না পড়লে পড়ো, পড়লে আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিভিন্ন দেশের লেখক, সম্পাদক, সমালোচকদের সঙ্গে কথা বলে সব সময়ের সেরা ১১টি শিশুসাহিত্যের তালিকা তৈরি করেছে বিবিসি। দেখো তো, কোনটা তোমার পড়া হয়েছে, আর কোনটা পড়া হয়নি?
লিটল হাউস অন দ্য প্রেইরি
লরা ইংগেলস ওয়াইল্ডার
ওয়াইল্ডার বইটা লিখেছেন তাঁর নিজের ছেলেবেলার অভিজ্ঞতা থেকে। মা-বাবা, দুই বোন আর পোষা কুকুর জ্যাককে সঙ্গে নিয়ে একটা বিস্তৃত জঙ্গলের মাঝে ছোট একটা কুঁড়েঘরে থাকতেন তিনি। জঙ্গলের পথ ধরে দিনের পর দিন হেঁটে গেলেও সেখানে দ্বিতীয় কোনো ঘর চোখে পড়ত না।
আ রিংকল ইন টাইম
ম্যাডেলিন এল’এঙ্গেল
মেগ মারির বাবা একজন পদার্থবিদ। একবার সময় পরিভ্রমণ (টাইম ট্রাভেল) করতে গিয়ে হারিয়ে গেলেন তিনি। ভাই আর স্কুলের বন্ধুকে সঙ্গে নিয়ে শুরু হলো মেগের ‘বাবাকে খোঁজা’র অভিযান। ১৯৬২ সালে প্রকাশিত ম্যাডেলিন এল’এঙ্গেলের লেখা এই বিজ্ঞান কল্পকাহিনি একবার পড়তে শুরু করলে শেষ না করে উঠতে পারবে না!
আ উইজার্ড অব আর্থসি
উরসুলা কে লে গুইন

গ্রামের মানুষের উপকার করত ছোট জাদুকর স্প্যারোহক। একদিন অজিয়ন নামে এক প্রবীণ, শক্তিশালী জাদুকর স্প্যারোহককে তার শিষ্য করে নিল। ভর্তি করিয়ে দিল এক জাদু শেখার স্কুলে। তারপর? জানতে হলে পড়তে হবে আ উইজার্ড অব আর্থসি!

চার্লি অ্যান্ড দ্য চেকালেট ফ্যাক্টরি
রোয়াল্ড ডাল
চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি চলচ্চিত্রটা যারা দেখেছ, দুধের স্বাদ ঘোলে মেটানো তোমাদের হয়ে গেছে! কিন্তু সিনেমার মজা এক রকম, বইয়ের মজা আরেক রকম। চার্লির সঙ্গে চকলেটের রাজ্যে ডুব দিতে চাইলে পড়ে ফেলো রোয়াল্ড ডালের লেখা দারুণ এই গল্পটা।

দ্য লিটল প্রিন্স
অতোয়ান দো সঁ এক্সঝুপেরি
একটা কিছু সবাই যেভাবে দেখে, তোমাকেও কেন সেভাবেই দেখতে হবে? আজব, অদ্ভুত কিন্তু সহজ চিন্তা করার মাঝে যে দারুণ একটা মজা আছে, বুঝবে এই ছোট রাজপুত্রের গল্প পড়লে।

উইনি-দ্য-পুহ
এ এ মিলেন
এ এ মিলেনের ছেলে ক্রিস্টোফার রবিন আর তাঁর টেডি বিয়ার পুহ এই গল্পের মূল চরিত্র। পুহকে সবাই বলে বোকা, ওর মাথায় নাকি বুদ্ধি নেই একদম। কিন্তু এই বোকা পুহই কিন্তু নানা বুদ্ধিদীপ্ত ঘটনার জন্ম দেয়। পুহকে নিয়ে মিলেন অনেকগুলো গল্প লিখেছেন। সবগুলোই ছেলেমানুষি আনন্দে ভরপুর!

লিটল উইমেন
লোউইসা মে অ্যালকট
এই গল্পটা লেখিকার নিজের জীবন থেকে নেওয়া। মেগ, জো, বেথ আর অ্যামি মার্চ—চার বোনের গল্পে ডুব দিলে কীভাবে সময় কেটে যাবে, বইটা পড়তে বসলে টেরই পাবে না!

অ্যালিসেস অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড
লুই ক্যারল
এই গল্পটা বোধ হয় তোমরা অনেকেই পড়েছ। ছবিটাও দেখেছ। বইটা পড়তে পড়তে তুমিও হয়তো অ্যালিসের সঙ্গে খরগোশের গর্তের ভেতর দিয়ে এক অন্য জগতে ঢুকে পড়বে!

হোয়্যার হয়্যার দ্য ওয়াইল্ড থিংস আর
মরিস সেনড্যাক
ধরো, এক রাতে বিছানায় শুয়ে আবিষ্কার করলে, তোমার ঘরটাই একটা বিশাল জঙ্গলে বদলে গেছে। তোমার সঙ্গে দেখা করতে আসছে অদ্ভুত সব জীবজন্তু! কেমন হবে বলো? এই অভিজ্ঞতাই নিতে পারো হোয়্যার দ্য ওয়াইল্ড থিংস আর গল্পের ম্যাক্সের কাছ থেকে। লেখা আর মজার সব ছবি মিলিয়ে এটাই সেই বই, যেটা তুমি মনে মনে খুঁজছ!

দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব
সিএস লুইস
দ্য ক্রনিকেলস অব নার্নিয়া সিনেমাটা যারা দেখেছ, দ্য লায়ন, দ্য উইচ দ্য ওয়ার্ডরোব গল্পের পটভূমিটা তোমাদের জানা। ঘরের ওয়ার্ডরোবের ভেতর দিয়েও যে একটা অন্য জগতে চলে যাওয়া যায়, এমনটা আগে কখনো ভেবে দেখেছ!

শার লেটস ওয়েব
ইবি হোয়াইট
এই গল্পটা বন্ধুত্বের। উইলবার নামের একটা শূকরের জীবন বাঁচায় ফার্ন নামের একটা ছোট মেয়ে। দুজনের মধ্যে দারুণ একটা বন্ধুত্ব গড়ে ওঠে। ইবি হোয়াইটের গল্পটা তোমাকে অদ্ভুত সব অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। বিবিসির করা তালিকায় এই গল্পটাই আছে এক নম্বরে।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