নিরানন্দ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব ও আকিব। ওরা দুই ভাই, যমজ ভাই। দুজনই সোয়াট চিলড্রেন স্কুলে ক্লাস টুতে পড়ে। দুই ভাইয়ের মধ্যে এত মিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের এই মিল দেখে মা-বাবাও অনেক খুশি। দুই ভাইকে কেউ কখনো মারামারি তো দূরের কথা, ঝগড়াও করতে দেখেনি।সামনে ঈদ, সাকিব-আকিব তাই খুব খুশি। ঈদে কত্ত মজা হবে এই ভেবে ওদের মনটা খুশিতে ভরে ওঠে। ইফতারের পর সন্ধ্যার দিকে প্রায়ই ওরা মা-বাবার সঙ্গে ঈদের কেনাকাটার জন্য বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ওদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে।আজ ঈদ। ঘড়ির অ্যালার্মে এত দিন সাকিব-আকিবের ঘুম ভাঙত। কিন্তু আজ ওরা দুজনই ঘুম থেকে আগেভাগে উঠে পড়ে। তারপর গোসল করে নতুন পাঞ্জাবি-পায়জামা পরে বাবার সঙ্গে ঈদগাহে যায়। নামাজ শেষে দুই ভাই কোলাকুলি করে বাসায় ফেরে। তারপর মায়ের হাতের পোলাও, কোরমা, ফিরনি ও সেমাই খেয়ে টিভির সামনে বসে যায় বিশেষ অনুষ্ঠানগুলো দেখতে। ওরা যে ফ্ল্যাটে থাকে, তার আশপাশের তেমন কাউকে চেনে না। সে কারণে কোথাও বেড়াতেও যাওয়া হয় না। তা ছাড়া ঢাকায় তেমন কোনো আত্মীয়স্বজনও নেই ওদের। বাবা বলেছেন, বিকেলে ওদের দুজনকে চিড়িয়াখানায় নিয়ে যাবেন।বিকেলে দুই ভাইকে নিয়ে বাবা চিড়িয়াখানায় গেলেন। নানা ধরনের পশু-পাখি দেখল ওরা, খেলও অনেক কিছু। পরে বাসার দিকে পা বাড়াল ওরা। বাবা একটা রিকশা ডেকে সাকিবকে কোলে নিয়ে বসলেন। আকিব বসল সিটে।বড় রাস্তা দিয়ে রিকশা চলছে। হঠাৎ একটা মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয় রিকশাকে। এতে বাবা ও সাকিব ছিটকে পড়ে ফুটপাতে। এতে তাদের তেমন কিছু হয়নি। কিন্তু আকিব চাপা পড়ল মাইক্রোবাসের নিচে। ওকে চাপা দিয়ে মাইক্রোবাসটা ততক্ষণে অনেক দূর চলে গেছে।আহত অবস্থাতেই বাবা ও সাকিব কোনোমতে আকিবকে কাছের হাসপাতালে নিয়ে গেল। কিন্তু হায়! এ কেমন নির্মম পরিহাস। শেষ পর্যন্ত বাঁচানো গেল না আকিবকে। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের কারণে আকিব বিদায় নিল পৃথিবী থেকে।প্রতিবছরই ঈদ আসে। সব মুসলমান এ দিনে আনন্দে মেতে ওঠে। কিন্তু সাকিব এ দিনে ঘরের কোণে চুপটি করে বসে থাকে। মনে পড়ে আকিবের স্মৃতি। মাঝেমধ্যে চোখ থেকে ঝরে পড়ে নোনাজল। ওর ঈদের আনন্দ সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন আকিব চলে গেল না, ফেরার দেশে। পঞ্চম শ্রেণী, এসওএস হারম্যান মাইনার স্কুল, গল্লামারী, খুলনা