দৌড়ঝাঁপে কে সেরা
২০১২ সালের জুলাইয়ে লন্ডনে শুরু হতে যাচ্ছে অলিম্পিক প্রতিযোগিতা। বিশ্বের সব খ্যাতনামা ক্রীড়াবিদেরা সেখানে দেখাবেন নিজ নিজ কসরত। বিভিন্ন প্রতিযোগিতায় তৈরি হবে নতুন নতুন বিশ্ব রেকর্ড। কিন্তু বিশ্বের তাবৎ প্রাণী নিয়ে যদি একটা অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করা যায়, তাহলে কেমন হয়? এমনটি সত্যিই ঘটলে কিছু প্রাণী এমন রেকর্ড গড়বে, যা কারও পক্ষে কখনো ভাঙা সম্ভব হবে না। স্পিটল বাগ নামের একধরনের পোকার কথাই ধরো না। উচ্চলম্ফে ওদের রেকর্ড ছোঁয়া কারও পক্ষে সম্ভব নয়। এই পোকা লম্বায় বড়জোর পেনসিলের লেখা মোছার এক টুকরা রাবারের সমান হবে। কিন্তু উচ্চলম্ফে ওরা শরীরের দৈর্ঘ্যের ১১৫ গুণ উঁচুতে উঠতে পারে। স্বাভাবিক উচ্চতার মানুষের বেলায় যদি এই কৃতিত্বের কথা কল্পনা করা যায়, তাহলে তাঁকে ৭০ তলা ভবন অবধি পৌঁছাতে হবে। মুষ্টিযুদ্ধে বড় শিঙা ভেড়ার লড়াইয়ের ধারেকাছে যেতে পারবে না কেউ। এই জাতের দুটি পুরুষ ভেড়া যখন লড়াইয়ে নামে, একটা আরেকটার দিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে যায়। মাথায় মাথায় ঢুস লাগলে যে বিকট শব্দ হয়, তা শোনা যায় মাইল খানেকেরও বেশি দূর থেকে। মাঝেমধ্যে এই লড়াই ২০ ঘণ্টা ধরেও চলে। ম্যারাথন দৌড়ে চিনক স্যামন বলে পরিচিত এক জাতের বড় স্যামনের মতো দূরত্ব পার হওয়া অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। ডিম পাড়ার সময় হলে এই মাছ সাগর থেকে নদীর দিকে ছোটে। এ সময় নদীর সঙ্গে যুক্ত অন্যান্য জলাশয়েও ভেড়ে তারা। এতে স্যামন মাছ গড়ে তিন হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। দীর্ঘ লাফে সেরা পুরস্কার পাবে কে? সাউদার্ন ক্রিকেট ফ্রগ বলে পরিচিত এক খুদে ব্যাঙ। আমেরিকায় ওদের বাস। মাত্র আড়াই সেন্টিমিটার লম্বা এই ব্যাঙ দীর্ঘ লাফে শরীরের দৈর্ঘ্যের ৬২ গুণের বেশি দূরত্ব পার হতে পারে। ডুবুরিদের প্রতিযোগিতায় পানির সবচেয়ে গভীরে যাওয়ার সেরা পুরস্কার অনায়াসে জিতে যাবে স্পার্ম তিমি। মহাসাগরে বিচরণকারী এই তিমি পানির দেড় কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পারে। অন্য সব প্রাণীর চেয়ে ওদের শরীরে অক্সিজেনের ধারণক্ষমতা বেশি থাকায় এই কাজটি সহজে করতে পারে ওরা। কিলার হোয়েল বা ওরকা বলে পরিচিত খুনে তিমির সঙ্গে সাঁতারে আর কোনো প্রাণীর পক্ষে পেরে ওঠা সম্ভব নয়। ওরা ঘণ্টায় ৪৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। তবে সাধারণত ঘণ্টায় তিন থেকে ১০ কিলোমিটার বেগে বিচরণ করে থাকে এই তিমি। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক