দুষ্টু আর আলসে ক্যাসপার

তোমাদের কী হ্যালো কিটিকে চেনো? সেই যে ছোট্ট, তুলতুলে সাদা রঙের বিড়ালছানাটা, ওর কথাই বলছি। মজার ব্যাপার হলো, আমাদের বাসাতেই রাজার হালে ঘুরে বেড়ায় অবিকল কার্টুন হ্যালো কিটির মতো দেখতে একটা বিড়াল!
নাম তার ‘ক্যাসপার’। এক বছর তিন মাস বয়সী ক্যাসপার ছোট্ট সুন্দর একটা বিড়ালছানা। সে ইরানের ঐতিহ্যবাহী পারসিয়ান প্রজাতির একটি বিড়াল। চকলেট ও চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। ভালোবাসে প্রজাপতিকে তাড়া করতে। ক্যাসপার যে শুধুই দুষ্টু একটা বিড়াল, তা কিন্তু নয়; অনেক আলসে একটা বিড়ালও বটে! ঘুমানো তার সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। আমি ঘুমাতে যাওয়ার সময় ক্যাসপার আমার পায়ের কাছে শুয়ে ঘড়ঘড় শব্দ করে।
ক্যাসপার আমার বন্ধুর মতো। আমার কখনো মন খারাপ হলে ওর হেলেদুলে হেঁটে আসা দেখে আমার মন ভালো হয়ে যায়। একদিন দুপুরবেলা ওকে খাবার দেওয়ার সময় নাম ধরে অনেক ডাকলেও ও আসে না। বাসার সবাই খুবই ভয় পেয়ে যায়। কারণ সব সময় ওর নাম ধরে কিছুক্ষণ ডাকলেই ও ছুটে আসে। আমরা সবাই যখন ওকে খুঁজে খুঁজে দিশেহারা হয়ে পড়েছি, তখন হঠাৎ দেখি ক্যাসপার জানালা দিয়ে ঘরে ঢুকছে...আমরা সবাই তো হতভম্ব! দশতলা বাসার জানালা দিয়ে বের হয়ে গিয়েছিল ও! পড়েও তো যেতে পারত! পরে বুঝতে পেরেছিলাম, ও পাশের বাসার দাদির ঘরে তাঁর বিছানায় গিয়ে শুয়ে ছিল। পরে ডাক শুনে উঠে এসেছে।
ষষ্ঠ শ্রেণি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল