নীলচাঁদ বাদশাহ ও হীরা মতি পান্না
নীলচাঁদ বাদশাহ প্রতি শীতেই একটা প্রতিযোগিতার আয়োজন করেন। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। অংশ নেয় ছোট ছেলেমেয়েরা এবং নীলচাঁদ বাদশাহ নিজে। কোনো বছরই নীলচাঁদ পরাজিত হন না, কারণ তিনি খুব চালাক।এবারের প্রতিযোগিতার বিষয় একেবারে অন্য রকম। অন্যান্য বছর ইচ্ছা হলে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারত। কিন্তু এবার বেশ কড়াকড়ি। শুধু ৬ থেকে ১১ বছরের ছেলেমেয়েরাই অংশ নিতে পারবে। তা ছাড়া এবারের বিষয়টিও চমৎকার। বিষয়টি হলো: যদি কেউ বাদশাহকে বোকা বানাতে পারে, তাহলে সে পুরস্কার হিসেবে এক লাখ স্বর্ণমুদ্রা পাবে। আর যদি হেরে যায়, তাহলে বাদশাহকে দিতে হবে পাঁচটি স্বর্ণমুদ্রা।এক মাস আগেই পুরো রাজ্যে জানিয়ে দেওয়া হয় প্রতিযোগিতার বিষয়। সাহসী এবং চালাক ছেলেমেয়েরা রাজদরবারের বুড়ো কেরানির কাছে দলবেঁধে নিজেদের নাম জমা দিয়েছিল।কিন্তু খুব গোপনে নাম জমা দিয়েছিল একজন। তার নাম জয়দার। গোবেচারা জয়দার। সবাই তাকে বোকা বলেই জানত। কিন্তু রাজদরবারের বাইরের গেটে প্রতিযোগী হিসেবে জয়দারের নাম দেখে চেনাজানা সবাই ভীষণ অবাক হয়েছিল। সবাই বলাবলি করছিল—পাঁচটি নয়; জয়দারকে গচ্চা দিতে হবে কমপক্ষে ১০টি স্বর্ণমুদ্রা। অনেকে ওকে প্রতিযোগিতায় অংশ নিতে নিষেধও করেছিল।একের পর এক প্রতিযোগী নানা রকম চেষ্টা করল। কিন্তু কেউই শেষ পর্যন্ত বাদশাহকে হারাতে পারল না। অবশ্য তখন পর্যন্ত জয়দারের নাম ঘোষণা করতে বাকি। বাদশাহ যথারীতি সবার কাছ থেকে জিতে নিয়েছিলেন অনেক স্বর্ণমুদ্রা। খুশিতে তিনি ডগমগ। কিন্তু একসময় তাঁর মনে হলো—এসব তিনি কী করছেন? ছোটদের হারিয়ে স্বর্ণমুদ্রা নেওয়া?—ইমপসিবল! এটা কোনোভাবেই সম্ভব নয়! তাই সব স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার ঘোষণা দিলেন।ঘোষক বলল: ‘ঘোষণা! ঘোষণা! ঘোষণা! মহামান্য বাদশাহ নামদার আপনাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারিয়াই অত্যধিক খুশি হইয়াছেন। তাই তিনি আপনাদের স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়াছেন। আগামীকল্য সকাল ১০ ঘটিকায় রাজদরবারে হাজির হইয়া আপনারা আপনাদের নিজ নিজ স্বর্ণমুদ্রা ফেরত লইয়া যাইবেন।’কিন্তু তখনো একজন প্রার্থী বাকি। সে হলো জয়দার। এ কথা বাদশাহও জানতেন। তিনি ধরেই নিয়েছিলেন, কেউ যখন তাঁকে হারাতে পারেনি, জয়দারও পারবে না। কিন্তু কে জানত—শেষ পর্যন্ত জয়দার অমন একটা কাণ্ড ঘটাবে!জয়দারের প্রতিযোগিতার পালা শুরু হলো। বাদশাহর দরবারের সামনেই শান বাঁধানো একটা পুকুর। চারধারে নানা জাতের ফুলগাছের ঝাড়। সারি সারি নারকেল-সুপারির গাছ।