দুই টাকার আবার বন্ধুত্ব হয় না কি? হয়, হয়। দুটি টাকার মধ্যে যে বন্ধুত্ব, সেটিই দুই টাকার বন্ধুত্ব। কেমন? জানতে হলে চল—আজকের ম্যাজিকটাই জেনে নেই। সামনের জাদু জাদুকর তার পকেট থেকে তিনটি খালি দেশলাইয়ের বাক্স বের করলেন এবং সেই তিনটি বাক্সই টেবিলের ওপর এক সারিতে সাজিয়ে রাখলেন। তারপর পকেট থেকে বের করে আনলেন দুটি এক টাকার কয়েন। কয়েন দুটি আঙুলের সাহায্যে ধরে দর্শককে দেখাতে দেখাতে জাদুকর বললেন, ‘তারা দুজনই বন্ধু। একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। একজনকে কোথাও লুকিয়ে রাখলে অন্যজন তাকে ঠিক খুঁজে বের করে নেয়।’ এবার জাদুকর কয়েন দুটি থেকে একটি কয়েন দর্শক বন্ধুদের হাতে দিলেন, আর অন্য কয়েনটি রেখে দিলেন নিজের কাছে। দর্শকের দিকে পেছন ফিরে অর্থাত্ উল্টো দিকে ঘুরে জাদুকর দর্শকের উদ্দেশে বললেন, ‘কোনো একটি দেশলাইয়ের খালি বাক্স খুলে তার ভেতরে আপনাদের কয়েনটি লুকিয়ে রাখুন। সেটি এবার যথাস্থানে রেখে বাকি ফাঁকা দেশলাইয়ের বাক্স দুটির জায়গা বদলাবদলি করে নিন, দেখে যাতে বোঝা না যায়।’এবার জাদুকর দর্শকের দিকে ঘুরে তার হাতে থাকা কয়েনটি পর পর তিনটি দেশলাইয়ের বাক্সেই ছোঁয়ালেন। অবাক ব্যাপার, যে দেশলাইয়ের বাক্সটিতে দর্শক অন্য কয়েনটি রেখেছিলেন, সেটিতে জাদুকর তাঁর কয়েনটি আরও বারকয়েক ছোঁয়ালেন এবং বললেন, ‘এই দেশলাইয়ের বাক্সটিই বেশি আকর্ষণ করছে। তবে তো নিশ্চিত, আপনাদের কয়েনটি এর ভেতরেই রয়েছে।’পেছনের জাদু টেবিলের ওপর সাজানো দেশলাইয়ের বাক্সগুলোতে তোমার কয়েন ছোঁয়ানোটা অভিনয় মাত্র। কারণ, জাদুটিতে তুমি যে তিনটি দেশলাইয়ের বাক্স ব্যবহার করছ, তাতেই কিন্তু আসল কৌশলটা লুকানো। এর যেকোনো একটির কোণে কলম বা পেনসিল দিয়ে একটি ফুটকি, অন্য একটিতে দুটি ফুটকি এঁকে নাও। আর তৃতীয়টিতে কোনো ফুটকিই থাকবে না। সঙ্গে থাকা চিত্রটি ভালোভাবে দেখ, সহজেই বুঝবে। আর তাতে করে তুমি ঘুরেই দেশলাইয়ের বাক্সগুলোর দিকে তাকিযে বুঝে যাবে, কোনটার মধ্যে দর্শকের কয়েনটি লুকানো আছে। কারণ, যে দেশলাইয়ের বাক্সটির মধ্যে কয়েনটি লুকানো হচ্ছে, সেটি যথাস্থানেই থাকবে। বাকি দুটির জায়গা বদল হয়ে যাবে। আর কোন দুটি দেশলাইয়ের বাক্সের জায়গা বদল হয়েছে, তা তো তুমি ফুটকি দেখেই বুঝে যাবে, নয় কি!