কী একটা কাজে মা গেছেন পাশের বাড়িতে। যাওয়ার সময় ছোট আরেক কাজ দিয়ে গেছেন নদীকে। হাঁস আছে চারটা। মা বলেছেন, ফিরতে যদি সন্ধ্যা হয়, নদী যেন হাঁসগুলো খোঁয়াড়ে
তুলে ফেলে।
বারণ করার লোক নেই। তাই সকাল থেকেই হাঁসগুলো বাঁধনহারা। ইচ্ছেমতো এখানে–ওখানে বেড়িয়ে দুপুরের পর আরও দশটা হাঁসের সঙ্গে পুকুরে নামে। মনের আনন্দে সাঁতরায়। পা উঁচু করে ডোবাডুবি করে। পানি ঘোলা না হওয়া পর্যন্ত।
পুকুরের পশ্চিমে রোদ ঢলে পড়েছে। একটা গাছের গুঁড়ি আছে সেখানে। সবাই এসে দাঁড়াল গুঁড়ির ওপর। নড়ে উঠল গুঁড়িটা। কোনোরকমে টাল সামলে ডানা ঝাপটে পানি ঝড়িয়ে নিল ওরা। এক পায়ে দাঁড়িয়ে পালকের ভেতর গুঁজে দিল মাথা। ওদের পালকগুলো শেষ বিকেলের সোনালি রোদে চিকচিক করছে।
সাঁতরাতে সাঁতরাতে ওদের চোখগুলো হয়েছে পাকা মরিচের মতো লাল। আঙুল হয়েছে ফ্যাকাসে। যেন সব রক্ত গিয়ে জমা হয়েছে
চোখের মণিতে।
হাঁসের কথা কী বলব, মা না থাকায় সারা দিন নদীও বেরিয়েছে ইচ্ছেমতো। এ বাড়ি থেকে ও বাড়ি। মাঠ, জঙ্গল, পুকুর কিছুই বাদ রাখেনি। এ রকম সুযোগ কি সব সময় আসে? হাঁসগুলোর চেয়ে সে বরং কয়েক গুণ বেশি করেছে। পুকুরে একসঙ্গে সাঁতার কাটার সময় তো হাঁসেরা বলাবলি করছিল, মা না থাকায় নদী আজ ইচ্ছেমতো সাঁতরাচ্ছে। দেখো দেখো, চোখগুলো কেমন টকটকে লাল হয়ে গেছে। আঙুলগুলো কেমন ফ্যাকাসে দেখাচ্ছে।
উঠানের এক কোণে মায়ের জন্য অপেক্ষা করছে নদী। মা তো এতক্ষণ বাইরে কোথাও থাকে না। মাকে ছাড়া খুব স্বাধীন একটা দিন কাটালেও এখন করার মতো আর কিছু নেই। মায়ের কথা খুব মনে পড়ছে নদীর। একা লাগছে ভীষণ। মায়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল হাঁসগুলোর কথা। মা বলেছেন, ফিরতে দেরি হলে নদী যেন হাঁসগুলো খোঁয়াড়ে তুলে ফেলে।
সূর্য ডুবি ডুবি করছে। এক্ষুনি হাঁসগুলো তুলে ফেলা দরকার। সন্ধ্যা নেমে এলে অনেক বিপদ। তখন মস্ত ঝামেলা। নদী সেটা জানে। পাশের বাড়ির বুড়ি দাদি একটা টর্চ নিয়ে প্রতিদিন সন্ধ্যায় হাঁস খুঁজতে আসেন নদীদের খোঁয়াড়ে। হারিয়ে যাওয়ার আগেই হাঁসগুলোকে তুলে ফেলতে হবে।
মায়ের ডাক শুনে পালকের ভেতর থেকে মাথা বের করল চারটা হাঁস। ইতিউতি তাকাল। ডানা ঝাপটাল কয়েকবার। গাছের গুঁড়ি থেকে অলস ভঙ্গিতে প্রথমে এক পা, তারপর আরেক পা নামিয়ে ধীরে ধীরে হেলেদুলে আসতে লাগল খোঁয়াড়ের দিকে।
কোথায় যেন হাঁসগুলোকে দেখা গেছে শেষবার? পুকুরে। তার সঙ্গেই তো সাঁতার কেটেছে ওরা। নদী মনে করতে পারল। তারপর কোনদিকে গেল? এদিক–সেদিক খুঁজে হাঁসগুলোর দেখা মিলল পুকুরপাড়েই। গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে পালকে মাথা গুঁজে ধ্যান করছে। নদীর শব্দ পেয়ে মাথা বের করে প্যাঁক প্যাঁক করে ডেকে উঠল সবাই। চারটা হাঁস আলাদা করে খোঁয়াড়ের দিকে তাড়িয়ে নিয়ে চলল নদী।
কিছুতেই হাঁসগুলো খোঁয়াড়ে যেতে চাইছে না। একদিক থেকে তাড়া করলে চলে যায় অন্যদিকে। অনেকক্ষণ চেষ্টা করে হাঁপিয়ে উঠল নদী। নিজেকে খুব অসহায় মনে হলো। হাঁসগুলো ঘুরে আবার গিয়ে দাঁড়াল গাছের গুঁড়িতে। অন্য হাঁসগুলোর সঙ্গে গল্পের যেটুকু বাকি ছিল, তা শেষ করতে।
এমন সময় মা এসে হাজির। নদীকে খোঁয়াড়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মা বুঝলেন, হাঁসগুলো সে তুলতে পারেনি। নদীর কাঁদো কাঁদো চেহারা দেখে মায়ের খুব মায়া হলো। নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, প্রতিদিন তুমি
ঘরে ফের কখন?
হঠাৎ এমন প্রশ্নে নদী খুব অবাক হলো।
বলল, সন্ধ্যায়।
মা বললেন, ‘সন্ধ্যার আগে যখন তোমাকে ঘরে ডাকি, কী বল তখন?’
মায়ের কথার কিছুই বুঝতে পারছে না নদী। আহ্লাদ করে সে বলল, ‘যখন ডাক, তখন তো খেলা শেষ হয় না। খেলা শেষ না করে কি আসতে ইচ্ছে করে?’
নদীর পাল্টা প্রশ্নে মা বললেন, ‘হাঁসগুলোরও হয়েছে তোমার মতো অবস্থা। প্রতিদিনের চেয়ে আজ একটু আগেই খোঁয়াড়ে ঢোকাতে চেয়েছ ওদের। এ জন্য ঢুকতে চায়নি। হয়তো ওদেরও খেলার কিছু অংশ বাকি ছিল। খেলা শেষে ঠিকই ওরা ঘরে ফিরবে।
সূর্য ডুবে গেছে পশ্চিমে। আকাশে লাল আভা লেগে আছে এখনো। খানিক দূর থেকেই হাঁসগুলোকে লক্ষ্য করে ডাক দিলেন মা, আ টি টি, আয় আয় আয়। মায়ের ডাক শুনে পালকের ভেতর থেকে মাথা বের করল চারটা হাঁস। ইতিউতি তাকাল। ডানা ঝাপটাল কয়েকবার। গাছের গুঁড়ি থেকে অলস ভঙ্গিতে প্রথমে এক পা, তারপর আরেক পা নামিয়ে ধীরে ধীরে হেলেদুলে আসতে লাগল খোঁয়াড়ের দিকে।