পুকুরে হাজার রকমের মাছ ছিল। পাড়ে মাছ ধরার জালও ছিল। গোবেচারা জয়দারের জন্য একসময় বুক ধড়ফড় করা প্রতিযোগিতার ঘণ্টা বেজে উঠল—ঢং ঢং ঢং ঢং! সব প্রতিযোগী এবং দর্শনার্থী কী হয় কী হয়—দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ল। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে জয়দার আস্তে আস্তে চলে গেল সেই পুকুরপাড়ে।কিছুক্ষণ দাঁড়িয়ে কী যেন ভাবল জয়দার। তারপর একখানি জাল নিয়ে ঝপাস করে নেমে পড়ল পুকুরে। উৎসুক সবাই হাসিতে ফেটে পড়ল।জয়দারের এমন কাণ্ড দেখে বাদশাহ মুচকি হাসলেন। ভাবলেন, আচ্ছা দেখা যাক!ঘোষক বলল, ‘জয়দার! তাড়াতাড়ি করুন। আর মাত্র ১০ মিনিট সময় আছে!’বাদশাহ বললেন, ‘জয়দার উঠে এসো! তুমি তো একটাও মাছ ধরতে পারছ না। শুধু জাল ফেলছ আর ওঠাচ্ছ।’জয়দার বলল, ‘মহাশয়, আমি তো মাছ ধরতে আসিনি! আমি হীরা মতি পান্না তুলছি পুকুর থেকে।’‘কি!’ নীলচাঁদ বাদশাহ খুবই অবাক হলেন, ‘আমার পুকুরে হীরা মতি পান্না আছে? আমি তো কোনো দিন বুঝতে পারিনি!’জয়দার বলল, ‘তাহলে আর বলছি কী! এসেই দেখুন না!’রাজা ছিলেন রাজপোশাক পরিহিত। কিন্তু রাজপোশাক পরে তো আর পুকুরে নামা যায় না। জয়দারের মাথায় বাঁধা ছিল একখানি গামছা। বাদশাহর মনোভাব বুঝতে পেরে সে দ্রুত ওই গামছাখানি বাদশাহর উদ্দেশে ছুড়ে দিয়ে বলল, ‘রাজপোশাক রেখে এই গামছা পরে তাড়াতাড়ি নেমে আসুন জাহাঁপনা!’যা বলা তাই কাজ।বাদশাহ গামছা পরে পুকুরে নামলেন। বললেন, ‘হীরা মতি পান্না কোথায় জয়দার? আমাকে দেখাও!’জয়দার বলল, ‘এত ব্যস্ত হওয়ার কিছু নেই জাহাঁপনা! এই জাল দিয়ে খ্যাও দিতে হবে।’নীলচাঁদ বাদশাহ বললেন, ‘তাহলে আমাকে জলদি খ্যাও দেওয়া শিখিয়ে দাও।’জয়দার বাদশাহকে শিখিয়ে দিল কীভাবে খ্যাও দিলে হীরা মতি পান্না সুড়সুড় করে জালভরে উঠবে। বাদশাহ খুব খুশি। হীরা মতি পান্না জালে তুলতে মহাব্যস্ত হয়ে পড়লেন তিনি। একের পর এক খ্যাও দিতে লাগলেন। আর এই ফাঁকে আমাদের জয়দার টুপ করে উঠে এল ডাঙায় এবং তড়িঘড়ি বাদশাহর পোশাক পরে নিল। হঠাৎ বাদশাহর কণ্ঠ নকল করে বলে উঠল, ‘অ্যাই, কে তুমি! অনুমতি ছাড়া আমার পুকুরে মাছ ধরছ?’বাদশাহর তখন দিশেহারা অবস্থা। বললেন, ‘মাছ নয়, মাছ নয়—হীরা মতি পান্না!’‘সেকি কথা! পুকুরে হীরা মতি পান্না আসবে কোত্থেকে?’ তারপর হুংকার ছেড়ে বলল, ‘অ্যাই, কে আছ!’সেনাপতি অভ্যাসবশত বলে উঠল, ‘আজ্ঞে জাহাঁপনা! হুকুম করুন!’‘বন্দী করো ওই পাগল লোকটাকে! নিয়ে যাও বন্দিশালায়!’ততক্ষণে নীলচাঁদ বাদশাহর হুঁশ ফিরল। লজ্জায় একেবারে মরিমরি অবস্থা! তিনি বোকা বনে গেলেন।অবশেষে জয়দার শুধু এক লাখ স্বর্ণমুদ্রাই পুরস্কার পেল না—হাতির পিঠে চড়িয়ে পুরো রাজ্যের মানুষের কাছে সবচেয়ে চালাক ছেলে হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো।