বাবা ছিলেন মারাঠি ভাষার জনপ্রিয় এক কবি। সেই কবি বাবা তাঁর দ্বিতীয় ছেলের নামও রেখেছিলেন প্রিয় সুরকার শচীন দেব বর্মণের নামে মিলিয়ে। বড় ছেলের নাম অজিত, ছোটটার নাম শচীন। অজিত ছেলেবেলাতেই টুকটাক ছড়া-কবিতা লেখা শুরু করে দেন। কিন্তু শচীনের হাতে কলমের চেয়ে বেশি মানানসই ছিল ব্যাট। ছোট ভাইয়ের খেলাধুলায় এই প্রচণ্ড আগ্রহ দেখে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়ে যান অজিতই। মুম্বাইয়ের সারদাশ্রম বিদ্যামন্দিরে ভর্তি হলেন শচীন। সেখানেই শুরু তাঁর ক্রিকেটের আনুষ্ঠানিক পাঠও। গুরু হিসেবে পেলেন রমাকান্ত আচরেকারকে। এই স্কুলেই পড়ার সময় বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে মিলে ৬৬৪ রানের একটা জুটি গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। ভারতীয় ক্রিকেট শুনেছিল এক কিংবদন্তির আগমনী গান।শচীন রমেশ টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। রেকর্ডের পাতায় পাতায় ছড়ানো যাঁর নাম। কিন্তু কেমন ছিল তাঁর শৈশব? তোমার-আমার মতোই কি দুষ্টু ছিলেন, নাকি ছিলেন শান্ত-চুপচাপ। সাত চড়েও যে রা কাড়ে না!শুনে খুশি হবে, দুষ্টুমিতেও টেন্ডুলকার ছিলেন চ্যাম্পিয়ন! ‘আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আশপাশের সব গাছে চড়তাম। নিমেষেই সাবাড় করে দিতাম সব পেয়ারা আর আম। গাছগুলো কিন্তু কড়া পাহারায় রাখা হতো। তাই আমি বেছে নিতাম সঠিক সময়। সন্ধ্যায় যখন সবাই ব্যস্ত টিভি রুমে, ধারেকাছে থাকত না কেউ, ঠিক সেই সময়টা’—নিজের শৈশব নিয়ে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে পরশু পর্যন্ত ৯৯ সেঞ্চুরির মালিক। বলেছেন, ‘সে সময়কার আমার ছবি দেখলে কেউ বিশ্বাসই করবে না, এটা আমার ছবি। খুবই দুষ্টু ছিলাম। আমাকে সামলানো ছিল ভীষণ, ভীষণ কষ্টের! ২৪ ঘণ্টা আমার দেখাশোনা করতেন একজন। কারণ, আমি ঘরে ফিরতেই চাইতাম না।’ক্রিকেট তো ছিল, ভালোবাসার মধ্যে ছিল টেনিসও। তাঁর স্বপ্নের নায়ক ছিলেন টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরো। ম্যাকেনরোর মতোই একসময় লম্বা চুলও রেখেছিলেন। তাঁর মতোই মাথায় ব্যান্ডও পরতেন। হুবহু অনুকরণ করতেন ম্যাকেনরোর খেলার ধরন। বন্ধুদের কেউ কেউ তাঁকে তাই ‘ম্যাক’ বলেও ডাকত।টেনিসের বদলে খেলা হিসেবে অবশ্য একসময় টেন্ডুলকার বেছে নিলেন ক্রিকেটই। শুনে অবাক হবে, ব্যাটসম্যান নয়; হতে চেয়েছিলেন আগুন ঝরানো ফাস্ট বোলার! অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ডেনিস লিলিরও ভীষণ ভক্ত ছিলেন। ভারতের বিখ্যাত এমআরএফ পেস ফাউন্ডেশনে গিয়ে লিলির কাছে বোলিংও শিখেছেন। এই লিলিই তাঁকে পরামর্শ দেন বোলিং বাদ দিয়ে ব্যাটিংয়ে পরামর্শ দিতে। লিলিকে এই পরামর্শ দেওয়ার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত, কী বলো?