শ্রদ্ধা
দিলুর গল্প
দিলুর গল্প হয়তো অনেকেই পড়েছ। বইটি বাংলাদেশের সেরা শিশু–কিশোর সাহিত্যের তালিকায় স্থান করে নিয়েছে। গত ২৮ আগস্ট দিলুর গল্প–এর লেখক রাহাত খান মারা গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো কিশোর উপন্যাসটির কিছু অংশ
দিলু একদিন শ্রেণিশিক্ষকের কাছে স্কুলের মাইনে দিচ্ছিল। স্কুলে নিয়ম আছে দুদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে এক আনা জরিমানা দিতে হবে। শ্রেণিশিক্ষক জিতেন বাবু দিলুর মাইনে নিতে গিয়ে বললেন, ‘তোমার মাইনে হলো পাঁচ টাকা। দুদিন অনুপস্থিত। এক আনা জরিমানাসহ মোট পাওনা হলো পাঁচ টাকা এক আনা।’
দিলু বলল, ‘জরিমানা আনিনি, স্যার। তবে জরিমানা মাফের দরখাস্ত এনেছি।’
‘কই দেখি?’ জিতেন স্যার হাত বাড়ালেন।
দিলু সাবধানে পকেট থেকে লম্বা একটা কাগজ বের করে স্যারের হাতে দিল। পড়তে পড়তে জিতেন বাবুর চোখমুখ কুঞ্চিত হয়ে উঠল। বললেন, ‘এটা কী?’
‘দরখাস্ত, স্যার!’
জিতেন বাবু কৌতুকভরা চোখ দুটি তুলে পা নাচাতে নাচাতে বললেন, ‘দরখাস্তে তুমি কী লিখেছ মনে আছে?’
‘মনে থাকবে না কেন? আমিই নিজের হাতে ওটা লিখেছি, স্যার।’
‘হুঁ, পড়ো তো।’
দিলু উচ্চ স্বরে পড়ল। দরখাস্তটি এইরূপ:
মাননীয় প্রধান শিক্ষক,
মৃত্যুঞ্জয় স্কুল সমীপেষু,
স্যার, আমি এই মাসের ১৩ ও ১৪ তারিখ স্কুলে আসিতে পারি নাই। নিম্নে ইহার যথাযথ কারণ বর্ণিত হইল।
আমি ১৩ তারিখ সকাল সাড়ে নটায় বাড়ি হইতে স্কুলের দিকে রওনা দিই। যখন কেবল অর্ধেক পথ আসিয়াছি, তখন কোথা হইতে ৫০টি বানর হাঁ হাঁ করিয়া আমার দিকে ছুটিয়া আসিল। উপায়ান্তর না দেখিয়া আমি একটি বাড়িতে আশ্রয় নিই। ভয়ে আর বাহির হইতে সাহস করি নাই। সেই দিন বাড়ি গিয়া আমি ঘটনাটি বাবাকে বলিলাম। শুনিয়া তিনি খুব হাসিলেন। তিনি বলিলেন, একসঙ্গে নাকি তিনটা বানরই কখনো দেখিতে পাওয়া যায় না। আমি ৫০টি বানর দেখিলাম কী করিয়া? এই রকম যুক্তি দেখাইয়া তিনি আমাকে প্রহার করিলেন। রাতে জ্বর আসিল। সুতরাং পরের দিনও স্কুলে আসার অবস্থা রহিল না। ফলে দুই দিন আমাকে অনুপস্থিত থাকিতে হইয়াছে। প্রার্থনা করি, আপনি স্কুলে দুই দিন অনুপস্থিত থাকার জরিমানা মাফ করিয়া আমাকে বাধিত করিবেন।
বিনীত,
দিলোয়ার হোসেন
সপ্তম শ্রেণি, ক শাখা।
এই উদ্ভট দরখাস্ত শুনে খোদ হেডমাস্টার সাহেবের কাছে দিলুর ডাক পড়ল। হেডমাস্টার সাহেব ভালো করে তাকিয়ে দেখলেন। অনেকক্ষণ কথা বললেন না। পরে তাঁর বিপুল গোঁফের ওপর ছোট একটি হাসির রেখা ফুটে উঠল। হেডমাস্টার সাহেব বললেন, ‘খুব বুঝি সুকুমার রায় পড়িস?’
ঢোঁক গিলে দিলু বলে, ‘জি, স্যার।’
‘আর কখনো এ রকম করবি না! ঠিক আছে?’
