দুই বড় গাছের গল্প
এখান থেকে কয়েকটি সাগর আর শত শত নদী পেরুলে পাওয়া যাবে সেই জায়গাটা। জায়গা মানে বন। একেবারে খাঁটি বন। মানে যেমন আছে গাছ, তেমনি নানা জীবজন্তু। কার কথা আগে বলি। আগে গাছের কথাই বলি।ছোট-বড় নানা জাতের গাছ আছে। তবে কয়েক বছর হলো, বনের মাঝের দুটো গাছই চোখে পড়ে বেশি। বয়স তেমন নয়, কিন্তু খুব বাড়বাড়ন্ত গাছ। শাখা-প্রশাখা অনেক। পাতাগুলোও বড় বড়। শাখা আর পাতা চারদিকের সব অধিকার করে নিতে চলেছে। ও দুটোর জন্য পাশের বা নিচের গাছগুলো আলোর অভাবে পুষ্ট হতে পারে না। কত গাছ অল্পদিনেই শুকিয়ে খড়ি হয়ে পড়ে থাকে।তবে সেসব কুড়ানোর জন্য কোনো মানুষজন যায় না সেখানে। কারণ, ওই যে বললাম, অনেক পশুপাখি আছে সেই বনে? তাদের মধ্যে সিংহও ছিল কয়েকটা। সিংহরা মাংসাশী প্রাণী। প্রতিদিন দু-চারটে প্রাণী না খেলে তাদের চলে না। আর স্বভাবটাও রাজার মতো। হয়তো একটা হরিণ মারল, কয়েক থাবায় পছন্দের মতো জায়গা থেকে মাংস কিছু খেল, তারপর জিব চাটতে চাটতে চলে গেল। কদিন সেই মড়া থেকে দুর্গন্ধ ছুটতে লাগল।গাছ দুটোর প্রথম আপত্তি এই দুর্গন্ধ নিয়ে। তা ছাড়া ওই পশুদের কেন বলা হবে বনের রাজা? গাছ ছাড়া বনই হয় না। পশুরা সেখানে আশ্রিত মাত্র। রাজা হলে আমরাই হব—এমনই বিশ্বাস তাদের। তারা পরিকল্পনা করে, ‘এই বন থেকে সিংহ কয়টাকে তাড়াতে হবে। শুধু ঘাসপাতা খাওয়া প্রাণীগুলো থাকুক। আমাদের বাড়তি পাতা খেলে তেমন কোনো সমস্যা নেই। আমাদের দয়ায় থাকা প্রাণীগুলো তখন আমাদের খুব মানবে।’ বড় গাছ দুটোর এসব কথা তাদের পাশে থাকা আকারে ছোটখাটো কিন্তু বয়সী গাছটার কানে যায়। ওরা অবশ্য শুনিয়ে শুনিয়েই আলাপ করছিল। আরও বলল, ‘হিংস্র প্রাণীগুলো যদি না থাকে, তবে মানুষেরা এখানে বেড়াতে আসবে। আমাদের সামনে দাঁড়িয়ে ছবি তুলবে। তখন তো আমরাই হব পৃথিবীর সবচেয়ে সুন্দর বন। শুনেছি, এখান থেকে কয়েকটি সাগর আর শত শত নদী পেরুলে বাংলাদেশ নামে এক দেশ আছে, তার নাকি এক বনের নাম সুন্দরবন। তাই না হে বুড়ো?’বুড়ো গাছটা বলল, ‘ঠিকই শুনেছ, বঙ্গোপসাগরের তীরে জায়গাটা।’‘সে জঙ্গলেও কি মাংসখেকো জানোয়ার আছে?’ জিজ্ঞেস করে গাছ দুটোর একটা।‘অবশ্যই আছে। এমন দু-চারটে জন্তু না থাকলে আর বন কিসের?’ জবাব দিল বুড়ো গাছ। আরও বলল, ‘তোমরা এই চিন্তা ত্যাগ করো। কথায় আছে, “বন্যেরা বনে সুন্দর”। মাংসাশী প্রাণীরা তো বনেই থাকে। এটাই জগতের নিয়ম।’‘চুপ করো বুড়ো বেটা’—গাছ দুটো ধমকে ওঠে একসঙ্গে। ‘একটা কথা জিজ্ঞেস করতেই নানা জ্ঞান দিতে থাকল! আমরা আমাদের মতো করে বনটাকে সাজাব।’ধমক খেয়ে চুপ করে যায় বুড়ো গাছটা। ভাবে, এই তো সেদিন, আমার কত পরে জন্ম ও দুটোর। ওদের জাতটাই অমন, দ্রুত বাড়ে। তাই বলে এমন ব্যবহার। না জানি সৌন্দর্য বৃদ্ধির কথা বলে কবে আমাকেই তাড়িয়ে দেয়।গাছ দুটো পরিকল্পনামতো কাজ শুরু করে পরের অমাবস্যায়। একদম মাঝরাত্তিরে নিজেদের সব শাখা-প্রশাখা নাড়াতে লাগল একযোগে। ফলে আর সব গাছের শাখাগুলোও দুলে ওঠে। শুরু হয় ঝড়। এই ঝড় কি সেই ঝড়? কোনো ঝড়ের সঙ্গে তার তুলনা চলে না। সিংহগুলো শুধু নয়, সব জন্তুই প্রাণভয়ে পালাল। আশ্রয় নিল পাশের বনে।পরদিন সকালে সব সুনসান। কারণ, একটাও প্রাণী নেই। তবে এই নীরবতা বড় গাছ দুটো গায়ে মাখল না। তারা হাসাহাসি করে গল্প করে—কীভাবে পশুগুলো সব কাল রাতে ভয়ে চিৎকার করছিল আর অন্ধকারে গোত্তা খেতে খেতে পালাচ্ছিল। আরও বলছিল, ‘যাগ গে সব জন্তু-জানোয়ারের দল। অচিরেই প্রাণীশ্রেষ্ঠ মানুষের আগমনে মুখরিত হয়ে উঠবে এই বন।’কিন্তু তাদের ধারণার চেয়েও আগেই শোনা গেল পদশব্দ। মানুষই বটে। কিন্তু তাদের হাতে ঝিলিক দিচ্ছে কী? এ তো ক্যামেরার ফ্ল্যাশ নয়, কুঠারের ধারালো ফলায় আলো চমকাচ্ছে। মানুষের দলটা এসে বড় গাছ দুটোর নিচেই দাঁড়াল। দেখে-শুনে দলপতি বুড়ো লোকটা বলল, ‘কাল রাতের ঝড়ে এই বনের হিংস্রপ্রাণীরা সব পালিয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই ফিরে আসতে পারে। কাজেই আমাদের হাতে সময় বেশি নেই। ছেলেমেয়েরা ভাঙা ডালপালা কুড়োক। আমরা এই বড় গাছ দুটো কাটব। বড় হলেও এ দুটোর বয়স বেশি নয়, কাণ্ড খুব একটা শক্ত হয়ে ওঠেনি, তাড়াতাড়ি কাটা যাবে। আর এ দুটো কেটে গাঁয়ে নিয়ে যেতে পারলেই আমাদের জ্বালানির অভাব হবে না অনেক দিন।’তারপর কাঠুরিয়ারা দেরি না করে দুই দলে ভাগ হয়ে কাজে লেগে গেল। কোপ দিতে লাগল গাছ দুটোর গায়ে। তখনো গাছ দুটো হয়তো কিছু বলছিল। কিন্তু কুড়ালের মুহুর্মুহু আঘাতের শব্দে আমরা তা শুনতে পারিনি, তবে তোমরা হয়তো বুঝে নিতে পারছ।(বিদেশি উপকথা অবলম্বনে)