দেশসেরা দশবার!

ওরা বকুলকে হারিয়েছে, গোলাপকে হারিয়েছে। ওরা কারা? ওরা হলো চাঁপা! ভেবো না ফুলে ফুলে যুদ্ধ লেগে গেছে। কৌতূহল আর না বাড়িয়ে ব্যাপারটা বরং তোমাদের খুলেই বলি।
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের দলকে বিভিন্ন নাম দেওয়া হয়। চট্টগ্রাম অঞ্চলকে ‘বকুল’, ঢাকা অঞ্চলকে ‘পদ্মা’, খুলনা অঞ্চলকে ‘গোলাপ’...এমনিভাবে রাজশাহী অঞ্চলের নামকরণ করা হয়েছিল চাঁপা। হকি খেলায় চাঁপা দশবার দেশসেরা হয়েছে। রাজশাহী অঞ্চল থেকে একটি প্রতিষ্ঠানই বারবার ছিনিয়ে এনেছে এই মুকুট। প্রতিষ্ঠানটির নাম শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ।
২০০৩ সালে প্রথম এই স্কুলটি বকুল অঞ্চলের জেএনসেন উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ছয়বার চ্যাম্পিয়ন চাঁপা। ২০০৫ সালে জেএনসেন উচ্চবিদ্যালয়, ২০০৬ সালে কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চবিদ্যালয়, ২০০৭ ও ২০০৮ সালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ও ২০১০ সালে কুমিল্লা মডার্ন হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেই একই স্কুল।
২০১১ সালে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানারআপের ট্রফিটা ঠিকই জিতে নিয়েছিল শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা। সেবার ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১২ সালে কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চবিদ্যালয় ও ২০১৩ সালে খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট ফিরে পায় রাজশাহীর স্কুলটি।
এরপর তাদের স্কুলের ক্রীড়া শিক্ষক অবসরে চলে যান। নতুন শিক্ষক এসে সবকিছু বুঝে উঠতেই কেটে গিয়েছিল দুই বছর। তাই এই দুই বছর শিক্ষার্থীরা ঠিকমতো প্রশিক্ষণ পায়নি। তারা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণও করেনি।

এবার ২০১৬ সালে আবারও চ্যাম্পিয়ন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ! এর আগে নয়বার চ্যাম্পিয়ন হয়েছে চাঁপা, তাঁদের প্রতিভা তো আর চেপে রাখা যায় না! এবার কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
গত সোমবার (১৪ মার্চ) কথা হলো স্কুলটির অধ্যক্ষ গোলাম মাওলার সঙ্গে। বললেন, তাঁদের ভর্তি বিজ্ঞপ্তিতেই ঘোষণা থাকে—হকি খেলোয়াড়েরা পড়বে বিনা বেতনে। তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা। এই আহ্বানেই হকিপ্রেমী শিক্ষার্থীরা চলে আসে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে। তারা হকিতে উত্সাহী এই শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলেন।
বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জিয়াউর রহমান বললেন, ‘আগ্রহী খেলোয়াড়দের আমরা প্রথমে বাছাই করে নিই। তারপর প্রতিযোগিতার এক বছর আগে থেকেই তাদের যাবতীয় কাগজপত্র তৈরি করে রাখি। যেন খেলায় কোনো অসুবিধা না হয়। এখানে যারা ভর্তি হয়, তাদের বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ঘরের সন্তান, তাই তারা খেলায় বেশি আগ্রহী হয়। খেলার যাবতীয় সরঞ্জাম ও পোশাক বিদ্যালয় থেকেই দেওয়া হয়।’
দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ খন্দকার আকিব জাবেদ। বললেন, ‘আমি ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছি। ২০১৩ সালে আমাদের দল দুর্বল থাকলেও কঠোর অনুশীলন ও গেম প্ল্যানের কারণে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা প্রতিযোগিতা শুরু হওয়ার দুই মাস আগে থেকেই স্কুলের মাঠে অনুশীলন শুরু করে দিই। প্রতিদিন তিন ঘণ্টা প্র্যাকটিস চলে। কে কে খেলবে আর মাঠের কোন পজিশনে খেলবে, এসব ব্যাপারেই আমরা খুবই সিরিয়াস।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইজাজ আহাম্মেদ এ বছরই প্রথম খেলেছে। চ্যাম্পিয়ন দলের এই খেলোয়াড় বলল, ‘আমাদের স্কুল এর আগে নয়বার চ্যাম্পিয়ন হয়েছে, তাই আমারও একটা লক্ষ্য ছিল ভালো খেলে সেই গৌরব ধরে রাখার।’
স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। তাঁর প্রত্যাশা, এই স্কুলের শিক্ষার্থীরাই আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় অংশ নিয়ে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। সেদিন আর বেশি দূরে নয়।