্ছিল বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে। কেবল বাসা থেতে নেমেছে, পথে ছোট্ট আমগাছ থেকে দুটো কাঠবিড়ালী ওকে দেখে ভেংচি দিয়ে লেজ উঁচিয়ে চলে গেল। তিতির বাবাকে বলল, ‘দেখেছ বাবা, কাঠবিড়ালীর কাণ্ড? কেমন বেয়াদব? আমাকে দেখে ও ভেংচি দিচ্ছে। তুমি দাঁড়াও, আমি ওর লেজ ছিঁড়ে নেব।’বাবা বলল, ‘না, এখন না, বাড়ি ফেরার পথে ওর লেজ ছিঁড়ে নিয়ো।’ কে কার কথা শোনে! ও তরতর করে আমগাছ বেয়ে ওপরে উঠে পড়ে। বাবা বারবার ডেকে ডেকে কোনো উপায় না পেয়ে নিজেও উঠে পড়েন গাছে। কোলে করে নামিয়ে আনেন ওকে। ও তখনো বলে চলেছে, ‘না, ওর লেজ আমি ছিঁড়ে নেবই। তোমার জন্য হলো না, তুমি একটা বোকা। পরে কি ওকে পাব?’মেহগনির নতুন কচি পাতায় সবুজ হয়ে গেছে পুরো পথ। মেহগনির ছোট ছোট নাকফুল রাস্তাটিকে গালিচা বানিয়ে ফেলেছে। কোকিল ডাকছে মগডাল থেকে। হঠাৎ তিতির বাবাকে বলে, ‘আচ্ছা বাবা, এসব নাকফুল তুমি গুনতে পারো? কত হবে বলো তো? পাঁচ হাজার তো হবে, তাই না?’বাবা বলে, ‘তুমি জিজ্ঞেস করে আবার তুমিই উত্তর দিলে আমি আর কী বলব?’‘ঠিক আছে, তোমাকে বলতে হবে না। তুমি বলো, এই যে থোকা থোকা গোলাপি ফুল ফুটেছে ওই লম্বা গাছটায়, ওর নাম কী?’বাবা বলল, ‘আমি জানি না মা।’ তিতির বলল, ‘তাহলে আমি আজ আর স্কুলে যাব না। তোমাকে বলতেই হবে।’বাবা বললেন, ‘আচ্ছা কালকে বলব।’ফুলটার নাম আসলে ওর বাবা জানতেন না। এ সময় কোনো গাছে সাধারণত ফুল থাকে না। এটার নাম তিনি কখনো শোনেননি। চারটা ঘুঘু রাস্তায় ও আশপাশে ঘুরে ঘুরে পাথর খাচ্ছিল। ওদের স্কুলে যাওয়া দেখে আর হয়তো গল্প শুনে ওরা বারবার ওদের দিকে তাকাচ্ছিল। তিতির বলে, ‘পাখিরা কি আমাদের কথা বুঝতে পারে বাবা?’বাবা বললেন, ‘না, পাখিরা আমাদের কথা বুঝতে পারে না।’‘তাহলে ওরা নিজেরা নিশ্চয়ই কথা বলে। সে কথা কি আমরা বুঝতে পারি?’বাবা সাধারণত মেয়ের কথায় কখনো রাগেন না। তবে অবিরাম বকবক শুনতে শুনতে মাথা ধরে যায়। তিতিরের এই কথা শুনে বাবা বললেন, ‘তুমি তো আজও সময়মতো স্কুলে যেতে পারবে না। টিচার তোমাকে বকবে।’তিতির বলে, ‘শেনো বাবা, টিচার বকবে না। আর আমার খুব জানতে ইচ্ছে করে, পাখিরা কীভাবে ওড়ে। আমি যদি পাখি হতে পারতাম! আচ্ছা বাবা, পাখিদের মতো আমাদের পাখা লাগিয়ে নিলে আমরা তো উড়তে পারি, তাই না বাবা?’‘সে চেষ্টাও মানুষ করেছে অনেকবার, সফল হয়নি। তোমাকে তো রাইট ভাইদের কথা বলেছি। অবশ্য এভাবে মানুষ বিমান আবিষ্কার করেছে।’ঘুঘু চারটে ততক্ষণে উড়ে চলে গেছে অন্য কোথাও। তিতিরের মন খারাপ হয়। আরও তিন-চারজন ছেলেমেয়ে ওদের পেছনে এসে ওদের সঙ্গে যোগ দেয়। ওরাও দেরি করে ফেলেছে। তিতিরের সহপাঠী আনিকাকে দেখে তিতির উৎফুল্ল হয়ে ওঠে। ওরা খোশগল্পে মেতে উঠলে বাবা কিছুটা হালকা বোধ করেন। স্কুলের গেটে পৌঁছে দিয়ে বাবা অফিস চলে যান।রোববার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল তিতির। বড় পুকুরটা পার হলেই পাড়ার ডগির সাথে দেখা। ডগিকে দেখে তিতিরের আনন্দ আর ধরে না। ওর মুখে কথার খই ফোটে, ‘জানো বাবা, ডগি না তিনটে বাচ্চা দিয়েছে। ওদের বাবাকে তো দেখি না। সে গেছে কোথায়? নাকি ওদের বাবা নেই? আমি কার পেটে হয়েছি? তোমার, না মায়ের পেটে? ডগির না খুব কষ্ট। সারাক্ষণ বাচ্চাদের দেখাশোনা করতে হয়।’বাবা কী বলবেন ভেবে না পেতেই তিতির আবার বলে, ‘কে যেন ডগির লাল বাচ্চাটাকে লাঠি দিয়ে মেরেছে। আচ্ছা বাবা, ডগি তো কালো, তবে ওর বাচ্চাগুলো লাল-সাদা হলো কী করে? বলো না বাবা?’ বাবা বলে, ‘এটা তোমাকে বোঝানো মুশকিল?’‘কেন মুশকিল?’বাবা কোনো উপায় না পেয়ে বলেন, ‘রক্তের মধ্যে নানা রং লুকিয়ে থাকে, জন্মের সময় যে রং মেশে, বাচ্চা সে রঙের হয়।’বোঝা যায়, সে সন্তুষ্ট নয়। তবে কিছুক্ষণ মাথা নেড়ে একটু চুপ হয়ে যায়।ময়লা আর পানির ড্রেন থেকে বিশ্রী গন্ধ আসে। একটা রিকশায় করে একজন লোক ভীষণ জোরে নেতার বক্তৃতা মাইকে বাজিয়ে চলেছে সকাল বেলায়। নেতার গলার আওয়াজে মাইকের অবস্থা খারাপ হবে মনে হচ্ছে। তিতির বলে, ‘বাবা, কে বক্তৃতা করে?’বাবা বলেন, ‘নেতা।’তিতির বলে, ‘নেতারা কি সবাই চিৎকার করে কথা বলে?’বাবা বলেন, ‘হ্যাঁ।’যেতে যেতে সেই থোকা থোকা ফুলের গাছটার কাছে ওরা পৌঁছে যায়। তিতির বলে, ‘বাবা, বলো ওই ফুলের নাম কী?’বাবা জানতেন, মেয়ের মনে কিছুই হারায় না। তাই বিশ্ববিদ্যালয়ের বন বিভাগে ফোন করে ফুলের নামটা জেনে নিয়েছিলেন গতকাল। বললেন, ‘এই ফুলের নাম মেডুসা।’তিতির ফুল ও ফুলগাছের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর বিজ্ঞের মতো বলে, ‘বাবা, গাছের গোড়ায় যে গর্ত দেখা যায়, তার ভেতর দিয়ে কি রাক্ষসদের দেশে যাওয়া যায়? কিংবা পাতালপুরি?’বাবার যেন কী হলো, বললেন, ‘যাওয়া যাবে না কেন, যায়।’তিতির দেরি না করেই বলল, ‘তাহলে চলো যাই বাবা?’বাবা পড়লেন মহা বিপদে। বুদ্ধি করে বললেন, ‘আজ আর যাব না, আজ তো খালি হাতে এসেছি। অন্য দিন যাব, সেদিন রাক্ষস মারার যন্ত্র নিয়ে আসব। আজ চলো স্কুলে যাই।’তিতির বলে, ‘না বাবা, আজ আর স্কুলে যাব না। আজ তুমি আর আমি চড়ুই পাখি ধরতে যাব। ঠিক আছে বাবা?’বাবা বলেন, ‘না, কিচ্ছু ঠিক নেই। মাকে গিয়ে কী বলবে? মায়ের কাছে অনুমতি নিয়ে কাল যাব।’তিতির মাথা নাড়ায়, তবে বোঝা যায় সে খুব খুশি নয়। সে বলে, ‘জানো বাবা, কালকে স্কুলে গিয়ে কী হয়েছিল? কালও আমার দেরি হয়েছে। টিচার বলেছে, বারান্দায় দাঁড়িয়ে থাকো। ক্লাসে ঢুকতে দিলে কী হয় বাবা?’বাবার মন খারাপ হয়ে যায়। বলেন, ‘আর কখনো দেরি করে যাবে না, বুঝেছ?’তিতির কিছু বলে না। সে দেবদারু আর জারুলের ঘন সবুজ পাতার দিকে তাকিয়ে থাকে। তারপর বাবাকে বলে, ‘বাবা, স্কুলে না গেলে কি লেখাপড়া হয় না? লেখাপড়া না শিখলে কী হয়?’বাবা বেশ হাসিখুশি নিয়ে বলে, ‘সেকি কথা মা, টিচার একদিন বকেছে বলে এত মন খারাপ? তোমাকে তো টিচার কত আদর করে, ছবি আঁকিয়ে দেয়, কত্ত গল্গ করে।’তিতির বলে, ‘হ্যাঁ বাবা, বাংলা স্যার না গল্পের রাজা, ঠিক মায়ের মতো। মা যেমন রোজ গল্প করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, টিচারও তেমনি প্রতিদিন ছুটির আগে আমাদের গল্প শোনায়।’সেদিন আর কারও সঙ্গে দেখা হলো না। হয়তো সবাই স্কুলে চলে গেছে। স্কুলের মাঠে উঠতেই তিতিরের কাঁধে একটা বর্ণিল প্রজাপতি বসল। ও বলল, ‘দেখছ বাবা, ওকে নিয়ে কাল আমি আর ভাইয়া গান করেছি না, আজ আবার গান শুনতে এসেছে।’বাবা বলল, ‘ঠিক আছে, শুনিয়ে দাও।’ তিতির তখন স্কুলের ব্যাগটা বাবার কাছ থেকে নিয়ে স্কুলের গেটের দিকে হাঁটতে থাকে আর গাইতে থাকে, ‘প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?’ বাবা প্রজাপতির মতো ডানা মেলে উড়ে চলা মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিতির স্কুলের গেটের ভেতর ঢুকে পড়ে। বাবার তবু যেতে ইচ্ছে করে না। আজও তো মেয়েটা দেরি করে ফেলল। আজও কি টিচার ওকে বকবেন?ওর কাঁধে কি প্রজাপতিটা এখনো আছে? প্রগলভা মেয়েটার কথা ভাবতে ভাবতে বাবা অফিসের দিকে হাঁটতে শুরু করেন।