তিনি বেঁচে থাকবেন আমাদের মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর পেয়ে আমার মন খুব খারাপ হয়ে আছে। খুব মায়া লাগছে তাঁর জন্য। অনেক কষ্ট পাচ্ছি আমি। আমার পরীক্ষা চলছে। মন খারাপ করে সাময়িক পরীক্ষা দিলাম। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। তাঁর লেখা পড়ে আমি একা একা হাসতাম। তাঁর লেখা চরিত্রগুলো আমার সঙ্গে কথা বলে, দুষ্টুমি আর মজা করে। যখন আমার মন খারাপ হয়, তখন আমি তাঁর বই পড়ি, বইয়ের পাতায় তাঁর সৃষ্ট মানুষগুলোর সঙ্গে কথা বলি তখন সত্যি সত্যি আমার মন ভালো হয়ে যায়। তাঁর নাটক মানেই আনন্দ, হাসি আর রহস্য। এসব নতুন করে আর পাবনা সে কথা ভাবতেই আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকেই আমার মন ভীষণ খারাপ হয়ে আছে। মনে হচ্ছে তিনি বলছেন, ‘আমি যে মরে গেছি, আর তো লিখতে পারব না তোমাদের জন্য।’ তিনি বেঁচে থাকলেই তো আমাদের উপকার হতো বেশি। তিনি তো দিন-রাত লিখেছেন আমাদের জন্য। তাঁর লেখা পড়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অনেক দুঃখের মধ্যেও মনে শান্তি খুঁজে পেয়েছি। হুমায়ূন আহমেদকে আমি কখনো চোখে দেখিনি, তবে মনে মনে দেখেছি। তাঁর লেখা যখন পড়ি তখনই তাঁর সঙ্গে আমার দেখা হয়ে যায়। তাঁর লেখা পড়তে গেলে মনে হয়, তিনি এই লেখাটা লিখেছেন আমার জন্য, আমার মতো করে। অনেক সরল-সহজ ভাষায় মজা করে লিখেছেন তিনি। তাঁর লেখার ঘটনার সঙ্গে আমিও মিশে যাই। প্রথম ভালোবাসি তাঁর লেখাকে পরে আপনাআপনি ভালোবেসে ফেলি লেখককে। তাঁর লেখাগুলো যেমন আমার মনের মাঝে আছে, তেমনি লেখকও আছেন আমার মনের ভেতরে। এখন লেখাগুলো আগের মতোই আছে। আর লেখক হুমায়ূন মারা গেলেন। আমার বিশ্বাস তিনি মারা গেলেও কোটি কোটি মানুষের মনে বেঁচে থাকবেন তাঁর লেখনী দিয়ে। আমাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদ অমর।সুমাইয়া বরকতউল্লাহ্