দীপ্ত আকাশে উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের পর্দায় স্টার প্লাসের সিরিয়ালটি বেশ জমে উঠেছে। কোনোভাবেই মায়ের চোখ সরে না সেদিক থেকে। এরই মধ্যে দীপ্তদের বাসায় আরেকবার কারেন্ট চলে যায়। সিরিয়াল দেখতে না পারার আফসোস কাটতে না-কাটতেই উচ্চ স্বরে মায়ের ডাক পড়ে, ‘দীপ্ত! বাবা কই গেলি? এদিক আসো।’‘আসছি মা।’ চাপা স্বরে দীপ্ত জবাব দেয়। বারান্দায় বসে আনমনে ছবি আঁকছিল তখন। বাসার সবচেয়ে ছোট ছেলে ও। খুবই স্বাধীন প্রকৃতির। চোখে গোল ফ্রেমের একটা চশমা সব সময় পরা থাকে। দেখতে কিছুটা স্বাস্থ্যবান, হাবাগোবা টাইপের। ডাক্তার বলেছেন, ও নাকি অটিজম রোগে আক্রান্ত। ওদের অটিস্টিক শিশু বলা হয়।দীপ্তর বাড়াবাড়ি রকমের দুষ্টুমি। বাসার কাজে মা এতই ব্যস্ত থাকেন যে দীপ্তর প্রতি খুব একটা খেয়ালও রাখতে পারেন না। আর সে সুযোগে দীপ্ত হয়ে ওঠে মুক্ত বিহঙ্গ। বরাবরের মতো আজও ঘরের চুনকাম অবস্থা। বারান্দার একপাশে মেঝেতে রোবট, পিস্তল, প্লে-স্টেশন এলোমেলো হয়ে পড়ে আছে। অন্য পাশে খাতা, রং-পেনসিল, বোর্ড নিয়ে দীপ্ত কী যেন আঁকার চেষ্টা করছে! ছবি আঁকার সময় কখনো সে দাঁত বের করে খিলখিল করে হাসছে, আবার কখনো বা মুখ ভার করে রাখছে। একটা গাড়ি, রাস্তা, চার-পাঁচজন ছেলেমেয়ে একটি ঘুড়ি নিয়ে কী যেন করছে—কী এঁকেছে ঠিক বোঝা যাচ্ছে না!দীপ্তর আসতে দেরি হচ্ছে। এ ফাঁকে মা জানালার পর্দাগুলো দুই পাশে সরিয়ে দেয়। পুরোনো পত্রিকাগুলো গুছিয়ে ডাইনিং টেবিলের নিচে রাখেন। ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতেই মা একটা লেখা দেখে থামেন। ‘শিশুদের প্রতি খেয়াল রাখুন’ লেখাটা দেখে তিনি বেশ কৌতূহলী হয়ে পড়েন। ওদিকে দুষ্টু দীপ্তটা আজও মাকে কিছু না বলে একা একা বাসা থেকে বেরিয়ে গেছে। এ নিয়ে তিনবার হলো। আগেরবার হারিয়ে যাওয়ার পর বাবা-মা দুজনই ওকে পাগলের মতো পার্ক, হসপিটাল, থানা—কত জায়গায় না খোঁজাখুঁজি করলেন। পরে অবশ্য ওকে পাওয়া গিয়েছিল বুড়িগঙ্গার পাড়ে! বস্তির কয়েকজন শিশুর সঙ্গে গোসল করছিল। ভাগ্যিস, সেদিন মেজো মামা ওকে দেখেছিল। নইলে কী যে হতো!দীপ্ত সিগারেটের একটা অংশ মুখে দিয়ে ধূমপায়ীদের মতো ভাব নিয়ে ফুটপাতের ওপর দিয়ে হেঁটেই চলেছে। কিছুক্ষণ পর লাজুক ভঙ্গিতে ও বলে, ‘এই টিয়ে পাখি! তুমি কি আমাকে উড়ানো শেখাবে?’‘ক্যাঁক! ক্যাঁক! ক্যাঁক!’ ‘তোমার দুইটা পাখা থেকে আমাকে একটা পাখা দেবে! আমি তোমার মতো উড়ব। প্লিজ, দাও না!’‘ক্যাঁক! ক্যাঁক! ক্যাঁক!’ আওয়াজ করে দুষ্টু টিয়েটা এবার উড়াল দিল। দীপ্ত তাতে বেশ মজাই পেল।