দিনটা ছিল আনন্দের
৭ জানুয়ারি সৃজনের জন্মদিন। অন্য যেকোনো দিনের চেয়ে দিনটা কিছুটা আলাদা তার কাছে। আর একটা বিশেষ কারণে দিনটা তার ভালো লাগার, তা হলো আজ তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তাই তো শিশিরভেজা শীতের এই সকালেই সে তৈরি হয়ে নিয়েছে। ৭ জানুয়ারি ২০১১ অটিজম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ‘কানন’-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। সকাল নয়টা ৩০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল নয়টা থেকেই মাঠে সোনামণিদের ভিড় হতে থাকে। সারিবদ্ধভাবেই দাঁড়িয়ে গেছে ফুলের নামে নাম গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, জবা, পদ্ম আর নয়নতারা। ফুলের মতোই ওরা সুন্দর। ‘চল চল চল/ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ গানের সুরে পুরো মাঠ প্রদক্ষিণ করে ওরা। মশালের আলোর মতোই ওদের জীবনটা যেন উজ্জ্বল হয়, সেই প্রত্যাশায় মশাল হাতেই ছুটে চলে এই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী। অপেক্ষার প্রহর কাটলো ওদের নাচে আরে গানে। ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল/বাংলাদেশের বুক এতই বিশাল’—এই দেশের গানের সঙ্গে লাল-সবুজ পোশাক পরা একদল শিশু-কিশোর তাদের শিক্ষকদের সহযোগিতায় হাত নাড়ছিল। অনেক দর্শক আর অভিভাবকের চোখ তখন জলে চিকচিক করছে। তাঁরা অভিভূত—তাঁদের ছেলেমেয়েরা পারে, পারছে। এই বর্ণিল ও মনোমুগ্ধকর দৃশ্য সবাইকে চমকে দেয়, আপ্লুত করে।এর পরে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। দূরত্ব খুব বেশি নয়, বলটা ছুড়ে কোনো রকমে দড়ির পারে দিতে পারলেই খুশি। আর চকলেট দৌড় তো সবাইকে আনন্দ দেয়। একে একে শেষ হয় বিস্কুট দৌড়, বস্তা দৌড়, বল কিক করা। সব খেলা শেষে পুরস্কার নেওয়ার পালা। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয়ে পুরস্কার যারা পেল তারা তো খুশি হলোই, অন্যরাও কিন্তু বাদ যায়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার দাবাড়ু রানী হামিদ। তিনি বলেন, অনেক সুস্থ শিশু যা পারে না তা এই শিশুরা করে দেখিয়েছে। এই শিশুদের সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, এই শিশুদের খেলাধুলায় উৎসাহ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের সামাজিক এবং শারীরিক বিকাশ ঘটানো সম্ভব। শিশুরা বিকেলে বাড়ি ফেরে রঙিন কাগজে মোড়ানো উপহারের প্যাকেট হাতে।—শারমিন নাহার