তিন ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ইঁদুরের মধ্যে দোস্তি। একটি শহুরে, একটি গেঁয়ো, একটি জঙ্গুলে। গেঁয়ো আর জঙ্গুলে একদিন শহুরের বাড়িতে বেড়াতে এল। শহুরে ইঁদুর থাকে এক বড়লোকের বাড়িতে। গেঁয়ো আর জঙ্গুলে গিয়ে দেখে, ভাঁড়ার ঘরের পাশে পড়ে থাকা একটি খালি কার্টনের ভেতর দারুণ একখান বাসা বানিয়েছে শহুরে। একপাশে কাগজ কুচি কুচি করে স্তূপ করেছে সে। তার ওপর এক পরত মখমল কুচি বিছিয়ে বিছানা তৈরি করা হয়েছে। ওই বিছানার ওপর খানিকক্ষণ তিড়িংবিড়িং নেচে বেড়াল শহুরে ইঁদুরের দুই বন্ধু। তারপর ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে নিতে তারা বলল, ‘ও শহুরে ভাই, বেশ আছো দেখছি। কেমন খাসা একখান বাসা বানিয়ে নিয়েছো! খাওয়া-দাওয়ারও অভাব নেই। খাওয়ার ঘরটায় একটুখানি চক্কর দিলেই কত খাবার। বাড়ির পোষা বিড়াল দেখলাম আরামে থাকতে থাকতে ইঁদুর মারতে ভুলে গেছে। তোমাকে আর পায় কে?’গেঁয়ো বলল, ‘আমার অবস্থা দেখো। মাটির এক সেকেলে গর্তে থাকি। শীতের সময় হিমে কাঁপতে হয়। গরমের সময় দম বন্ধ হয়ে মরার জোগাড়। আর বর্ষায় তো রীতিমতো সাঁতরাতে হয়। গর্ত থেকে বেরিয়ে যে কোথাও বসে একটুখানি নিঃশ্বাস ফেলব, সে উপায়ও নেই। যেকোনো মুহূর্তে বিড়াল এসে ঘাড় মটকে দিতে পারে। গ্রামে তো আর এখানকার মতো আরাম-আয়েশ নেই, তাই বিড়ালগুলো সব রাগ ইঁদুরের ওপর ঝাড়তে সারাক্ষণ মুখিয়ে থাকে।’জঙ্গুলে বলল, ‘সে কথা আর বলো না, ভাই। জঙ্গলের ভেতর আমার শত্রু আছে এক শ’ একটা। বনবিড়ালের উত্পাতের কথা না হয় বাদই দিলাম, কত রকমের যে সাপ আছে—কোনো হিসাব নেই তার। মাটিতে থাকলে বড় বড় জানোয়ারের পায়ের তলায় পিষে মরার ভয় যেমন আছে, গাছে থাকলে তেমনি ভয় শিকারি পাখির পেটে যাওয়ার। জঙ্গলে এভাবে পদে পদে ওত পেতে আছে বিপদ। একটি করে দিন পার হয়, আর জীবনটা যেন নতুন করে শুরু হয়। সে তুলনায় শহুরে ভাই তুমি রাজার হালে আছো।’শহুরে একগাল হেসে বলল, ‘আরামে আছি বটে, তবে এখানেও বিপদ কম নয়।’‘কেমন বিপদ বলো তো?’ একসঙ্গে জানতে উদগ্রীব গেঁয়ো আর জঙ্গুলে।এমন সময় ভয়ানক রকম কেঁপে ওঠে শহুরের বাড়ি। ভড়কে গিয়ে গেঁয়ো আর জঙ্গুলে কিঁচ-কিঁচ করে বলে ওঠে, ‘ওরে বাবা, ভূমিকম্প নাকি!’শহুরে ততক্ষণে কার্টনের এক কোণে নিজের বানানো ফুটো গলে হাওয়া। চোখের পলকে গেঁয়ো আর জঙ্গুলেও সে পথে পগার পার। এক দৌড়ে তিনটিই বারান্দার কোণে বসানো ফুলগাছের টবের পেছনে লুকিয়ে পড়ে। আড়াল থেকে ওরা দেখে, বাড়ির এক চাকর কার্টনটি তুলে নিয়ে যাচ্ছে। তা দেখে থর থর করে কাঁপতে থাকে গেঁয়ো আর জঙ্গুলে। কিঁচ-কিঁচ করে ওরা বলে, ‘বাপ্ রে, শহরে দেখছি আরও বিপদ! এখানে তো আস্ত বাড়িটাই লোপাট হয়ে যায়!’