নতুন ভাড়াটে
ওসমান ভিলায় নতুন ভাড়াটে এসেছে। কত তলায় এসেছে, বোঝা যাচ্ছে না। নতুন ভাড়াটিয়া দেখেই শামীমকে ফোন করলাম। ও তো ওসমান ভিলাতেই থাকে। ফোন ধরতেই আমি বললাম, ‘তোদের বাসাতে নতুন ভাড়াটে এসেছে।’‘হ্যাঁ, তাই তো দেখছি।’‘খোঁজ নে।’দশ মিনিটের মধ্যেই ও আমাকে ফোন করে নিশ্চিত করল যে ওদের বাসার চার তলায় নতুন ভাড়াটে এসেছে। পরদিন আমাদের ক্রিকেট ম্যাচ। আমরা পাঁচ বন্ধু—হিমেল, তুহিন, শামীম, সজীব ও আমি। এখন সামার ভ্যাকেশনে সবাই মিলে ক্রিকেট খেলি। ওসমান ভিলাতে নতুন ভাড়াটে আসাতে সমস্যা সৃষ্টি হয়েছে। যদি বল তাদের বাসার ভেতরে ঢুকে পড়ে, তবে বল দেবে কি দেবে না, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। শামীমকে বলেছিলাম, পারমিশন নিয়ে আসতে হবে। ও খোঁজ নিয়ে দেখল, তারা বাসায় নেই। যথারীতি খেলা শুরু হলো। খেলা শুরুর এক ওভারের মধ্যে সজীব বল নতুন ভাড়াটেদের জানালায় মারল। ব্যস, কাচ ভেঙে বল ঢুকে গেল নতুন ভাড়াটের বাসায়। আমরা ভেবেছিলাম, বাসায় হয়তো কেউ নেই, অথচ আমাদের অবাক করে দিয়ে এক বুড়ো লোক বল হাতে জানালার মুখে এলেন—‘এই ছোকরার বাচ্চারা, বল জানালায় আসে কেন? মাথা ছিঁড়ে আলাদা করে দেব কিন্তু।’‘আঙ্কেল, আমরা দুঃখিত। আর করব না।’‘খেলতে দিলেই তো করবি, আমি তোদের আর খেলতেই দেব না। বাড়িওয়ালার কাছে এখনই নালিশ করছি।’আমরা কিছু বলার আগেই বুড়ো মতন লোকটা জানালার কাছ থেকে সরে এলেন। কিছুক্ষণ পর শামীমদের বাড়িওয়ালা এসে আমাদের লেকচার শুনিয়ে গেলেন এবং বলেও গেলেন পরবর্তী সময় আর ক্রিকেট খেলা যাবে না। খেললে আব্বু-আম্মুকে বলে দেবেন।ব্যস, আমাদের সব রাগ গিয়ে পড়ল বুড়োটার ওপর। হিমেল বলল, ‘আমার মাথায় একটা আইডিয়া এসেছে।’সবাই একযোগে বললাম, ‘কী?’‘ওই বুড়ো লোকটাকে ভয় দেখাব।’কথামতো, যার যার বাসা থেকে সাদা চাদর নিয়ে আমরা ওসমান ভিলার গ্যারেজে হাজির হলাম রাত ১২টায়। সিদ্ধান্ত হলো, জানালার ভাঙা জায়গাটা দিয়ে ঢোকার। ঢুকে সাদা চাদর গায়ে জড়ালাম। আস্তে আস্তে হাঁটতে লাগলাম। সজীবের কাছে মোবাইল ফোন আছে, সে ভূতের হাসির মতো হাসি মোবাইল ফোনে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কারা যেন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ছোট একটা রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আমরা ভীষণ ভয় পেলাম। যদি আবার আব্বু-আম্মুকে বলে দেয়, তাহলে তো শেষ। এমন সময় তুহিন বলল, ‘হেরোইন’।আমরা সবাই নিচু স্বরে বললাম, ‘কোথায়?’‘চেয়ারটার ফোমের তলে, দেখ।’আমরা সবাই দেখলাম। হিমেল বলল, পুলিশকে ফোন করা দরকার। সবাই তাতে সায় দিল। পুলিশকে ফোন করল সজীব, যেহেতু ওর কাছে মোবাইল ফোন ছিল। ফোন করার পর ওই মানুষগুলো এল, যারা আমাদের আটক করেছিল। এসে বলল, ‘তোমরা কারা?’হিমেল বলল, ‘আমরা মানুষ।’লোকগুলো থতমত খেয়ে বলল, ‘ভূত সাজলে কেন?’হিমেল বলল, ‘ইচ্ছা।’এভাবে হিমেল কথা কাটাতে লাগল যতক্ষণ না পুলিশ আসে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগল। এর মধ্যে বুড়ো লোটকাও ছিল। পুলিশ অবশ্য তাদের সব কয়জনকে ধরতে পারল। আর আমাদের পিঠ চাপড়ে দিল, এমন দুঃসাহসিক কাজ দেখানোর জন্য। আমরা অবশ্য ভয় দেখানোর ব্যাপারটা গোপন রাখলাম।পরদিন থেকে আমরা আবার ক্রিকেট খেলতে লাগলাম। অষ্টম শ্রেণীমতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।