দেমাগ
সবুজ টিয়া পাখিটার দারুণ দেমাগ। কালো কুচকুচে কাকটার দিকে তাকিয়ে অট্ট হাসে আর বলে, ‘দেখেছিস, আমার গায়ের রং কী সুন্দর! টকটকে সবুজ! গলায় আছে হীরামতির হার। তোর কালো কুচকুচে গা-টা দেখলে আমার ঘেন্না হয়, ছি ছি...এমন কালো আমি জন্মেও দেখিনি।’ কাক শুধু চুপ করে শোনে আর কালো কুচকুচে পালকগুলো নিজের দাঁত দিয়ে ছেঁড়ে; একেবারে ছিঁড়েবিড়ে শেষ করে ফেলতে ইচ্ছা করে। পালকগুলো যদি ছিঁড়ে ফেলা যেত, তাহলে হয়তো সাদা, লাল, হলুদ কিংবা টিয়ার মতো চকচকে পালক গজাত। সেদিন পায়ের ওপরের দিকে খানিকটা পালক টেনে ছিঁড়ে ফেলেছিল কাকটা। ব্যথা পেয়েছিল বটে। হায় কপাল! যা তা-ই। যেমন, তেমন! শেষমেশ চর্মরোগ বিশেষজ্ঞ প্যাঁচার কাছে গিয়েছিল। প্যাঁচা কাকের পুরো শরীরের পালকগুলো প্রথমে খুব ভালো করে নেড়ে তারপর বিশাল একটা গোল আয়নার ওপর চোখ রেখে অনেকক্ষণ মাথা থেকে পা পর্যন্ত কী যেন দেখল, তারপর গম্ভীর হয়ে বলল, ‘ভায়া, বড্ড দেরি করে ফেলেছ। যদি জন্মের ছয় মাসের মধ্যে আসতে, তাহলে একটা কিছু করতে পারতাম। এখন আর সম্ভব নয়।’ প্যাঁচার কথায় কাকের বেজায় মন খারাপ হলো। আশা-ভরসা সব শেষ। এত দিন সে খামাখা কত পালক ছিঁড়েছে। কত রক্ত বের করেছে। এসব কথা মনে হলে বড় কষ্ট হয় কাকের। বাসার বারান্দায় বসে তাই ভাবছিল কাক। কে যেন বলে উঠল, ‘দূর, যাত্রাটাই অশুভ। আচ্ছা বাপু, তুমি একটু দেখেশুনে চলতে পারো না। যাচ্ছিলাম ময়না পাখির বাড়িতে দাওয়াত খেতে। খাওয়ার রুচিটাই মরে গেল।’ কাক পেছন ফিরে দেখে, টিয়া। কাক আগে টিয়ার কথার দু-একটা উত্তর দিলেও আজ কাকের কোনো উত্তর দিতেই ইচ্ছা করছিল না। কাক ঠিক করেছে, এখন থেকে টিয়া পাখির কথার কোনো দিন কোনো উত্তর দেবে না। ও যখন কথা বলবে তখন কান চেপে ধরবে। সেটা ভালো কথাই হোক আর মন্দই হোক। সেদিন বিকেলে কাকটার ভারি খিদে পেয়েছিল। খাবারের জন্য এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছিল। হঠাৎ টিয়ার চেঁচামেচি কানে আসতেই কাক দুহাত দিয়ে কান চেপে ধরে রইল। কে জানে, টিয়াটা বুঝি কাকটার পিছু নিয়েছে। অনেকক্ষণ কান চেপে ধরার পর কাক এদিক-ওদিক চেয়ে দেখল। না টিয়া আশপাশে কোথাও নেই, আওয়াজ আসছে বেশ দূর থেকে। কিন্তু টিয়া কাককে এত করুণ সুরে ডাকছে কেন? ডাকুক গিয়ে। কাক সেদিকে কান না দিয়ে খাবারের খোঁজ করতে লাগল। কাকটা সেগুনগাছের মাথায় যে-ই উঠেছে, অমনি এক করুণ চিৎকারে চমকে উঠল। টিয়াটা কাঁদছে আর বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। আচ্ছা, ওটা টিয়া না? তাই