নিরাপদে থেকো স্বাস্থ্যবিধি মেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: ফারিহা ইসলাম, পঞ্চম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ

এত দিন পর তোমাদের কারণে স্কুলগুলো আবার প্রাণ ফিরে পেল। কত দিন পর বন্ধুদের দেখা পেলে! শিক্ষকেরা তোমাদের বরণ করলেন সানন্দে। এত দিন ছিলে অনলাইনের দুনিয়ায়, তা ছেড়ে আবার ফিরলে স্বাভাবিক জীবনে। একেই বলে ‘উৎসবের আমেজ’—তাই না?

এখন সকালে ঘুম থেকে উঠেই তৈরি হচ্ছ স্কুলে যাওয়ার জন্য। কারও কারও স্কুলের পোশাক ছোট হয়ে গেছে। শার্ট ছোট, প্যান্ট কোমরে চেপে বসেছে, জুতা পায়ে লাগছে না। মা–বাবা তোমাদের স্কুলের পোশাক আবার বানিয়ে নিচ্ছেন। সব মিলিয়ে আমাদের একটাই চাওয়া—স্কুলে তোমরা হাসিখুশি থাকো। কিন্তু আনন্দ যাতে স্থায়ী হয়, সে জন্য সাবধান হতে হবে।

প্রথম কথা, মাস্ক পরতেই হবে। তোমরা জানো, মাস্ক খুব শক্তিশালী প্রতিরোধক। তোমাদের অভিভাবকদেরও মাস্ক পরতে হবে। এত দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো, ফলে উচ্ছ্বাসের যে কমতি হচ্ছে না, তা আমি জানি। এই যে জড়িয়ে ধরা, হাত মেলানো—এসব এখন জমিয়ে রাখো। ভাইরাস বিদায় নিলে সব করতে পারবে। তাই চেষ্টা কোরো একে–অপরের থেকে একটু দূরে দূরে থাকতে, অন্তত ৩ ফুট।

ক্লাসঘরে তোমাদের শিক্ষকেরা যেভাবে বলবেন, সেভাবেই বসবে। ছোট বেঞ্চ হলে একজন এক বেঞ্চে, বড় হলে দুই কোনায় দুজন। এত দিন তোমরা ঘরে ছিলে, চারদেয়ালের মধ্যে। তাই এবার কিন্তু মানিয়ে নিতে হবে বাইরের পরিবেশের সঙ্গে।

আমরা জানি, তোমাদের মনের জোর অনেক। তোমরা এসব বাধা পেরিয়ে নিজেদের মানিয়ে নেবে। বুঝতেই পারছ, আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাব। সারা পৃথিবীতে একই সমস্যা। তোমাদের মতো অনেক শিশু একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

তোমাদের স্কুলে ঢোকার পথে বৃত্ত আঁকা আছে নিশ্চয়ই। বৃত্তগুলো যে এমনি এমনি আঁকা হয়নি, তা নিশ্চয়ই তোমরা জানো। ওই বৃত্ত ধরে ধরেই এগোবে। ভিড়ভাট্টা থেকে থাকতে হবে দূরে দূরে। হাতে মাখবে স্যানিটাইজার। পানি আর সাবান থাকলে হাত ধুয়ে নেবে। তোমরা জানো, ২০ সেকেন্ড ধরে হাত ভালো করে ধুয়ে ফেললে নিরাপদে থাকা যায়। তোমাদের সঙ্গে রুমাল, টিস্যু নিশ্চয়ই থাকে। হাঁচি–কাশি এলে নাক–মুখ টিস্যু দিয়ে ঢেকে হাঁচি দেবে। নোংরা টিস্যু ফেলবে ময়লার বাক্সে। টিস্যু–রুমাল না থাকলে কী করবে? হাঁচি দেবে হাতের কনুই ভাঁজ করে। তারপর ধুয়ে ফেলবে হাতের ওই অংশটুকু।

স্কুলে ঢোকার সময় তোমাদের শরীরের তাপমাত্রাও দেখা হচ্ছে। তাপমাত্রা ঠিকঠাক হলে তো কথাই নেই। তোমাদের বয়সে টিকা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। এ কারণেই তোমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে খুব ভালোভাবে। এখন কেবল করোনাভাইরাস নয়, ডেঙ্গু জ্বরও বেশ হচ্ছে। ছোটরাই বেশি ভুগছে এতে। তাই ক্লাসে পরে আসবে লম্বা হাতা জামা আর লম্বা প্যান্ট। যেখানে পানি জমেছে, সেখানে যাবে না। টয়লেট ব্যবহারে সতর্ক থেকো।

আমরা জানি, তোমাদের মনের জোর অনেক। তোমরা এসব বাধা পেরিয়ে নিজেদের মানিয়ে নেবে। বুঝতেই পারছ, আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাব। সারা পৃথিবীতে একই সমস্যা। তোমাদের মতো অনেক শিশু একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খুশির খবর হলো, অচিরেই ১২ বছরের বেশি এবং আরও কম বয়সীদের জন্য টিকা এসে যাবে। তখন আর চিন্তা থাকবে না।

আরেকটা কথা, স্কুলের বাইরের ঝালমুড়ি, ফুচকা, আচার তোমাকে হাতছানি দিতে পারে। আপাতত ওসব কানে তুলবে না। স্কুলে অসুস্থতা বোধ করলে শিক্ষকদের জানাবে। অসুস্থ হলে খবর চেপে রাখা যাবে না। বাসায় অসুস্থ হলেও স্কুলে আসবে না। জানিয়ে দেবে তোমার হাল। তবে আমরা মনেপ্রাণে চাই, তোমরা সবাই যেন সব সময় সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। শেষ কথা হলো, সুস্থ থাকতে চাইলে সাবধানে থাকতেই হবে।