দুষ্টু দুষ্টু মিষ্টি প্রাণীটি
‘কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও? গুড়মুড়ি খাও? দুধ-ভাত খাও?’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবেড়ালি’ ছড়ার এটুকু পড়লেই চোখের সামনে ভেসে ওঠে দুষ্টু দুষ্টু এক মিষ্টি প্রাণীর ছবি। কাঠবেড়ালি চেনে না, আমাদের দেশে এমন লোক পাওয়া বিরল। ছবি, ছড়া, কবিতা আর গল্পের গুণে শৈশব থেকেই কাঠবেড়ালির সঙ্গে অনেকের পরিচয় হয়। চেনা হয়ে যায় এই সদাচঞ্চল প্রাণীটির চালচলনের সঙ্গে। মনে হয়, ধারে-কাছেই রয়েছে এই দুষ্টুটি। অথচ বাস্তবে কাঠবেড়ালির দেখা পাওয়া খুব সহজ নয়। একে তো ওরা নিশাচর, তার ওপর ওরা থাকে ঝোপঝাড়, বনবাদাড়ে। গাছগাছালিতে ফলপাকড়ী খুঁজে বেড়ায়। ভীরু বলে সহজে কারও সামনে পড়তে চায় না।সারা দুনিয়ায় এ পর্যন্ত দুই শতাধিক প্রজাতির কাঠবেড়ালি পাওয়া গেছে। বিশ্বের সবচেয়ে ছোট কাঠবেড়ালি হচ্ছে ‘আফ্রিকান পিগমি স্কুইরেল’। নাক থেকে লেজের ডগা পর্যন্ত এদের দৈর্ঘ্য মাত্র পাঁচ ইঞ্চি (১৩ সেন্টিমিটার)। কাঠবেড়ালির মধ্যে বেশির ভাগ প্রজাতির দৈর্ঘ্য ২০ থেকে ২৫ সেন্টিমিটার হয়ে থাকে। ভারতের বড়সড় কাঠবেড়ালির দৈর্ঘ্য তিন ফুট (প্রায় এক মিটার) পর্যন্ত হতে পারে। কাঠবেড়ালি ইঁদুরের মতো ‘রডেন্ট’ প্রাণী। অর্থাত্ এরা দাঁতের বাহাদুরিতে ওস্তাদ। ওদের সামনের চারটি দাঁত ক্রমাগত বড় হতে থাকে। এই বৃদ্ধি সামাল দিতে হরদম কাটুসকুটুসে ব্যস্ত থাকে এরা। সাধারণত গেছো কাঠবেড়ালির সঙ্গেই সবার পরিচয়টা বেশি হয়। ঝুপো লেজে ঝপাং ঝপাং প্যাঁচ খেলে ওরা। পুটুস-পুটুস করে এ ডাল থেকে ও ডালে ছুটে যায়। কুচ্কুচ্ করে নিমেষে সাবড়ে দেয় ডাসা ফল। ওদের এই কাণ্ডকারখানার মধ্যে যে চপলতা, এর মধ্যে একধরনের প্রাণচাঞ্চল্য রয়েছে, যা দেখে চোখ জুড়ায়। আনন্দ ঢেউ খেলে মনে।কিছু কাঠবেড়ালি মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। দুষ্টুমিতে ওরাও কম যায় না। কিছু কাঠবেড়ালি শীতকালটা স্রেফ ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দেয়। একটু গরম পড়তে শুরু করলেই আড়াল থেকে বের হয়ে আবার শুরু করে দেয় তিড়িংবিড়িং। ভূচর কাঠবেড়ালি সাধারণত বাদাম, গাছের পাতা, শেকড়, বিচি ইত্যাদি খেয়ে বাঁচে। পোকামাকড়ের স্বাদও মাঝেমধ্যে পরখ করে এরা। কাঠবেড়ালির মধ্যে অস্ট্রেলিয়ার উড়ুক্কু কাঠবেড়ালি একটু অন্য রকম। এক গাছ থেকে খানিকটা দূরে আরেক গাছে উড়ে যেতে পারে ওরা। তাই বলে ওদের পাখা নেই। উড়ুক্কু কাঠবেড়ালি যখন আরেক গাছের দিকে লাফ দেয়, তখন চার পা ছড়িয়ে দেয় শূন্যে। এ সময় ওদের শিরের দুই পাশে থেকে আলগা চামড়া, যেটা ওদের বাতাসে ভেসে থাকতে সহায়তা করে। এটাই ওদের উড়ে যাওয়া। এভাবে একটা উড়ুক্কু কাঠবেড়ালি এক লাফে ১৫০ ফুট (৪৬ মিটার) পর্যন্ত উড়ে যেতে পারে। উড়ুক্কু কাঠবেড়ালির প্রধান খাবার ফল ও বাদাম। ফাঁক পেলে পাখির ছানা চুরি করতে ভুল করে না এরা। কাঠবেড়ালি গাছেই থাকুক আর মাটির গর্তে বাস করুক, স্ত্রী কাঠবেড়ালি দুই থেকে আটটি ছানা প্রসব করে। ছানাগুলো অন্ধ হয়ে জন্ম নেয়। পরে চোখ ফোটে। দু-তিন মাস সম্পূর্ণ মায়ের তত্ত্বাবধানে থাকে ছানারা। একটা মা কাঠবেড়ালি এক বছরে কয়েকবার ছানা দেয়। এ কারণে এদের বংশও বাড়ে দ্রুত। শরিফুল ইসলাম ভূঁইয়া ওয়েবসাইট অবলম্বনে