তিরন্দাজ আর লড়াকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক মাছই শিকার করে খায়। যেমন বোয়াল। ছোটখাটো মাছ বা ব্যাঙের মতো প্রাণী বাগে পেলে ঘপাৎ করে গিলে ফেলে। কিন্তু তির ছুড়ে শিকার করা মাছের কথা জানে কজন?এই মাছটি হচ্ছে আর্চারফিশ বা তিরন্দাজ মাছ। জন্ম থেকেই তির ছোড়ার গুণটি নিয়ে আসে তিরন্দাজ মাছ। পানির ওপর নুয়ে পড়া গাছের ডাল বা জলজ উদ্ভিদের গায়ে বসে থাকা পোকামাকড় শিকার করতে তির ছোড়ে ওরা। এ ক্ষেত্রে ধনুক হচ্ছে ওদের মুখ, আর তির হলো পানি। ছোটখাটো পোকা থেকে প্রজাপতি পর্যন্ত শিকার করে থাকে তিরন্দাজ মাছ। মুখ ভরে পানি নিয়ে শিকার তাক করে পিচকারির মতো পিচিক করে পানি ছোড়ে ওরা। নিশানা একদম ঠিক। পানির তির খেয়ে পোকা ছিটকে পড়ে পানিতে। তখন পোকাটাকে মজা করে খায় তিরন্দাজ মাছ। প্রায় দেড় মিটার (পাঁচ ফুট) দূর থেকে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারে তিরন্দাজ মাছ। কোনোটির তিরে একসঙ্গে বেশ কয়েক ফোঁটা পানি থাকে। কোনোটি বা এক ফোঁটা পানি ছুড়েই কাজ সারে। এই দাপুটে মাছটি কিন্তু আকারে তেমন বড় নয়। প্রজাতি ভেদে মাছগুলো পাঁচ থেকে ১০ সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে। সবচেয়ে বড়টি ৪০ সেন্টিমিটারের মতো হয়। দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকার লোনা জলে এসব মাছের বাস। দেখতে বেশ সুন্দর। এর মধ্যে হলদেটে শরীরে কালো ডোরাকাটা ব্যান্ডেড আর্চারফিশ সবচেয়ে সুন্দর।ভয়ংকর এক লড়াকু মাছ হচ্ছে ‘সিয়ামিজ ফাইটিং ফিশ’। থাই নাম ‘ইকান বেটাহ’ থেকে মাছটি এ নাম পেয়েছে। থাই ভাষায় এ নামের অর্থ হচ্ছে—‘কামড়ানো মাছ’। খুদে এই মাছটি চোখজুড়ানো বাহারি রঙের অধিকারী। ২৫টির বেশি বিভিন্ন রঙে মাছটি পাওয়া যায়। মাংসাশী এই মাছটির মূল আবাস থাইল্যান্ডের মেকং নদী। এই নদী অবশ্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং চীনের মধ্য দিয়েও চলে গেছে। দেখতে সুন্দর হলে কী হবে, বেজায় মারকুটে স্বভাব মাছটির। দুটি পুরুষ মাছকে একসঙ্গে রাখলে তা ভালো করে বোঝা যাবে। একটি অপরটিকে ঘায়েল না করা পর্যন্ত চলতে থাকে ওদের লড়াই। মাছটি ছয় থেকে আট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বাঁচে দুই থেকে পাঁচ বছর। মজার ব্যাপার হলো, স্ত্রী মাছটি ডিম ছাড়ার পর পুরুষ মাছ সেটিকে তাড়িয়ে দেয়। মুখ থেকে লালা বের করে একধরনের ভাসমান বুদবুদের বাসা তৈরি করে সেখানে ডিম রাখে পুরুষ মাছ। পোনা বের না হওয়া পর্যন্ত এই নির্মম মাছটি দরদি বাবার ভূমিকা পালন করে।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: লাইফস্টাইল লাউঞ্জ ও অ্যানিমেল প্ল্যানেট অনলাইন।