দুরন্ত আমার বন্ধু
‘তুমি যে বৃষ্টিতে ভিজছ, তোমার জ্বর আসবে না?’ ‘কি যে বলো তুমি! আমি তো সারা বছরই এভাবে বৃষ্টিতে ভিজি আর রোদে পুড়ি। এতেই আমার আনন্দ।’ ‘বললেই হলো, কখন থেকে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে আছ। তোমার তো এখানে কোনো কাজ নেই।’ ‘কাজ নেই মানে! দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখা আর বন্ধুতা করাই আমার কাজ। আমি তো খেলা করছি।’ ‘কখন থেকে বৃষ্টিতে ভিজছ, তোমার আম্মু বকবে—বাসায় যাও। আর না যেতে চাইলে ঘরের ভেতর এসে দাঁড়াও। বৃষ্টিতে তোমার অসুখ করবে, প্লিজ, দুরন্ত!’‘এত কথা বলো না তো, আমাকে খেলতে দাও। আর চাইলে বৃষ্টির ভেতর আমার সঙ্গে খেলতে আসতে পারো।’ দুরন্তর কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকে আনিকা। শিশু একাডেমীর ছাউনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। গানের ক্লাস শেষ করে আম্মুকে নিয়ে যেই বেরোতে যাবে, অমনি বাইরে বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে আনিকাকে। তুমুল বৃষ্টির কারণে বাসায় যেতে পারছে না ও। মজার ব্যাপার হলো, আজকে শিশু একাডেমীর ক্লাসে একটি বৃষ্টির গান শিখিয়েছেন ম্যাডাম, ‘মেঘের গায়ে-নূপুর পায়ে ডাকে বরষা...’। বৃষ্টির গান গাওয়ার কারণে বৃষ্টি এল কি না কে জানে! ভাবতেই ভীষণ হাসি পায় আনিকার। মুখ টিপে হাসে। আম্মু যাতে টের না পায়। বৃষ্টি দেখতে দেখতে একসময় দুরন্তর দিকে দৃষ্টি চলে যায় আনিকার। শিশু একাডেমীর প্রবেশ পথে একটু ভেতরে মাঠের মাঝখানে দুরন্তর নীরব অবস্থান। শিশু একাডেমীতে আসা ছোট-বড় সবার ভীষণ আপন সে। এখানে এলে সবার অন্য কারও সঙ্গে দেখা হোক আর না হোক, দুরন্তর সঙ্গে দেখা হবেই। আট-নয় বছরের বালকের একটি ম্যুরাল। কাদা-মাটি মাখা খালি গায়ে হাতে একটি রিং নিয়ে ছুটে চলছে। মনে দারুণ আনন্দ। স্বাধীন শৈশবে বেড়ে ওঠা চঞ্চল এক শিশু দুরন্ত। ওকে পথের টোকাই ভেবে ভুল করে ফেলতে পারে যে কেউ। আচ্ছা, দুরন্তর কি কোনো পড়ালেখা নেই! ও কি কোনো কাজ করে, নাকি শুধু মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে এখানে, বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে। দুরন্তর বাড়ি কোথায়, কী ওর জন্মপরিচয়, কোথায় ওর মা-বাবা—এসব কারও জানা না থাকলেও সবাই জানে দুরন্ত তাদের বন্ধু। অনেক আপনজন। প্রাণের প্রিয়। আচ্ছা, দুরন্তকে এত আপন মনে হয় কেন?