ব্লু আর জুয়েলকে চেনো? বলছি রিও চলচ্চিত্রের নীলরঙা ম্যাকাও পাখি দুটির কথা। সবাই ভেবেছিল, নীল রঙের ওই বিশেষ ম্যাকাওদের মধ্যে শুধু ওরা দুজনই বুঝি বেঁচে আছে এই পৃথিবীতে। আমাজন জঙ্গলের গহিনে গিয়ে টুলিও আর লিন্ডা আবিষ্কার করল বিরল সেই প্রজাতির অন্য ম্যাকাওদের।
লিন্ডা যে ব্লুয়ের কত ভালো বন্ধু আর টুলিও যে পাখিদের কত্ত ভালোবাসে, রিও ১ দেখা থাকলে তা নিশ্চয়ই ভুলে যাওনি তোমরা। ওদিকে ব্লু আর জুয়েল তো মনের সুখে তিনটি ছানা সঙ্গে নিয়ে আরামে দিন কাটাচ্ছে রিও ডি জেনিরো শহরে। শহুরে জীবনে তাদের আছে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ।
এ বছরেই মুক্তি পেয়েছে রিও চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব। এতেই দেখানো হয়েছে নতুন এসব কাহিনি। টুলিও আর লিন্ডা এসেছে আমাজন জঙ্গলে। হঠাৎ করেই তারা একটা নীল ম্যাকাও দেখতে পায় সেই গহিন বনে। আরও নীল ম্যাকাও আছে এ পৃথিবীতে, এই দারুণ খবরটা মুহূর্তেই সবাইকে জানিয়ে দেয় ওরা। শহরের মানুষ টেলিভিশনের পর্দায় দেখতে পায় ওদেরকে, আর শুনতে পায় নীল ম্যাকাওদের নিয়ে টুলিওর আশার কথা।
শুধু কি মানুষ? ব্লু আর জুয়েলও তাদের টেলিভিশনে দেখতে পেল সেই খবর। খবর পেয়েই সেখানে ছুটে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল জুয়েল। সে নিশ্চিত, নতুন খঁুজে পাওয়া এসব ম্যাকাওদের মাঝেই সে খঁুজে পাবে তার হারিয়ে যাওয়া আপনজনদের। আমাজন বনে যাওয়ার কথা শুনে লাফিয়ে ওঠে তার তিনটি ছানা। তবে সারা জীবন মানুষের কাছাকাছি ছিল বলে জঙ্গলের ব্যাপারটা ঠিক সহজ মনে হয় না ব্লুয়ের কাছে। শেষ পর্যন্ত জুয়েলের ইচ্ছেটাই পূরণ করে দেয় ব্লু। আমাজনের পথে রওনা দেয় ওরা। আর ব্লুয়ের কাছে থাকা উন্নত প্রযুক্তির সাহায্যে পথ চেনাটাও সহজ হয়ে যায় ওদের জন্য।
এদিকে আনন্দের আড়ালে কখন যেন হানা দেয় বিপদ। ব্লুয়ের অগোচরে এক কাকাতুয়া তার সঙ্গীদের নিয়ে আমাজনে পৌঁছে যায়। এই কাকাতুয়াটির সঙ্গে ব্লুয়ের শত্রুতা বেশ পুরোনো। আমাজনে আসার পথে একবার ব্লুকে আক্রমণের চেষ্টা ব্যর্থ হয় তার। এবার জঙ্গলে সে আসে প্রতিশোধ নিতে। ব্লু কি পারবে তার হাত থেকে নিজেকে বাঁচাতে?
জুয়েলের বাবা চায় ব্লুকে বুনো পরিবেশে বেঁচে থাকার কৌশল শেখাতে। পদে পদে যেখানে বিপদ, সেখানে লড়াই করে বাঁচতে শেখা শুরু করে ব্লু। তাকে শেখানো হয় নানান কৌশল আর জানানো হয় ম্যাকাওদের জীবনে এই বনের গাছপালার গুরুত্ব কত বেশি। এর মাঝে ব্লুয়ের এক ছোট্ট ভুলে নীল ম্যাকাওদের সঙ্গে শত্রু লাল ম্যাকাওদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের ধরনটাও বেশ অদ্ভুত। ফুটবল খেলার মতো লড়াই করতে থাকে ম্যাকাওয়েরা। আর ব্লুয়ের ভুলে হেরে যায় নীল ম্যাকাওয়ের দল।
ওদিকে একদল দুষ্টু লোক বনের গাছ কেটে ফেলছে। টুলিও আর লিন্ডা যেহেতু ম্যাকাওদের বন্ধু, তারা নিশ্চই গাছ কাটতে বাধা দেবে৷ এই খবর জানতে পেরে দুষ্টু লোকেরা ফাঁদে ফেলে বেঁধে রাখে দুজনকে। ওদিকে চলতে থাকে বনের গাছ কাটা। বিপদ বাড়তে থাকে বিপন্ন ম্যাকাওদের। বুলডোজারের সেই ধ্বংসযজ্ঞ দেখেই বিপদের হাত থেকে বাঁচার বুদ্ধি বের করে ব্লু। জুয়েলের বন্ধুকে দিয়ে খবর পাঠায় অন্য ম্যাকাওদের কাছে। সবাই একসঙ্গে দাঁড়ায় বনকে এই বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু সামনে তো বিরাট বিরাট সব যন্ত্র। মানুষের এই শক্তিশালী বাহিনীকে কি পরাস্ত করতে পারবে ম্যাকাও পাখির দল? জানতে হলে দেখতে হবে রিও ২।
