ওই যে একটা গান আছে না—‘তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে?’ গানটা তমালের খুব পছন্দ। কেন ওই গানের কথা উঠল? উঠল কারণ, আজকাল তমালরা ঘুমাতে যায় কুকুরের ডাক শুনে, আর জেগেও ওঠে কুকুরের ডাকে। তমালদের লাগোয়া দালানের ফ্ল্যাটে নতুন যে পরিবারটি উঠেছে, তারা কুকুর পোষে। তমাল বারান্দায় কুকুরটিকে দেখেছে। গায়ের রং বাদামি, তবে মুখের দিকটা সাদা। বাবা বলেছেন, এর জাত হচ্ছে বিগল। এরা নাকি খুব চালাকচতুর আর আদুরে হয়। তবে একটাই সমস্যা, খুব চিৎকার-চেঁচামেচি করে। যেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তমালরা। পাশের ফ্ল্যাটের কুকুরটার নাম ডিউক, আর তাকে নিয়ে বারান্দায় আসে যে মেয়েটি, তার নাম টিউন। তমাল কী করে ওদের নাম জানল? একদিন ও ফোনে মেয়েটিকে কারও সঙ্গে কথা বলার সময় নাম বলতে শুনেছে আর কুকুরকে তো সারাক্ষণই ডাকছে, ‘ডিউক, ডোন্ট বার্ক’, ‘ডিউক, কাম হিয়ার’, ‘ডিউক, বি আ গুড বয়’। আচ্ছা, কুকুরদের সঙ্গে লোকে ইংরেজিতে কথা বলে কেন?
ডিউক যখন বারান্দায় থাকে, তখন তমালও বারান্দায় যায়। প্রথম প্রথম তাকে দেখে খুব চেঁচাত, এখন আর চেঁচায় না। তমালের খুব ইচ্ছা ডিউককে আদর করে, কিন্তু কীভাবে? তমালের আরেকটা ইচ্ছা হলো, একটা কুকুর পুষবে। একবার বলেও ছিল, কিন্তু আবদারটা রাখা হয়নি। তমালের দাদু মনে করেন, কুকুর পোষা অনুচিত। তমাল বোঝে না, দাদু কেন এ কথা বলেছেন। তবে মা বলেছেন, কুকুর পোষা আর একটা শিশুকে লালন–পালন করা সমান কথা। খাবার খাওয়ানো, গোসল করানো, টয়লেট করানো, মাঝেমধ্যে ভ্যাকসিন দিয়ে আনা—এতসব কে করবে?
কী আর করা, তমাল অন্যের কুকুরের ডাক শোনে। কয়দিন আগে স্কুলে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল—মাই পেট। ও ডিউককে নিজের পেট, মানে পোষা প্রাণী কল্পনা করে দুই শ শব্দ লিখল।
তমালকে রোজ সকালে বাবা স্কুলে নামিয়ে দিয়ে চলে যান। আর ও ফেরে মায়ের সঙ্গে। সেদিন কী কারণে ওর স্কুল আগেভাগে ছুটি হয়ে গেল। তমাল ওর বন্ধু মাহিনদের গাড়িতে ফিরল। ওদের বাসা কাছাকাছি। গাড়ি থেকে নেমে রাস্তা ধরে হাঁটতে লাগল তমাল এবং তখনই খেয়াল করল ব্যাপারটা। ড্রেনের মেরামতের কাজ চলছিল বলে স্ল্যাব নেই। সেই ফাঁক দিয়ে একটা কুকুর পড়ে গেছে ড্রেনে। আর উঠতে পারছে না। কুঁই কুঁই করছে। তমালের খুব খারাপ লাগল। কিন্তু ওকে ওঠায় কী করে? ও দৌড়ে বাসায় গিয়ে দারোয়ান চাচার কাছ থেকে একটা লাঠি নিয়ে এল। ড্রেনের ভেতরে লাঠিটা ঢুকিয়ে দিলে দু-তিনবারের চেষ্টায় ওপরে উঠে এল কুকুরটা। আর কী আশ্চর্য, উঠেই তমালের পায়ের কাছে এসে মুখ ঘষতে লাগল। তমালের হলো বিপদ। প্যান্টে ড্রেনের ময়লা লেগে যাচ্ছে। মা বাসায় নেই, কিন্তু ঠিক জেনে যাবেন। বকবেন। যাকগে, কুকুরটার দুর্গতি দূর হলো, এতেই ও খুশি।