দীপ্ত আবার হাঁটা শুরু করে। মাথাটা ডান দিকে বাঁকা করে, ফ্যালফ্যালিয়ে তাকিয়ে, লাফালাফি করে, হাততালি দিয়ে হাঁটছে সে। সবকিছু মিলিয়ে ওর অটিজম ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে। যাওয়ার সময় সে ডাস্টবিন থেকে কিছু পরিত্যক্ত জিনিস কুড়িয়ে নেয়। খালি কনডেন্সড মিল্কের কৌটা, বোতল, দইয়ের কৌটা। এই যা! এগুলো দিয়ে ও ফুটপাতে চড়ুইভাতি খেলছে। কী বিশ্রী ব্যাপার! পাশ দিয়ে এক ভদ্রলোক ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। ছেলেটি নল নিয়ে টেনে টেনে আওয়াজ করে প্রাণ জুস খাচ্ছিল। দীপ্ত হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। ভীষণ খিদে লেগেছে। কিন্তু সে কিছুই খেতে পারছে না। এখন সে কী করে। জুস খাওয়া শেষে ছেলেটি জুসের খালি প্যাকটি রাস্তায় ফেলতেই ছোঁ মেরে ও সেটা নিয়ে নেয়। মিছেমিছি জুস খাওয়ার ব্যর্থ চেষ্টা করে। দীপ্ত মাঠের সামনে এসে দাঁড়ায়। ‘ভাইয়া! আমিও খেলব।’ সাদেক ভাইয়ার কাছে গিয়ে আবদার করে বলে দীপ্ত।‘না! না! তুই পারবি না।’ সাদেক ভাইয়া গম্ভীরভাবে জবাব দেয়।‘না। আমি পারব। আগে আমাকে খেলায় নাও...’‘আ রে বাবা, বললাম না তুই পারবি না। এত বড় ব্যাট তু্ই আগলাতে পারবি না।’‘না না, আমি পারব। আগে আমাকে খেলায় নাও।’‘যা তো তোকে খেলায় নেব না!’ দীপ্তর কথা শেষ হওয়ার আগে অন্য একজন চোখ রাঙিয়ে দীপ্তকে ভাগিয়ে দেয়।বেচারা মুখ কালো করে ধীর পায়ে সেখান থেকে চলে আসে। অবশেষে দীপ্ত কানামাছি খেলছিল যারা তাদের কাছে গেল। ভারি লাজুক স্বরে দীপ্ত সবাইকে উদ্দেশ করে বলে, ‘ওরা আমাকে খেলায় নেয়নি। তোমরা আমাকে খেলায় নেবে?’‘হ্যাঁ! হ্যাঁ! খেলবি আয়।’ এদের মধ্যে চৈতি অতি উৎসাহ দেখিয়ে জবাব দেয়। পাশ থেকে মিতি গিয়ে দীপ্তর চশমাটা খুলে নেয়। কিছুই টের পেল না সে। চারপাশে সবাই দীপ্তকে ঘিরে হঠাৎ গেয়ে ওঠে, ‘কানামাছি ভোঁ, ভোঁ, চশমা ছাড়া গোল আলু। কানামাছি ভোঁ, ভোঁ, চশমা ছাড়া গোল আলু...’কিন্তু দীপ্ত তা সহ্য করতে পারছে না। ও চেঁচিয়ে বলে, ‘অ্যাইইইইইই! কী করছ? আমি দেখতে পাচ্ছি না তো। চশমা দিয়ে দাও বলছি!’‘কানামাছি, ভোঁ, ভোঁ, চশমা ছাড়া গোল আলু...’চশমা ছাড়া দীপ্ত কিছু দেখতে পায় না। কিন্তু কেউ ওর কষ্ট বুঝতে পারছে না। ‘আমি মাকে সবার কথা বলে দেব!’ দীপ্তর কণ্ঠে অসহায় আত্মসমর্পণ।‘যা! যা! বলে দে।’ তাচ্ছিল্য করে বলে চৈতি। প্রচণ্ড রাগ আর ক্ষোভে ও মাঠ ছেড়ে চলে আসে রাস্তায়। ‘ওরা কেউ আমাকে খেলায় নেয়নি। আমি আর কোনো দিন ওদের সঙ্গে খেলব না।’ রাস্তা পার হওয়ার সময় কেঁদে কেঁদে দীপ্ত আবোল-তাবোল বকছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা ট্যাক্সিক্যাব এসে ওকে আঘাত করে।‘মা...আমি তোমার সঙ্গে খেলব, ছবি আঁকব...টিয়ে পাখি! টিয়ে পাখি, প্লিজ আমাকে একটা পাখা দাও না, আমি উড়ব!...’ বাতাসে দীপ্তর আর্তনাদ প্রতিধ্বনি তোলে। সুতাকাটা ঘুড়ির মতো মাটিতে ছিটকে পড়ল দীপ্ত। সাদেক ভাইয়া, চৈতি, মিতিরা—সবাই দীপ্তর কাছে ছুটে আসে। দীপ্তর অবস্থা দেখে কেঁদে ফেলে সবাই। এরপর ওরা নিজেদের ভুল বুঝতে পারল। বুঝতে পারল যে দীপ্তও ওদের মতো একজন শিশু। অটিস্টিক হলেও দীপ্তরও স্বাধীনভাবে হেসেখেলে বড় হওয়ার অধিকার আছে।দ্বাদশ শ্রেণী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম