দাঁত নড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাসা পেয়ারাটায় একটা কামড় বসাতেই চাঁদিতে টন করে কী যেন একটা লাগল। নিপুর কাছে আসল ঘটনা খোলাসা হতে সময় লাগে না। চাঁদিতে লাগেনি। লেগেছে দাঁতে। নিচের পাটির একটা দাঁত নড়ে উঠেছে। তারই চিড়িক দিয়ে ওঠা ব্যথা চাঁদিতে গিয়ে টোকা মেরেছে।পেয়ারা হাতে মূর্তি বনে যায় নিপু। পলক পড়ে না চোখে। আনমনে ভাবে, এখন কী হবে?মাত্র কয়েক দিন আগে সপ্তম জন্মদিন গেছে নিপুর। বাবা বলেছেন, ‘এখন দাঁত পড়ার সময়।’ আজ সকালেও বাবা বলেছেন, ‘দাঁত নড়লে ভয়ের কিছু নেই, বুঝলে? আমার কাছে আসবে, এক মিনিটে দাঁত ফেলে দেব। ঘাবড়াবে না।’নিপু মাথা কাত করে সায় দিয়ে ভেবেছে, ‘এ আর এমন কি। পেয়ারাটা নিয়ে দোনামোনায় ভোগে নিপু। আবার কামড় বসাতে সাহস হয় না। এখনো রি রি করছে দাঁতের গোড়া। দাঁতটায় আলতো আঙুল বসিয়ে পরখ করে ও। ওমা, এ যে হড়হড়িয়ে নড়ছে! উপায় কী এখন?পেয়ারা হাতে ফ্যা-ফ্যা করে ঘোরে নিপু। হঠাৎ নিতুর সঙ্গে ধাক্কা। সে ঝাঁজিয়ে ওঠে, ‘কিরে, কানা নাকি? দেখে চলতে পারিস না!’বোনকে পাল্টা ঝাড়ি দিতে গিয়ে থামে নিপু। এখন দাঁত নড়ছে। মন ভালো নেই। ওর সঙ্গে লাগতে ইচ্ছা করছে না।নিতু আর নিপু পিঠাপিঠি। ওকে নাম ধরেই ডাকে নিপু। নিতুর এটা ভারি অপছন্দ। নিপুকে প্রায়ই নিতু বলে, ‘আমি তোর বড় বোন না। আমাকে আপু বলতে পারিস না।’কিন্তু ওকে আপু বলতে ইচ্ছা করে না নিপুর। টিকটিকি দেখলে চিৎকার করে বাড়ি ফাটায়—আবার আপু!নিপুর মনে পড়ে, বছর খানেক আগে নিতুরও দাঁত পড়েছে। ওর কাছ থেকে এই অভিজ্ঞতা ধার নেওয়া যায়। এ জন্য আজ আপুই বলে।‘এই আপু, তোকে একটা কথা বলি।’মুখটা নিতুর কানের কাছে নিয়ে আসে নিপু। গলা খাদে নামিয়ে বলে, ‘জানিস, আমার না একটা দাঁত নড়ছে।’অমনি ঝিলিক দিয়ে ওঠে নিতু, ‘ওমা, তাই নাকি! তাহলে তো তুই বুড়া!’নিতুর এমন ভাব যেন কোনো আনন্দের বিষয়। নিপু ভড়কে গিয়ে বলে, ‘এই আস্তে আস্তে, সবাই জেনে যাবে।’‘জানলে কী হবে?’‘বা রে, ওরা দাঁত ফেলে দেবে না?’‘ওমা, নড়া দাঁত ফেলতে হবে না? নইলে তো নতুন দাঁত উঠে ওটার সঙ্গে কেওড়া লেগে যাবে। তখন তোকে দাঁতাল বলবে সবাই।’‘আমি কি ফেলতে চাই না? ফেলব তো।’‘তাহলে?’‘অন্য কাউকে দিয়ে ফেলতে চাই না। নিজেই ফেলতে চাই। এ জন্যই তো তোর কাছে জানতে চাইছি—’‘কী?’‘আরে, ওই দাঁত ফেলার কায়দাটা।’এবার দুষ্টু বুদ্ধি খেলে যায় নিতুর মাথায়। বলে, ‘আগে তোর ওই পেয়ারাটায় দুটো কামড় দিতে দে, তারপর বলব।’নিপু তাকায় ওর হাতের পেয়ারাটার দিকে। ভাবে, নিজে যখন এটা খেতে পারছে না, নিতুই খাক। ওরই তো বোন।