তেপান্তরের মাঠ
দুলু বলে, ‘তারপর?’ নানু বলেন, ‘ঘুমাসনি এখনো!’ দুলু বলে, ‘বা রে, ঘুমাব কেন? গল্প শুনছি না বুঝি!’নানু হাসেন। ‘তাই!’দুলু জানে, নানুর হাসি খুব সুন্দর। আর তাঁর হাসির শব্দ, সে-ও ভারী মিষ্টি। অন্ধকারে নানুর হাসি দেখা যায় না, শব্দ শোনা যায়। দুলু নানুর মুখে হাত দেয়; নানুর কপাল, চোখ, নাক আর ঠোঁটে হাত বোলায়। তারপর চিবুক হাতড়ে তাঁর একগোছা দাড়ি মুঠোয় পুরে টান দেয়।নানু ব্যস্ত হয়ে তার হাত থেকে দাড়ি ছাড়াতে যান। ‘আহ্, করিস কী? দেখি দেখি, ছাড়। উহ্, লাগছে তো!’বিছানার আরেক পাশে নানুদি। হেসে উঠে বললেন, ‘দেখা যাক, নানা-নাতিতে কে হারে, কে জেতে। দুলু, আরও জোরে টান...।’দুলু বলে, ‘গল্প বলেন না কেন?’নানু কোনোমতে দাড়ি ছাড়িয়ে নেন। ‘দাঁড়া, বলছি তো। একটু দম ফেলতেও দিবি না?’দুলু বলে, ‘না, গল্প বলেন।’নানু বলেন, ‘আচ্ছা, বলছি শোন।...তারপর..কদ্দূর জানি বলেছিলাম?’দুলু মনে করিয়ে দেয়, ‘ওই যে, রাজার ছেলে ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পেরোচ্ছে...।’ নানু শুরু করেন, ‘হ্যাঁ, তেপান্তরের মাঠ পেরোচ্ছে। ...তারপর হলো কী? না, তেপান্তরের মাঠ বলতে তেপান্তরের মাঠ। কাকপক্ষীটি পর্যন্ত নেই কোথাও। এক ফোঁটা বাতাস নেই। চারদিকে শুধু ঝিম-ঝিম-ঝিম-ঝিম নীরবতা। রাজার ছেলে আকাশের দিকে চাইল। নীল কাচের মতো মস্ত আকাশ, ঝকঝক করছে আগুনের মতো টগবগে রোদের ঝিলিকে। দিগন্তরেখায় মাটির সাথে মিশে আছে চারিধার। কোথাও কোনো গাছপালা নেই, নেই পায়ের নিচের জমিনে এক টুকরো ঘাস।‘রাজার ছেলের ভীষণ তেষ্টা পেল। গলা শুকিয়ে কাঠ। বুকের ভেতর শুকনো খটখটে মাঠ। কিন্তু তাতে কী? রাজার ছেলে পানি পাবে কোথায়? তেপান্তরের মাঠে কি পানি থাকে?’দুলু বলে, ‘তারপর?’নানু বলেন, ‘তারপর আর কী? রাজার ছেলে চলছে তো চলছেই। থামাথামির নাম নেই। থামলে চলবে কেন? রাজকন্যা যে বন্দী আছে তেপান্তরের বিল ছাড়িয়ে সাত সাগরের জল পেরিয়ে তেরো নদীর ওপারে। রাজার ছেলের থামলে চলে? সে শুধু চলে...শুধু চলে.. শুধু চলে...শুধু...।’নানুর গলা জড়িয়ে আসে আস্তে আস্তে। একসময় টুক করে থেমে যান তিনি। দুলু ধাক্কা দেয় তাঁকে। বিরক্ত হয়ে বলে, ‘তারপর বলেন না কী হলো?’নানু সাড়া দেন না। নাক ডেকে ওঠে তাঁর। দুলু নানুর নাকে আঙুল ঢুকিয়ে সুড়সুড়ি দেয়। নানুর ঘুম ছুটে যায়। নড়েচড়ে ওঠেন তিনি। পাশ ফিরে শুতে শুতে বলেন, ‘দুলু, ঘুমা।’দুলু ঝাঁজিয়ে ওঠে। ‘না, ঘুমাব না। আপনি গল্প বলেন না কেন?’নানু বলেন, ‘আচ্ছা শোন।’‘বলেন।’‘রাজার ছেলে তো চলেছে, না?’‘হু।’নানু বলেন, ‘তাহলে চলুক।’দুলু বলে, ‘বা রে, কতক্ষণ চলবে?’নানু হাসেন। ‘বেকুব! তেপান্তরের মাঠ কি এতটুকুন যে বলতে না বলতে ফুরিয়ে যাবে? রাজার ছেলে আজ সারা রাত চলবে, কাল সারা দিন চলবে, এক্কেবারে সন্ধেতক।’দুলু বলে, ‘তারপর?’নানু বলেন, ‘তারপর তোর মাথা। রাজার ছেলে বুঝি শুধু চলতেই থাকবে? একটুও জিরোবে না? তেপান্তরের মাঠ পেরোলে তো সাত সমুদ্দুর। সাত সমুদ্দুর পেরোবে কী করে? ঘোড়ায় চড়ে?’দুলু বলে, ‘তাহলে?’