টেন্ডুলকারের রেকর্ড নিয়ে অনেক কাব্য হয়েছে। সেসব আজ তোলাই থাক। আমরা বরং তাঁর মুখ থেকে শুনি তাঁর শৈশবের গল্প। ক্রিকেটের প্রতি কেমন ছিল তাঁর ভালোবাসা? ‘ক্রিকেট ছিল আমার জন্য একটা বিশেষ কিছু। একটা গাড়ির মতো এটা-সেটার মালিক হওয়া, যেটা আমার পরবর্তী জীবনে এসেছে, ক্রিকেটকে কখনোই সেভাবে দেখিনি আমি। আমার বাবা-মা আমাকে শিক্ষা দিয়েছিলেন, আত্মতৃপ্তি আর সম্মানের সঙ্গে প্রতিটি দিন অতিবাহিত করা খুবই জরুরি।’ টেন্ডুলকার জানতেন, একদিন ঠিকই ক্রিকেটার হবেন। মাত্র সাত বছর বয়সেই তাঁর বোন তাঁকে একটা ব্যাট উপহার দিয়েছিলেন, ‘আমার বড় বোন কাশ্মীর থেকে ফিরে আসার সময় ব্যাটটা এনেছিলেন। উন্নতমানের কাঠের জন্য খুবই সুখ্যাতি ছিল সেখানকার ব্যাটের। এটা সবার সেরা একটা ব্যাট ছিল না। কিন্তু সেই ব্যাটটা আমার কাছে ঠিক যেন এক টুকরো সোনা।’ছেলেবেলায় স্বপ্ন্ন দেখতেন, একের পর এক পুরস্কার জিতেই চলেছেন। চারদিকে ছড়িয়ে পড়ছে তাঁর নাম। গর্বে ফুলে উঠছে মা-বাবার বুক, ‘আমি প্রায়ই কল্পনা করতাম, ভারতের হয়ে ব্যাটিং করছি। ধুমধাম চার-ছয় মারছি! লোকে আনন্দে উল্লাস করছে।’পরিবারের সবার সমর্থন পেয়েছেন। তবে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন বড় ভাই অজিত। সেটিও সুযোগ পেলে জানিয়ে দেন টেন্ডুলকার, ‘অজিত আমার চেয়ে ১০ বছরের বড়। ও-ই আমাকে বলেছে, পেশাদার ক্রিকেটই আমার ভবিষ্যৎ হতে পারে। এমনকি বাবাকেও রাজি করিয়েছিল ও। আমার বাবা ক্রিকেটের ভক্ত ছিলেন না। একদমই না। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, নাকি ক্রিকেট—এ প্রশ্নটা এল, বাবা আমাকে বললেন: “তুমি ক্রিকেটই খেলো। আমি জানি, এটাই তোমার প্রথম ভালোবাসা। সেখানেই যাও”।’মাত্র ১৬ বছর বয়সে শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেট। বাবা-মা খুশি হয়েছিলেন নিশ্চয়ই। কিন্তু উদ্বেগেও ভুগেছেন। কেন? উত্তরটা টেন্ডুলকারই দিয়েছেন, ‘প্রথমে বাবা-মা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। ভারতে ক্রিকেটটা সব সময় ধর্মের কাছাকাছি মর্যাদা পায়। একটা বিশাল প্রত্যাশার চাপ থাকে। তাই তারা চিন্তিত হয়ে পড়েছিলেন, আমি কি এই বয়সে সেই চাপটা নিতে পারব!’ এখন তাঁর নিজেরই দুটো সন্তান—সারা আর অর্জুন। আন্তর্জাতিক ক্রিকেটই খেলছেন প্রায় ২২ বছর ধরে। এখনো ক্রিকেটের প্রতি কী প্রগাঢ় তাঁর ভালোবাসা। এই তো, কদিন আগেই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানালেন, এখনো অনুশীলনে সবার আগে আসেন টেন্ডুলকার। সবার শেষে অনুশীলন থেকে বেরিয়ে যাওয়া লোকটাও তিনি।শুধু প্রতিভা থাকলেই হয় না। দরকার হয় পরিশ্রম, একাগ্রতা, সততা, নিষ্ঠা। আর থাকতে হয় নিজের কাজটার প্রতি প্রগাঢ় ভালোবাসা। ক্রিকেটার টেন্ডুলকারের কাছ থেকে তোমরা যারা আগামীর টেন্ডুলকার, অনেক কিছু তো শিখবেই। মানুষ টেন্ডুলকারটির কাছ থেকেও শিখতে ভুলো না!