তো। কিন্তু ও খাঁচার ভেতরে কেন? সঙ্গে দুজন মানুষ। ওরে বাবা, মানুষ দেখলে কাকের যা ভয় হয়! টিয়া মাথা উঁচিয়ে কাকের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ‘বাঁচাও ভায়া। ওরা আমায় ধরে নিয়ে যাচ্ছে। আমি আমার গায়ের রং নিয়ে কতই-না দেমাগ দেখাতাম। ইশ্, আমার গায়ের রংটা যদি তোমার মতো হতো, তাহলে কি ওই মানুষগুলো আমায় ধরে নিয়ে যেত। আমাকে বাঁচাও কাক ভায়া, বাঁচাও।’ কাক সেগুনগাছের ডালে বসে টিয়ার কান্না দেখছিল আর কী যেন ভাবছিল। ততক্ষণে মানুষগুলো টিয়াকে নিয়ে অনেকটা পথ পার হয়ে গেছে। হঠাৎ কাক উড়াল দিল। উড়ে চলল মানুষগুলোর মাথার ওপর দিয়ে। ইচ্ছে করছে মানুষগুলোর মাথার ওপর জোরে ঠোকর বসাতে। কিন্তু মানুষকে যে বড্ড ভয় পায় কাকটা। টিয়ার সঙ্গে সঙ্গে উড়তে লাগল কাকটাও। একটু পরই মানুষগুলো একটা গাড়িতে উঠে পড়ল। খাঁচাটা রাখল গাড়ির পেছনের দিকে। গাড়ির কাচ দিয়ে টিয়াটাকে দেখা যাচ্ছিল। কাক সেই গাড়ির পিছু পিছু ছুটতে লাগল। কাকের সঙ্গে টিয়া কোনো দিন একটা ভালো কথা বলেনি। শুধু অপমান আর অবহেলা করে গেছে। তার পরও কাকটা নিজের জীবন দিয়ে টিয়াকে বাঁচাতে চলেছে। সত্যিই, ভাবতে আবাক লাগে টিয়ার! শেষমেশ গাড়িটা গিয়ে থামল অনেকগুলো মানুষের মাঝে। আশপাশে অনেকগুলো ঘর। প্রতিটি ঘরেই অনেক রকমের পাখি, কুকুর, বিড়াল, খরগোশ আরও অনেক কিছু খাঁচার মধ্যে বন্দী করা। এত মানুষ! ওহ্ এই ঘরগুলোকে বুঝি দোকান বলে? মায়ের কাছে ছোটবেলায় এই দোকানের গল্প শুনেছিল কাক। সব দোকান ঘুরে ঘুরে দেখল ও, কোনো খাঁচায় কোনো কাক খুঁজে পেল না। মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। নিজের হাতে, পালকে আলতো করে চুমু খেল। আহ্ কী সুন্দর আমার গায়ের রং। আর এ জন্যই মানুষেরা আমাদের ধরে না। আমাদের আদর করে মুক্ত আকাশে উড়তে দেয়। আমরা স্বাধীন। সবগুলো দোকান দেখে কাক আবার ফিরে এল টিয়াপাখির দোকানটার কাছে। কিন্তু টিয়া তো নেই। খাঁচাটা পর্যন্ত নেই। কোথায় গেল? অনেকক্ষণ এদিক-ওদিক খুঁজল। না পেয়ে মন খারাপ করে উড়ে চলল বনের দিকে। পথে একটা দাঁড়কাকের সঙ্গে দেখা হলো। দুজনে গিয়ে বসল একটা টেলিফোনের তারের ওপর, তারপর আনন্দ আর কষ্টমাখা কণ্ঠে বলতে লাগল টিয়া আর কাকের গল্পটা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনেক মানুষ। কে যেন আবার বাদাম ছুড়ে দিল ওদের দিকে। ভয়ে প্রথমে উড়ে গেল ও, একটু পর সেই বাদাম কুড়িয়ে কুড়িয়ে দুজন খেতে লাগল আর হাসতে হাসতে বলতে লাগল, মানুষগুলো যা ভালো, আমাদের বড্ড আদর করে।