নারায়ণ দ্য গ্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণ দেবনাথ (২৫ নভেম্বর ১৯২৫—১৮ জানুয়ারি ২০২২)
ছবি: উইকিমিডিয়া কমনস

এমন কাউকে চেনো নাকি, বুকে যার গুলি লেগে ফিরে যায়? কী বললে? সুপারম্যান? আরে, সে তো সেই কোন দূরের আমেরিকার গপ্পো। আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু এমন এক বিরাট সুপারহিরো আছে, নাম তার বাঁটুল। বাঁটুল দি গ্রেট! আর তার সঙ্গেই আছে নন্টে–ফন্টে, কেল্টুদা, সুপারিনটেনডেন্ট স্যার, ওদিকে আছে হাঁদা–ভোঁদা। আমরা যারা তোমাদের চেয়ে আরেকটু পেকে গেছি, মানে কিনা বুড়ো হয়েছি, তারা কিন্তু এদের সঙ্গেই বড় হয়েছি।

সুপারম্যান বা স্পাইডারম্যান যে তখন ছিল না, তা কিন্তু নয়। তবে তারা সেই দূর দেশ থেকে তখন হাঁটি হাঁটি পা পা করে আমাদের দিকে যাত্রা শুরু করেছেমাত্র। টুকটাক নাম কানে আসছে ঠিকই, কিন্তু আমাদের ঠিক পাশেই সুপারহিরো হিসেবে বুক সটান করে দাঁড়িয়েছিল সেই বাঁটুল। আর মজার কমিকস যদি বলো, তবে একবাক্যে নন্টে–ফন্টে বা হাঁদা–ভোঁদার কথা বলতেই হবে। শুধু কালি–কলমে এক কিংবা দুই রঙে এমন অসামান্য কমিকস যে হতে পারে, তা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না! এবং সেটা একটি কিংবা দুটি বইয়ের ব্যাপার নয়, প্রায় চার হাজার পৃষ্ঠার বিশাল আয়োজন! ভাবতে পারো? এত পৃষ্ঠা বাংলা কমিকস তুমি কত দিনে পড়ে শেষ করতে পারবে, বলো তো? আর এসব এঁকেছেন–লিখেছেন একজনই। নাম তাঁর নারায়ণ দেবনাথ। তাই তাঁকেই আমরা বাংলা কমিকসের প্রাণপুরুষ বলে মানি।

নারায়ণ দেবনাথ আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে থাকতেন বটে, কিন্তু তাঁর আদিবাড়ি ছিল আমাদের বিক্রমপুরে। সুতরাং আজীবন তাঁর মনের একটা অংশ আমাদের বাংলাদেশেই পড়ে থাকত। ২০১৬ সালে বাংলাদেশের ঢাকা কমিকসের বইগুলো তাঁর হাতে পড়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল, তাঁর ডাকে পশ্চিমবঙ্গ ঘুরে আসার, এমনকি তাঁর সঙ্গে দেখা করার। একটুও বাড়িয়ে বলছি না, তিনি মনেপ্রাণে একেবারেই শিশু ছিলেন। আমাদের সঙ্গে যখন দেখা হলো, মন খুলে তাঁর ছোটবেলার কথা বললেন। বাংলাদেশে কীভাবে নদীপথে

মাঠ–ঘাটের পাশ দিয়ে ধীরে ধীরে দাদাবাড়িতে যেতেন, আর পথে নাশতা হিসেবে বেশ কয়েকবার খেয়েছিলেন ঢাকার প্যাঁচ পরোটা। সেই স্বাদ নাকি তিনি কখনোই ভুলতে পারেননি।

নারায়ণ দেবনাথ বড় ভক্ত ছিলেন পপাই দ্য সেইলর ম্যান ও টম অ্যান্ড জেরির। ঠিক তোমাদের মতোই। বারবার ‘ছিলেন’ বলছি, কারণ ১৮ জানুয়ারি তিনি তাঁর সমস্ত সৃষ্টিকর্ম রেখে চলে গেছেন চিরতরে। তবে এত এত মজার কাজ যাঁরা রেখে যান, তাঁরা আদতে কখনোই চিরতরে চলে যান না। যখনই তাঁদের কাজের মধ্যে ডুব দেবে, একপলকে সরাসরি ঢুকে যেতে পারবে তাঁদের মনের মধ্যে। বইয়ের চেয়ে দারুণ কিছু তাই আর হয় না।

নারায়ণ দেবনাথের কিছু কমিকস চরিত্র
ছবি: সংগৃহীত

কমিকসের বাইরে নারায়ণ দেবনাথ কত যে মজার মজার বইয়ের প্রচ্ছদ করেছেন! আর সেই সঙ্গে এঁকেছেন অন্যান্য কমিকস। যেমন গোয়েন্দা কৌশিকের অভিযান বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে রবি-ছবি ইত্যাদি।

ভালো কথা, যারা এখনো নন্টে–ফন্টেকে চেনো না বা হাঁদা–ভোঁদার পাল্টাপাল্টি ধাওয়া দেখোনি, তারা আজই যেভাবে হোক জোগাড় করে ফেলো অসাধারণ কমিকসের বইগুলি। মজার সুপারহিরোভক্ত হলে বাঁটুল হতে পারে তোমার সেরা সঙ্গী। আর যারা আঁকতে পছন্দ করো, তাদের একটা ব্যাপার নিশ্চিত করে বলা যায়, নারায়ণ দেবনাথের আঁকা দেখলে আঁকতে হাত নিশপিশ করবেই। কমিকসের চরিত্রগুলোর এমন অসাধারণ মুখভঙ্গি আর অ্যাকশন এত সহজ করে কালি–কলমে আঁকা চাট্টিখানি কথা নয়। তো আর কী? শুরু করে দাও! নারায়ণ দ্য গ্রেটের নির্মল জগতে তোমাদের ভ্রমণ আনন্দময় হোক।

লেখক: কার্টুনিস্ট ও ঢাকা কমিকসের প্রতিষ্ঠাতা