এরপর একদিন বাবার সঙ্গে তমাল যখন চুল কাটাতে যাচ্ছিল, তখন ডাস্টবিনের পাশে কয়েকটা কুকুর হল্লা করছিল। ওকে দেখে একটা কুকুর কাছে এসে লেজ নাড়াতে লাগল ঘনঘন। তমাল চিনতে পারল। ড্রেনে পড়ে যাওয়া কুকুরটা! এরপর কুকুরটার সঙ্গে তমালের মাঝেসাঝেই দেখা হতে লাগল। তমাল একদিন বাসা থেকে লুকিয়ে কয়েকটা মুরগির হাড় নিয়ে এসে কুকুরটাকে দিল। মাঝেমধ্যে বিস্কুটও।
তমালের সেদিন পরীক্ষা। খুব ঝড়-বৃষ্টি। বাবা গেছেন থাইল্যান্ড, ড্রাইভার আংকেলও আসেননি। মা-ই তাকে স্কুলে দিয়ে এসেছেন, আবার গেছেন আনতে। রিকশায় ফিরছিল মা-ছেলে। তবে বাসায় নয়, রেস্তোরাঁয় গিয়ে রিকশা ছেড়ে দিল। খাবার কিনে হাঁটছিল দুজন। বৃষ্টি থেমে গেছে, তবে রাস্তায় লোকজন কম। বাসার আগের গলিতে পা রাখতেই তমালরা দেখল, অন্ধকার ফুঁড়ে তিনজন লোক বেরিয়ে আসছে। ওদের একজন ছুরি ধরল তমালের গলার কাছে। আরেকজন মাকে বলল, ‘যা আছে চুপচাপ দিয়া দেন, নাইলে বাচ্চার কল্লা নামাইয়া দিমু!’
মা ভয়ে কাঁপতে কাঁপতে অনুনয় করে বললেন, ‘প্লিজ, আমার বাচ্চার কিছু করবেন না, আমি দিয়ে দিচ্ছি!’
ওরা মুঠোফোন, টাকার পার্সটা নিল। মায়ের হাতের আঙুলের দিকে চোখ যেতে একজন বলল, ‘আংটি দেন!’
এই আংটিটা মায়ের খুব প্রিয়। বাবা দিয়েছিলেন। মা কেবল আংটিটা খুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কিছু একটা এসে লাফিয়ে পড়ল তমালের গলায় ছুরি ধরেছিল যে লোকটা, তার ওপর। লোকটা ‘ওরে বাপরে’ বলে পপাত ধরণিতল। তমাল চমকে দেখল, পরিচিত সেই কুকুরটাই এসেছে ওদের বাঁচাতে! সঙ্গে আরও কয়েকটা কুকুর। দুই মিনিটের মধ্যে ছিনতাইকারীরা ছত্রভঙ্গ হয়ে পালাল। কিচ্ছু নিতে পারেনি।
ছুরির পোচ লেগে তমালের চেনা কুকুরটার গা থেকে রক্ত ঝরছিল। দৌড়ে দারোয়ান চাচাকে ডেকে আনল তমাল। ওদের দালানের তিনতলায় নতুন ভাড়াটে এসেছে। দরজার সামনে নেমপ্লেট—আসাদুজ্জামান চৌধুরী, ভেটেরিনারি সার্জন। ভেট মানে পশুর ডাক্তার, তমাল তা জানে। নতুন বন্ধুকে নিয়ে তমাল গেল ডাক্তারের আছে। বন্ধুর কাজ কী? বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো, ঠিক কি না?