তোমার ফ্রেমে তোমার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আসছে অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব! ২৪ থেকে ৩০ জানুয়ারি দেশের ছয়টি বিভাগে একসঙ্গে হবে এ আয়োজন। শিশু-কিশোর উপযোগী পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী থাকবে এই উৎসবে।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ২০০৮ সাল থেকে এ আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। শিশু-কিশোরদের কাছে চলচ্চিত্রের জগৎটা নতুনভাবে উপস্থাপন করা আর অন্যান্য দেশের সংস্কৃতি-ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই উৎসবের উদ্দেশ্য। এই সুযোগে এখন চলচ্চিত্র তৈরি করছে তোমাদের মতো খুদে পরিচালকরাও!
নানা আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই উৎসব সাজানো হয়। এবারের উৎসবে বিদেশি চলচ্চিত্র বিভাগে এরই মধ্যে সাত শতাধিক ছবি জমা পড়েছে। বিদেশি চলচ্চিত্র দেখানোর পাশাপাশি ৬ থেকে ১৮ বছর বয়সী খুদে নির্মাতাদের বানানো চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতা। নির্বাচিত শিশু-কিশোরদের শিশু প্রতিনিধি হিসেবে উৎসবে আসার আহ্বান জানানো হয়। এবারের উৎসবে ‘বাল্যবিবাহ’ বিষয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়ে জমা দিতে পারবেন ১৮ থেকে ২৫ বছর বয়সীরাও। উভয় বিষয়ে ছবি জমা দেয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। ছবি পাঠাতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.cfsbangladesh.org 
প্রতিযোগিতায় সেরা পাঁচটি ছবির জন্য থাকছে পুরস্কার । মজার ব্যাপার হলো, এই প্রতিযোগিতায় বিচারকও তোমাদের মতো শিশু কিশোররা। 
উৎসবে আসা প্রতিনিধিরা বিভিন্ন দেশের কয়েক শতাধিক চলচ্চিত্র দেখার পাশাপাশি ওয়ার্কশপ, সেমিনারে অংশ নিবে। পাশাপাশি, বিশিষ্ট ব্যাক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ তো থাকছেই। তাহলে আর দেরি কেন? ভেবে ফেলো চমৎকার একটা গল্প, আর হয়ে যাও ‘চলচ্চিত্র পরিচালক’!