পেয়ারাটা বোনের দিকে বাড়ায় নিপু। বলে, ‘নে, পুরোটাই দিয়ে দিলাম।’‘এ্যাঁ, বলিস কী?’‘হ্যাঁ, খাব কী করে? দাঁত নড়ছে না। ব্যথা পাব তো।’নিতু পেয়ারাটা নেয় ঠিকই, কিন্তু কামড় বসাতে বাধা বাধা লাগে। যে পেয়ারা ওর ভাই খেতে পারছে না, সেটা ও খাবে কী করে?‘দাঁড়া, ব্যবস্থা করছি।’এই বলে ছুটে যায় নিতু। খানিক পর একটা পিরিচে করে লবণ মাখানো পেয়ারা নিয়ে আসে। মাকে দিয়ে ছোট ছোট করে কেটে এনেছে।কিন্তু নিপু মুখে তোলে না পেয়ারা। বলে, ‘নারে, খাব না। তুইই খা। খুশি হয়েই তোকে দিচ্ছি। এখন বল, দাঁতটা ফেলব কী করে। এমন বুদ্ধি দিবি, যাতে ব্যথা না হয়।’নিতু বলে, ‘যে দাঁতটা নড়ছে, ওটায় একটা সুতা বাঁধ।’‘তারপর?’‘সুতা ধরে আস্তে আস্তে টানবি। একসময় দেখবি দাঁতটা পড়ে গেছে।’বুদ্ধিটা মনে ধরে নিপুর। এক টুকরা সুতা জুটিয়েও নেয়। কিন্তু বাঁধার সময় পিছিয়ে যায়।খানিক পর দুই ছেলে নিয়ে জুঁই খালা আসেন বেড়াতে। সঙ্গে মিষ্টির প্যাকেট। তা দেখে নড়া দাঁতটা আবার পরখ করে নিপু। ‘নাহ্, হবে না।’ মনের ভেতর আফসোস মাথা কুটে মরে।জুঁই খালার সঙ্গে তাঁর দুই ছেলে অনিম আর রনিমও এসেছে। অনিমের বয়স ছয়, রনিমের পাঁচ। এসেই ওরা বিছানার ওপর তাণ্ডব শুরু করে দেয়। চাদর-বালিশ সব লন্ডভন্ড করে ফেলে। চারপেয়ে প্রাণী সেজে মাথায় মাথায় টক্কর লাগাতে শুরু করে।নিপু শুধায়, ‘ও কিরে, এটা আবার কী?’অনিম ঘাড় বাঁকা করে বলে, ‘আমরা গরু-গরু খেলছি।’রনিম এই ফাঁকে একটা ঢিব মেরে বসে। অল্পের জন্য নাক বেঁচে যায় অনিমের। তবে গালটার বারোটা বেজেছে। কান্নার মতো একটা ভাব ফুটে উঠেই মিলিয়ে যায় অনিমের। পরমুহূর্তে ভয়ানক জেদ চাপে ওর।প্রচণ্ড আক্রোশ নিয়ে বলে, ‘আমাকে ব্যথা দিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি মজা।’এই বলে ভারী একটা বালিশ তুলে নেয় ও। সাঁ করে চালায় ছোট ভাইয়ের দিকে। ততক্ষণে নিপু এগিয়ে গেছে রনিমকে রক্ষা করতে। বালিশটা সপাটে এসে লাগে ওর মুখে। তীক্ষ একটা ব্যথা চাগিয়ে উঠে থেমে যায়। অনিম আর রনিম থমকে যায়। হাঁ করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে নিপুর মুখের দিকে। প্রথমে অনিম, তারপর রনিম লাফাতে থাকে, ‘বুড়া, বুড়া। দাঁত পড়া বুড়া!’এক ছুটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নিপু। হাঁ করে দেখে, সত্যিই নড়বড়ে দাঁতটা লোপাট। কোথায় পড়েছে কে জানে? খুব দামি কিছু হারিয়ে গেছে—এমন এক কষ্টে বুকটা চিনচিন করে। কান্না পায়। কষ্টটা মনে চেপে কুলকুচো করে ও।খানিক পর নিপুর দুই হাতে দুটো মিষ্টি। বড় বড় কামড়ে সাবাড় করতে থাকে ও। মনে মনে বলে, ‘দাঁত পড়েছে, বেশ হয়েছে। একটা আপদ গেছে!’