দারুণ বন্ধুত্ব!
সাগরতলে বিচিত্র প্রাণীর বাস। সেখানে যেমন চোখজুড়ানো সুন্দর প্রাণী রয়েছে, তেমনই রয়েছে গা-শিউরানো ভয়ংকর প্রাণীও। সাগরের সবচেয়ে সুন্দর প্রাণীর একটি হচ্ছে ‘ক্লাউন ফিশ’। মাছগুলো বেশ রংচঙে। ‘ক্লাউন’ মানে যে ভাঁড় তা অনেকেরই জানা। দর্শকের দৃষ্টি আকর্ষণে ভাঁড়েরা সাধারণত রংচঙে চটকদার পোশাক পরে থাকে। সাগরে মাছের জগতে ক্লাউন ফিশও যেন তা-ই। এ জন্যই মাছটির এমন নাম জুটেছে। এ পর্যন্ত ২৮ প্রজাতির ক্লাউন ফিশের সন্ধান পাওয়া গেছে। ক্লাউন ফিশ সাধারণত গ্রেট ব্যারিয়ার রিফসহ ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিতসাগরে থাকে। এর সবচেয়ে বড়টি ১৮ সেন্টিমিটার (সাত ইঞ্চি) ও সবচেয়ে ছোটটি ১০ সেন্টিমিটারের (চার ইঞ্চি) হয়ে থাকে। ক্লাউন ফিশ বিচরণ করে অ্যানিমানির জগতে। অ্যানিমানি হচ্ছে এক ধরনের জলজ প্রাণী। এরা গুচ্ছাকারে থাকে। দেখতে আঙুলের আদলে লম্বা লম্বা কর্ষিকার মতো। অ্যানিমানি সম্পর্কে কেউ কিছু না জানলে প্রাণী না ভেবে বরং জলজ উদ্ভিদ বলে ভুল করবে। মনে হবে, বর্ণিল জলজ দাম। অ্যানিমানি ও ক্লাউন ফিশের মধ্যে দারুণ বন্ধুত্ব! একেবারে প্রাণের বন্ধু ওরা; একে অপরের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমানি সুন্দর এক নীরব প্রাণী হলেও এর কাজ কিন্তু ভয়াবহ। এর কর্ষিকার ডগায় রয়েছে সূক্ষ্ম কাঁটায় ভরা ভয়াবহ বিষাক্ত কোষ। মাছ বা অন্য কোনো জলজ প্রাণী এসব কর্ষিকার সংস্পর্শে এলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এতে ওই মাছ বা জলজ প্রাণীর শরীর বেশ কিছুক্ষণের জন্য অবশ হয়ে যেতে পারে। বিষ সয়ে নেওয়ার ক্ষমতা কম হলে মৃত্যুও হতে পারে। কিন্তু অ্যানিমানির কর্ষিকাগুলোর ভেতর হরদম বিচরণ করলেও ক্লাউন ফিশের কিছু হয় না। প্রাকৃতিকভাবেই এসব মাছের শরীরে অ্যানিমানির বিষক্রিয়া প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। এতে বরং অ্যানিমানি ওদের জন্য আত্মরক্ষার বর্ম হিসেবে কাজ করে। হাঙর ও ব্যারাকুডার মতো যেসব মাছ বা জলজ প্রাণী ওদের শিকার করতে উদ্গ্রীব, তারা অ্যানিমানির বিষের ভয়ে ক্লাউন ফিশের কাছে পৌঁছাতে পারে না। এতে অ্যানিমানির অভয়াশ্রমে নির্ভয়ে থাকতে পারে ওরা। খাবারের জন্যও কোনো চিন্তা নেই ক্লাউন ফিশের। অ্যানিমানির কর্ষিকাগুলোর ফাঁকফোকরে অনেক খাবার রয়েছে ওদের। এ ছাড়া অ্যানিমানির রক্ষক হিসেবেও অনেক খাবার জোটে। কিছু কাঁকড়া ও মাছের বেলায় অ্যানিমানির বিষ কাজ করে না। ওরা আবার অ্যানিমানি পেলে কোনো কথা নেই। ঘপাত্ করে সাবড়ে দিতে তত্পর। এসব ছোটখাটো প্রাণী ক্লাউন ফিশের জন্য বেশ মজাদার খাবার। ওরা অ্যানিমানির এসব শত্রু সাবাড় করে একদিকে যেমন নিজেদের পেট ভরায়, অন্যদিকে আশ্রয়দাতা বন্ধুকেও নিরাপদ রাখে। এভাবে ক্লাউন ফিশ ও অ্যানিমানি মিলেমিশে একে অপরের উপকার করে থাকে। শরিফুল ইসলাম ভূঁইয়ান্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড অবলম্বনে