নানু বলেন, ‘তাহলে আর কী? রাজার ছেলে তেপান্তরের মাঠ পেরিয়ে সাত সমুদ্দুরের পাড়ে যে বটগাছটা, সেটার নিচে শুয়ে বিশ্রাম নেবে। বিশ্রাম নিতে নিতে ভাববে, কী করে সাত সমুদ্দুর পেরোনো যায়। মাঝরাতে তার সাথে দেখা হবে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী তাকে বলে দেবে কী করে সাত সমুদ্দুর পেরোতে হবে...।’দুলু বলে, ‘আচ্ছা!’নানু বলেন, ‘বহুত আচ্ছা। এবার ঘুমা।’দুলু ঘ্যানঘ্যান করে ওঠে, ‘না, ঘুমাব না। গল্প বলেন।’নানু বলেন, ‘আজ আর কোত্থেকে বলব? আজ তো রাজার ছেলে শুধু চলবে। কাল রাতে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর সাথে দেখা হলেই না ফের গল্প শুরু হবে।’দুলু তবু মানে না। ‘না না, বলতে হবে। কই, বলেন!’নানু আবার নাক ডাকাতে শুরু করেন। দুলু দুই হাতে ঠেলা দেয় নানুর গায়ে। নানু নড়েন না। দুলু ডাকে, ‘নানু!’ নানু নড়েন না। শেষে দুলু খেপে উঠে দুই পা আছড়াতে থাকে বিছানায়। সাথে সাথে নানুর দাড়ি ধরে হ্যাঁচকা টান। আচমকা নানু ধমকে ওঠেন, ‘চো-ও-প!’ আর দুলু ছেড়ে দেয় গলা, ‘ভ্যাঁ...!’তখন নানুদি ডাকেন, ‘দুলু, কাঁদিস না। আয়, আমার কাছে আয়।’দুলু আরও জোরে চেঁচায়, ‘না, যাব না। অ্যাঁ...।’নানুদি আবার ডাকেন, ‘আয়, লক্ষ্মীভাই। ছিঃ কাঁদে না। কই, আয়!’দুলু তবু কাঁদতে থাকে। একসময় কান্না থামিয়ে চোখ মুছে নানুর পাশ থেকে উঠে গিয়ে নানুদির কাছে শোয়। নানুদি তাকে বুকে টেনে নিয়ে মাথায় হাতবোলালেন। ‘ঘুমা। কাঁদিস না।’দুলু বলে, ‘আচ্ছা নানুদি, রাজার ছেলে আর কতক্ষণ তেপান্তরের মাঠে চলবে?’নানুদি হাসেন। ‘কেন, তোর নানু বলেছে শুনিসনি? আজ সারা রাত চলবে, কাল সারা দিন...।’‘আচ্ছা, রাজার ছেলে সাত সমুদ্দুর পেরোবে কী করে? আচ্ছা, নৌকো বানাবে একটা, না?’নানুদি বলেন, ‘হয়তো। নইলে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর পিঠে চড়ে...।’দুলু বলে, ‘ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী বুঝি খুব বড়? নইলে রাজার ছেলেকে পিঠে নিয়ে উড়বে কী করে? ধপ্পাস করে পড়ে যাবে না?’নানুদি বলেন, ‘হুু, বড়। খুব বড়। এবার ঘুমা তো।’দুলু নানুদির বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকে। নানুদির নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েন তিনি। আর দুলু শুধু ভাবে, আর ভাবে। ঘরের ভেতর অন্ধকার। দুলু তাকিয়ে তাকিয়ে অন্ধকার দেখে।হঠাৎ সে খুব চিন্তায় পড়ে যায়। আচ্ছা, তেপান্তরের মাঠেও কি এখন খুব অন্ধকার নয়? রাজার ছেলে তাহলে অন্ধকারে চলবে কী করে? পথ চিনে নিতে পারবে তো?বেড়ার ফাঁক দিয়ে বাইরে চাঁদের আলো দেখা যায়। দুলু এবার খুশি হয়ে ওঠে। বাইরে তাহলে চাঁদ উঠেছে! তাহলে তেপান্তরের মাঠেও চাঁদ থাকবে। আর রাজার ছেলে চাঁদের আলোয় পথ দেখে চলতে পারবে। হ্যাঁ, নিশ্চয় পারবে। দুলু নিশ্চিন্ত হয়।একসময় বাড়ির উত্তর পাশের বাঁশঝাড় থেকে পাখপাখালি ডেকে ওঠে রাতের নীরবতা ভেঙে দিয়ে। দুলু কান পেতে পাখপাখালির ডাক শোনে। পাখপাখালি থেমে যায়। আবার ঘুমিয়ে পড়ে তারা। আর অন্ধকারের দিকে তাকাতে তাকাতে দুলুরও চোখ বুজে আসে আস্তে আস্তে।