তুচ্ছ জিনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

তুচ্ছ বলে ভাবো যাকে তুচ্ছ সে তো নয়,
তুচ্ছ জিনিস—তারও মূল্য উচ্চ অতি হয়।
সামান্য এক জিনিস নিয়ে ঘটল সেদিন কী যে—
শোনা কথা নয় কো মোটে, দেখেছি তা নিজে।
মোরগ-পোলাও খেয়ে দাদু খুশিতে বাগবাগ,
কথায় কথায় হাসেন তিনি, করেন না আর রাগ।
খাওয়ার পরে নিজের ঘরে পান খেতে যেই গেলেন,
হাতের কাছে বাটাভরা পান-সুপুরি পেলেন—
সাজির মধ্যে খুঁজে খুঁজে পেলেন নাকো চুন,
রাগের চোটে অমনি দাদুর চড়ল মাথায় খুন।
ঘরের মধ্যে লেগে গেল প্রচণ্ড হইচই,
গর্জে উঠে বলেন তিনি, চুনের কৌটা কই!
এত্ত বড় ভোজ খেয়েছি, খেলাম নাকো পান,
ওরে তোরা কোথায় আছিস চুনের কৌটা আন।
দাদি গেলেন দাদার ঘরে হন্তদন্ত হয়ে,
আমরা সকল নাতি-নাতনি গেলাম ভয়ে ভয়ে।
কাণ্ড দেখে দাদি বলেন রেগেমেগে ভারি,
হাঁদার মতো চেঁচাও কেন মাথায় তুলে বাড়ি।
দাদির কথা শুনে তখন আমরা হাসি হি হি—
দাদা বলেন, হাসছ কেন করো জবাবদিহি।
আমরা কি আর ওসব শুনি, চুনের কৌটা খুঁজি,
বালিশ-কাঁথা উল্টে দেখি—পেয়ে গেলাম বুঝি।
কৌটা খুঁজি খাটের তলায়, আলমারিটার নিচে,
খুঁজতে খুঁজতে আমরা চলি দাদির পিছে পিছে।
শেষে ওটা পাওয়া গেল ছোট্ট বারান্দাতে
রোদুমণির হরেক রকম খেলনাপাতির সাথে।
ঘটে গেল এই যে ঘরে এত হুলুস্থুল,
দাদা কিন্তু রোদসীকে দোষেননি একচুল।
মুচকি হেসে বলেন তিনি, কীর্তি বটে রোদুর—
বুঝিয়ে দিল তুচ্ছ চুনও কেমন মিষ্টি-মধুর।