ক্লাস থ্রিতে পড়ুয়া আনিকা প্রথম দিন থেকেই দুরন্তকে দেখে আসছে। প্রায় দুই বছর আগে সে শিশু একাডেমীর নজরুলসংগীত বিভাগে ভর্তি হয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন দুরন্তকে দেখেছে সে। স্থির দাঁড়িয়ে খেলা করছে। কখনো আনিকাও কথা বলেনি, দুরন্তও না। আজ কী মনে করে দুরন্ত হঠাৎ কথা বলে উঠল, কে জানে! বৃষ্টিতে ভিজতে দেখে প্রথম অবশ্য আনিকাই কথা শুরু করেছিল দূর থেকে। ‘তোমার নাম কী।’ দুবার জিজ্ঞেস করার পর লোহার তৈরি নিষ্প্রাণ দুরন্ত যেন প্রাণ ফিরে পেল।‘দুরন্ত। নাম তো আমার ম্যুরালের নিচে লেখাই রয়েছে। পড়ে নিলেই পারতে!’‘না, মানে তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে হলো তো তাই বললাম।’দুরন্তের সঙ্গে আনিকার আলাপটা শুরু হয়েছিল এভাবেই। আনিকাই অবশ্য তাকে বেশি প্রশ্ন করেছে। এতক্ষণ ধরে কথা বলছে অথচ দুরন্ত একবারও আনিকার নাম, স্কুল কিংবা অন্য কোনো কথা জিজ্ঞেস করেনি। বিষয়টি আনিকার ভালো না লাগলেও চেপে যায়। কত ছেলেমেয়েই তো এখানে আসে, হয়তো কথা বলতে বলতে অনেকটা ক্লান্ত দুরন্ত।আনিকার কৌতূহল কিছুতেই কমছে না। দুরন্ত সম্পর্কে তার মনে হাজারো প্রশ্ন। সবচেয়ে ভালো হতো দুরন্ত যদি ইট-বালুতে তৈরি মাঠের ওই উঁচু জায়গাটা ছেড়ে আনিকার পাশে এসে দাঁড়াত। কথা বলতে বেশ সুবিধা হতো। দূরে দাঁড়িয়ে কি আর আলাপ জমে? তার ওপর আবার বৃষ্টি ঝরছে। রিমঝিম শব্দ। আনিকা চারদিকটা দেখে নেয়। দূরের রাজপথে বৃষ্টি উপেক্ষা করে রিকশা-গাড়ি ছুটে চলছে। আনিকার পাশে বৃষ্টিতে আটকে পড়া গান, নাচ, অঙ্কন এবং অভিনয়ের অনেক শিশুকিশোর শিক্ষার্থী। সঙ্গে ওদের অভিভাবক।আনিকার ভীষণ ইচ্ছে করছে দুরন্তের কাছে ছুটে যেতে। বৃষ্টির ভেতর দুরন্তের সঙ্গে বন্ধুতা পাতিয়ে ছুটে বেড়াতে। আনিকার পাশ ঘেঁষে আম্মু দাঁড়িয়ে আছেন। তবুও আনিকার মন কোনো বাধা মানতে চাইছে না। শিশু একাডেমীর লাল-সবুজ ইউনিফর্ম পরিহিত সাত বছরের মিষ্টি বালিকা আনিকা এক্ষুনি যেন বৃষ্টির পানিতে ঝাঁপিয়ে পড়বে। আর খেলা করবে দুরন্তের সঙ্গে।হঠাৎ আনিকার চেতন ফেরে। মনের খেয়ালে আনিকার মুখ দিয়ে একটি শব্দ বের হয় ‘দুরন্ত’। দুরন্ত নিশ্চুপ। আনিকা কোনো জবাব ফিরে পেল না। শুধু দেখতে পেল তুমুল বৃষ্টির ভেতর দুরন্ত নামক এক নিষ্প্রাণ জড়ো শিশুর ম্যুরাল-অবয়ব। কোনো কথা বলা কিংবা ভাববিনিময় করার ক্ষমতা সৃষ্টিকর্তা দেননি তাকে। আনিকা নিজের অদ্ভুত ভাবগুলো মনের গহিন ভেতরে চাপা দিয়ে রাখে। আম্মুকে কিছুই বুঝতে দেয় না। ওই তো বৃষ্টি থেমে আসছে।