তোমাদের জন্য কমিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তোমাদের জন্যখুব একটা কমিকস নেই। আগে যা-ও হতো, এখন সেটাও পাওয়া যায় না। তাহলে এই এত এত কার্টুনিস্ট বসে বসে সারা দিন করেটা কী? আর কমিকস যারা পড়তে চায়, তারাই বা কী করবে? সেই ভাবনার দিন শেষ, কার্টুনিস্টরা এবার উঠেপড়ে লেগেছেন কমিকস করতে। বাংলাদেশে বাংলা কমিকস করতে এবার শুরু হলো ‘ঢাকা কমিকস’। এবারের বইমেলায় তারা নিয়ে এসেছে চারটি নতুন বাংলা কমিকস। এবারের চারটি কমিকস চার রকমের। ব্যাকবেঞ্চার্স ক্লাব হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল বন্ধুর গল্প। তাদের আড্ডাবাজি, আনন্দ আর পড়াশোনা মিলিয়ে এই মজার কমিকটি এঁকেছেন কার্টুনিস্ট তন্ময়। ওদিকে মীনপিশাচ নামের ভয়ানক ভূতের একটা কমিকস এঁকেছেন মেহেদী হক। ভূত তাড়ানোর ক্লাব ‘নিহিলিন’ থেকে সাদি হক আর তার সহকারী রাদি একসঙ্গে যায় সোদপুরের এক বিলে, সেখানে পানির দানব সিন্দুক নিয়ে ঘটে ভয়ানক কিছু ঘটনা। ওদিকে শামীম আহমেদের আঁকা ‘দাদু-নাদু’ সিরিজে দেখা যাবে বিজ্ঞানী দাদু তার নাতি নাদুকে নিয়ে যাচ্ছে এক হারানো চুম্বক দ্বীপে, সবই ঠিকঠাকমতো চলছিল, কিন্তু মাঝখানে এসে ঢুকে গেল দুষ্ট ধূর্জটি কাফি। আর আরাফাত করিমের আঁকা আরেক কমিকস ডিনয়েড: ৩২-এ দেখা যাবে পুলিশের বিশেষ তদন্ত কর্মকর্তা দুর্ধর্ষ সি কে জাকির এক আশ্চর্য প্রাণীকে তাড়া করতে গিয়ে বিরাট এক ষড়যন্ত্র ধরে ফেলার ঘটনা। মজার কথা হলো, এই কমিকগুলো পুরোটাই ঝরঝরে বাংলায় এবং প্রথমটা পড়ে শেষ করতে না করতেই পরেরটা পাওয়া যাবে বাজারে। বইমেলায় ‘ঢাকা কমিকস’ পেতে হলে খোঁজ করতে হবে প্রগতি (স্টল-১৭-১৮), দিনরাত্রি (স্টল ১৬৪), ছোটদের মেলা (স্টল ২০), বর্ষাদুপুর (স্টল ১১৪) ও আদর্শ (স্টল ১৪৩) স্টলে। আর মেলার পরে সারা বছর কমিকস পাওয়া যাবে আজিজ সুপার মার্কেটের উন্মাদ শোরুম, বনানী দুবাই মার্কেটের জামিলস কমিকস ও অনলাইন www.rokomai.com-এ। সুতরাং, আর চিন্তা কী? আর ফেসবুকে ঢাকা কমিকসকে খুঁজে পেতে Dhaka Comics লিখে সার্চ দিলেই চলবে।