তিনি এবং দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আঙ্কেলের মৃত্যুসংবাদটা একটা আকস্মিক ধাক্কার মতো লাগল। যখন রাতে হঠাৎ আমার এক বন্ধু আমাকে টেক্সট (মুঠোফোনের খুদেবার্তা) করল। সম্পূর্ণ গুজব সন্দেহ নেই, কিন্তু টিভি অন করে সব চ্যানেলে একই খবর দেখার পর বিশ্বাস হলো। এটা কী হলো—ভাবতে ভাবতে আমি একদম চুপ হয়ে কিছুক্ষণ বসে থাকি। এ-ই বোধ হয় নিয়ম।১৯৯৮ সালের কথা। আমার কাজিন নাজরান আমাকে জানাল, হুমায়ূন আঙ্কেলের সঙ্গে সে প্রায়ই দাবা খেলে। ওর পিছু পিছু আমারও শুরু। কিন্তু স্কুলপড়ুয়া দুই কিশোরের পক্ষে তাঁকে হারানো অত্যন্ত দুরূহ ব্যাপার। এর মধ্যে আঙ্কেল ঘোষণা দিলেন, ‘তোমাদের মধ্যে যে আমাকে হারাতে পারবে, তাকে প্রতিবারে ১০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।’ ব্যস, আমরা দুজন নিজেদের মধ্যে ধুন্দুমার দাবা-চর্চা শুরু করে দিই। আঙ্কেলকে হারাতে হবে!হুমায়ূন আঙ্কেল জানতেন, কীভাবে মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে হয়। আমাদের দাবার দক্ষতা অস্বাভাবিক গতিতে বাড়ে। কয়েক দিনের মধ্যে আমরা তাঁকে হারিয়ে দিই। একবার, দুবার এরপর নিয়মিতভাবে হারতে থাকলেন তিনি। আমরাও খুবই খুশি। আর পুরস্কারের টাকা থেকে হাতখরচেরও একটা সুন্দর বন্দোবস্ত!দু-তিন দিন পর আঙ্কেল ঘোষণা দিলেন, ‘তোমাদের কাছে হেরে হেরে ১০০ টাকা করে দিতে দিতে তো আমি ফকির হয়ে যাচ্ছি। এটাতে একটু ব্যালেন্স আনা দরকার। এখন থেকে তোমরা হারলে আমাকে ১০ টাকা দিতে হবে।’ মনে আছে, ওই দিন আমাদের কাছে টাকা ছিল না। তাই দোতলায় গিয়ে শীলা আপু ও বিপাশার কাছ থেকে আমরা দুজন দুটো চকচকে ১০ টাকার নোট নিয়ে আসি। হেরে গেলে এখান থেকে দেব।নাহ্, ওই দিন আমরা একটি খেলায়ও হারিনি। ১০ টাকার নোট দুটো আমাদের কাছেই রয়ে যায়। ডিনারের সময় ফেরত দিলে শীলা আপু বলল, ‘এগুলো দিতে হবে না। খেলায় জেতার জন্য তোমাদের পুরস্কার। শীলা আপু একটা নোটে নাজরানকে লিখে দিল, দাবা খেলায় যেন সে অনেক উন্নতি করতে পারে। অন্য নোটটাতে বিপাশা আমাকে এমন একটা কথা লিখে দিল, ভাইজানকে বকশিশ।’ দোয়া এবং বকশিশ পেয়ে আমরা মহা খুশি।পরবর্তী তিন-চার মাস দাবার বাক্স হাতে হুমায়ূন আঙ্কেলের নিত্যদিনের সঙ্গী হয়ে যাই আমরা। বাসায় মাঝে মাঝে সারা রাত দাবা চলত। এমনকি ঈদের দিনে, নুহাশপল্লীর শুটিংয়ের মাঝে, কিংবা কোনো প্রকাশকের বাসায় দাওয়াতে পর্যন্ত চলত এই নেশা। নিউমার্কেট থেকে দাবার বই কিনে আমরা নতুন নতুন কৌশল রপ্ত করতে থাকি।দাবায় তাঁর আগ্রহ ছিল—এটা আমরা দেখি অয়োময় নাটকে। (জমিদার ছোট মীর্জা দাবা ভালোবাসতেন) নুহাশপল্লীতে দাবার প্রকাণ্ড কোর্ট বানানো হয়েছে জমিদারি স্টাইলে। এ ছাড়া আরও বিভিন্ন লেখালেখিতে দাবা এসেছে। আঙ্কেল কোনো চালে আটকে গিয়ে সমাধান না পেলে প্রায়ই বলতেন, ‘এত মহা যন্ত্রণায় পড়া গেল!’ চিন্তিত মুখে কপট বিরক্তি থাকলেও এর মধ্যে একটি প্রচ্ছন্ন কৌতুক লুকিয়ে থাকত। তাঁকে কোনো চালে আটকাতে পারলে আমরা প্রায়ই বাড়ি-কাঁপানো চিৎকারে উচ্ছ্বাস প্রকাশ করতাম। তাতে তিনি বিরক্ত হতেন না কখনো, বরং আমাদের ছেলেমানুষি আচরণটা বেশ উপভোগ করতেন।