নরম সরম হাঙরগুলো
হাঙর! নাম শুনলেই আঁতকে ওঠে অনেকে। এর কারণও আছে। প্রাণীটির চেহারা বলতে যে ছবি চোখে ভাসে, তা হচ্ছে টর্পেডোর মতো একটি শরীর, আর ইয়া বড় হাঁ। আর সেই হাঁ করা মুখের ভেতর ধারালো একগাদা সুচালো দাঁত। যে দাঁতের পাল্লায় পড়লে রক্ষে নেই।মজার ব্যাপার হচ্ছে, বিশ্বে প্রায় ৫০০ প্রজাতির হাঙর রয়েছে, যার মধ্যে অনেক হাঙরই ভয়াল নয়। বরং, কিছু হাঙর থাকে লুকিয়ে, দিন কাটায় চুপচাপ। বাসকিং শার্কের কথাই ধরো না। আকারে এটি একটি ঢাউস স্কুলবাসের সমান। মুখের গর্তটাও কম বড় নয়। এর হাঁ দিয়ে দিব্যি দৌড়াতে পারবে। কিন্তু এই হাঙরের দাঁতগুলো চালের দানার চেয়ে ছোট। এত বড় ধড়ে এই দাঁত আসলে কিছুই নয়। হাঙরটি নড়াচড়ায়ও বেশ ধীর। তেড়ে গিয়ে শিকার পাকড়ানো স্বভাবে নেই। খাওয়ার সময় বাসকিং শার্ক বিশাল হাঁ মেলে ধীরগতিতে সামনের দিকে এগোতে থাকে। তখন পানির সঙ্গে ছোটখাটো অনেক সামুদ্রিক জীব ঢুকে যায় এর মুখের ভেতর। তা-ই খেয়ে সে বেঁচে থাকে।দিনের বেলা সাগরে ক্যালিফোর্নিয়া হর্ন শার্ক খুঁজে পাওয়া ভার। এ সময় হাঙরটি সাগরের পাথুরে গুহা বা ছায়াময় খাঁজে লুকিয়ে থাকে। রাতে খাবারের খোঁজে বের হয়। মাছ, কাঁকড়াসহ সামনে ছোটখাটো জলজ প্রাণী যা পড়ে, তা-ই খায়। গোবেচারা প্রাণী মনে করে অনেক সময় অন্য কোনো বড় হাঙর বা শিকারি প্রাণী এটিকে গিলে ফেলার চেষ্টা করে। এতে তারা মজাটা টের পায় হাড়ে হাড়ে। হাঙরের ওপরের পাখনায় শিঙের মতো দুটি তীক্ষ কাঁটা রয়েছে। এই কাঁটার খোঁচা হজম করতে পারে না শিকারিরা। ফলে রক্ষা পায় হর্ন শার্ক।আরেকটি গোবেচারা হাঙর ভেলভেট-বেলি ল্যানটার্ন শার্ক। শিকারি প্রাণীর খপ্পর থেকে বাঁচতে অভিনব কৌশল রয়েছে ওদের শরীরে। হাঙরটির গা থেকে জ্বলজ্বলে আলো বের হয়। আলো বের হওয়ার জন্য ওদের শরীরে জ্বলজ্বলে কিছু ফুটকি রয়েছে, যা ‘ফটোফরস’ নামে পরিচিত। এই আলোর ধাঁধায় ফেলে শিকারি প্রাণীকে ধোঁকা দেয় ওরা।শরিফুল ইসলাম ভূঁইয়াওয়েবসাইট অবলম্বনে