‘আচ্ছা, স্যার, করব না।’
‘এখন যা। তোর জরিমানা মাফ করে দিলাম। তবে ভবিষ্যতে দুষ্টুমি করলে...।’ হেডমাস্টার সাহেব থামলেন। টেবিলের নিচে পা নাচাতে নাচাতে বললেন, ‘ভবিষ্যতে ও রকম দুষ্টুমি করলে প্রথমে তুলে আছাড় দেব। পরে নাম কেটে স্কুল থেকে বার করে দেব।’
দিলু প্রথমে বিনয়ে হাসতে যাচ্ছিল। কথা শুনে ঢোঁক গিলল। আদাব দিল এবং ঘর থেকে বের হয়ে এল।
হেডমাস্টার সাহেবের এই ধাতানির পর দিলুর স্বভাব যে বদলে গেল, তা বলা যায় না। তবে ক্লাসে মোটামুটি শান্ত থাকত। নেহাত দায়ে না পড়লে কথা বলত না। তার ওপর স্কুলে সবচেয়ে বেশি রাগ ছিল মোতি স্যারের। দেখতাম মোতি স্যারের ক্লাসে খুব জুতসই হয়ে বসে দিলু মনোযোগ দিয়ে কথা শোনে। মোতি স্যার প্রথমে ওকে আমল দিতেন না। পরে যখন দেখলেন ছেলেটি খুব নিরীহ আর শান্ত হয়ে গেছে, তখন তিনি দিলুকে রীতিমতো আদর করতে লাগলেন। প্রায়ই বলতেন, ‘দুষ্টু ছেলেদের আমি পছন্দ করি, বুঝলে? কিন্তু পড়াশোনা না করে যে দুষ্টুমি করে তাকে পছন্দ করি না। মন দিয়ে তোমরা সব লেখাপড়া কোরো। খেলার সময় খেলাধুলা কোরো। দেখবে, তোমাদের আমরা
কত ভালোবাসছি।’
মোতি স্যার ইতিহাস পড়াতেন। একটা–আধটা ভূগোলের ক্লাসও নিতেন। দিলু ইতিহাস আর ভূগোলে খুব উৎসাহ দেখায়। বলে, ‘খুব মজার বিষয় যা–ই বলিস। একটা ব্যাপার দেখলাম, ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্ক আছে। ভূগোলের সাথে মিলে যায় ইতিহাস। তাজ্জব ব্যাপার, তাই না?’
ব্যাপারটা আমরা বুঝিনি। তাই চুপ করে রইলাম। দিলু বলল, ‘আমি ঠিক করেছি, পড়াশোনা আর একটু মনোযোগ দিয়ে করব। পরীক্ষায় ভালো করতে হবে।’
সত্যি কথা বলতে কি, দিলু সারা বছর খুব হইচই করে পড়াশোনার কথা বলল। ক্লাসের প্রথম ছেলে, দ্বিতীয় ছেলেরা প্রায় ঘাবড়ে যায় আরকি। কিন্তু বার্ষিক পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা গেল, দিলু ফেল করেছে। সব বিষয়ে পাস, ফেল করেছে ইতিহাস আর ভূগোলে। আমরা সব শুনে বোকা বনে গেলাম।
দিলু গিয়ে হেডমাস্টার সাহেবকে খুব ধরল, ‘স্যার, এবারের মতো ওপরের ক্লাসে উঠিয়ে দিন। খুব মনোযোগ দিয়ে পড়ব।’
হেডমাস্টার সাহেব বললেন, ‘এ নিয়ে আমার কিছু বলার নেই। মোতি সাহেব ইতিহাস আর ভূগোল খাতা দেখেছেন। তিনি যদি বলেন তাহলে তোমাকে ওপরের ক্লাসে উঠিয়ে দেব।’
দিলু গিয়ে মোতি স্যারকে ধরল, ‘স্যার, দয়া করে...’
এইটুকু বলতেই মোতি স্যার বিকট চিৎকার করে উঠলেন। বললেন, ‘অসম্ভব! তুমি যাও বলছি। গেট আউট।’
গর্জন শুনে দিলু তো দিলু, আমরা সবাই ছিটকে পড়ি ঘরের বাইরে। মোতি স্যারের এমন মারমুখী মূর্তি আর কখনো দেখিনি। আমরা সবাই তাজ্জব। দিলুকে বলি, ‘কী রে, অত রাগ করেছেন কেন স্যার?’
‘জানি না। আমি...’ ঢোঁক গিলে দিলু বলল, ‘আমি ইতিহাস আর ভূগোল...।’
দিলুকে ওপরের ক্লাসে সেবার ওঠানো হয়নি একটি প্রশ্নোত্তরের জন্য। প্রশ্নটা ইতিহাসের। প্রশ্নটা ছিল ‘আওরঙ্গজেব কে ছিলেন? তাহার যুদ্ধ বিজয়ের কাহিনী লিখ।’ উত্তরে দিলু লিখেছিল, ‘আওরঙ্গজেব শিবাজীর পুত্র ছিলেন। তিনি প্রথমে উত্তরাঞ্চল জয় করিলেন। জয় করিয়া দক্ষিণ দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইতে হইতে হইতে হইতে আর পারিলেন না। কারণ, পৃথিবী উত্তর–দক্ষিণে একটু চ্যাপ্টা।’