তুলিরবন্ধু
এত সুন্দর ফুলগুলো মাটিতে লুটিয়ে নষ্ট হয়ে যাবে! একটা মালাও গাঁথা হবে না! তাও কি হয়! ভাবতে ভাবতে তুলি ফুলগুলো কুড়িয়ে নেয়। জামার কোঁচড়ে ফুলগুলো জমাতে থাকে। বকুল ফুলের মিষ্টি গন্ধে তুলির জামা থেকেও মিষ্টি গন্ধ ছড়াতে থাকে। মায়ের সঙ্গে তুলি যে বাড়িতে থাকে, সেই বাড়িতে তেমন গাছপালা নেই। গ্রামে কত গাছগাছালি ছিল! কত রকমের পাখি ছিল! কিন্তু এই ঢাকা শহরে গাছও নেই, পাখিও নেই। তবে দীপুর মুখে শুনেছে, রমনা পার্ক ও বোটানিক্যাল গার্ডেনে নাকি অনেক গাছ আছে। কিন্তু তাদের গ্রামে সব জায়গায় গাছ আছে। আর যেখানে গাছ, সেখানেই পাখি। তুলির গাছ আর পাখি ভীষণ ভালো লাগে। বাবা মারা যাওয়ার পর তাদের আর গ্রামে থাকা হলো না। মা কাজের জন্য ঢাকা শহরে চলে এল। সঙ্গে তুলিও। আর না এসে কী করবে! গ্রামে থাকবে কার কাছে! মা বাদে তার কি আর কেউ আছে! মা কাজে চলে গেলে তুলি ঘরে একা একা থাকে। এখানে তুলির একজনই মাত্র বন্ধু আছে। তার নাম দীপু। কিন্তু সেও তো স্কুলে পড়ে। তুলির সারা দিন কাটে কী করে! মা তুলির কষ্টটা বুঝতে পারে। মা বলেছে, সামনের বছর তুলিকে স্কুলে ভর্তি করিয়ে দেবে। তখন তুলি পড়াশোনাও করতে পারবে, আবার অনেক বন্ধুও পাবে। তার পরও এখানে গাছপালা নেই, পুকুর নেই। পুকুরের পানিতে গভীর চিন্তায় মগ্ন বক পাখিই বা কোথায়? তবু তো এই বকুলগাছটা আছে। বাড়ি থেকে বেরিয়ে সরু রাস্তা ধরে হেঁটে গিয়ে যে একটা বকুলগাছ পেয়ে যাবে, তুলি সেটা ভাবতেই পারেনি। প্রতিদিন তুলি বকুলগাছের তলায় ফুল কুড়াতে আসে। মাঝে মাঝে গাছটার গায়ে হাত বুলিয়ে তার গ্রামে ফেলে আসা গাছগুলোর কথা মনে করে। বকুলগাছকেও বলে তার গ্রামের কথা। একদিন দীপুর স্কুল আগে আগেই ছুটি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দেখে তুলি একা একা কথা বলছে। সামনে এগিয়ে গিয়ে দেখে, না কোনো মানুষ তো নয়, তুলি কথা বলছে বকুলগাছটার সঙ্গে। দীপু কাছে এগিয়ে গিয়ে বলে, ‘কিরে, পাগলটাগল হয়ে গেলি নাকি! কার সঙ্গে কথা বলিস?’ দীপুর কথায় তুলির রাগ হয়, ‘কেন, দেখতে পাও না? বকুলগাছের সঙ্গে কথা বলি।’দীপু ভেংচি কেটে বলে, ‘ও বাবা! কেউ আবার গাছের সঙ্গে কথা বলে জানতাম না তো! দাঁড়া, চাচিকে বলতে হবে।’ তুলি মুখ ভার করে বলে, ‘সারা দিন মা বাসায় থাকে না। তুমি স্কুলে পড়ো। আমার সময় কাটে কী করে?’ ‘চল চল, বাসায় চল। সবাইকে বলতে হবে।’ দীপুর সঙ্গে তুলি বাসায় ফেরে। সন্ধ্যায় মা বাসায় ফিরলে দীপু ঠিকই বলতে আসে মাকে। ‘জানো, চাচি, তুলি গাছের সঙ্গে কথা বলে!’মা হাসিমুখে বলে, ‘তাই নাকি! তবে আমার মেয়েটা এমনই। গাছ ও ভীষণ ভালোবাসে।’ তুলি ঠোঁট বাঁকিয়ে বলে, ‘মাকে বলে কী লাভ হলো। আমার মা আমাকে জানে। মানুষ যদি মানুষের বন্ধু হতে পারে, তবে গাছ কেন পারবে না। গাছেরও তো প্রাণ আছে। গাছ নিশ্চয় আমাদের কথা বুঝতে পারে। আমরা কি পৃথিবীর সব মানুষের কথা বুঝতে পারি। তার পরও মানুষ মানুষের বন্ধু।’ মা বলে, ‘একদম ঠিক কথা।’পরদিন তুলি আবার বকুলগাছটার কাছে যায়। বকুল ফুলগুলো জামার কোঁচড়ে তুলে নিয়ে বসে বকুলগাছের তলায়। তারপর তার গল্পের ঝুড়ি খুলে বসে। এভাবে প্রতিদিন তুলি বকুলগাছের সঙ্গে গল্প করে, কথা বলে সময় কাটায়। তুলির মনে হয়, বকুলগাছটাও যেন তার জন্য অপেক্ষা করে থাকে। এভাবে তুলির দিন ভালোই কাটছিল।কিছুদিন পর তুলি দেখল, বকুলগাছের নিচে অনেক ইট-সিমেন্ট-বালু। তুলির মনে প্রশ্ন, এত জায়গা থাকতে এগুলো এখানে এনে কে রাখল? কেন রাখল? তার বসার জায়গাটা দখল করে রেখেছে। তুলি দূর থেকে দাঁড়িয়ে বকুলগাছটা দেখল।কিন্তু পরদিন গিয়ে যা দেখল, তাতে তুলি আর কান্না ধরে রাখতে পারল না। বকুলগাছটা নাকি কেটে ফেলা হবে। ওই জায়গায় দালান তোলা হবে। তুলি সারা দিন কাঁদল। খাবারও খেল না। সন্ধ্যায় মা ফিরলে তুলি মাকে জড়িয়ে ধরে সব জানাল।তুলি বলল, ‘মা, তুমি ওদের বকুলগাছটা কাটতে বারণ করো।’মা তুলিকে কী বলে সান্ত্বনা দেবে ভেবে পায় না। মা বলল, ‘গাছটা না কাটলে হয়তো ওদের অসুবিধা হবে। তাই হয়তো কাটছে। পরে নিশ্চয় ওরা আরও গাছ লাগাবে।’তবু তুলির মন ভালো হয় না। বকুলগাছটার জন্য তার মন ছটফট করে। সকালে তুলি আবার যায় বকুলগাছটা দেখতে। কিন্তু গাছ তো নেই! পাতা আর ফুলগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে আশপাশে।তুলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। মানুষ এত নিষ্ঠুর কেন? এত সুন্দর গাছটা কেটে ফেলল!তুলি ভাবে, যদি এমন হতো, মানুষ ইচ্ছে করলেই গাছ কাটতে পারবে না। মানুষের মতো গাছের জীবনের কথাও গুরুত্বের সঙ্গে ভাবা হবে।