নেবুউউউ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯-এ পুরস্কারপ্রাপ্ত গল্পগুলো আজ থেকে ছাপা হচ্ছে গোল্লাছুটের কয়েকটি সংখ্যায়—এই নেবু, ওঠ। ওঠ বলছি। আমি জানি, তুই এখনো ঘুমের ভান করে শুয়ে আছিস। এই বলে এক হেঁচকা টান দিয়ে আপু আমার কম্বলটা নিয়ে গেল। এই ছুটির দিনে কি একটা মিষ্টি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না।—আমি ঘুমালে তোমার কী হয়? বলে চেঁচিয়ে উঠলাম।—তুই আরাম করে ঘুমাবি আর আমি চেয়ে চেয়ে দেখব? তাই জাগালাম। আপু উদাস ভঙ্গিতে বলল।—যত্ত সব ফাজলামির আর জায়গা পাও না?আমার আসল নাম নেবু না। আমার বোন আমাকে এই নামে ডাকে। স্কুলের সবাই যদি নেবু নামটা শোনে, তখন কী যে হবে, তা ভাবলেও ভয় লাগে! আমি পড়ি ক্লাস থ্রিতে। আমার বোন ক্লাস এইটে। ক্লাস থ্রিতে পড়লে কী হবে, আমার বোন মাঝেমধ্যে এমন ভাব করে, যেন আমি আঙুল চুষি। এই তো সেদিন আমার সমবয়সী খালাতো ভাই লটকনের সামনে আমাকে ‘ওরে আমার লুতুপুতু ভাই’ বলে কী যে লজ্জা দিল! লটকনের সঙ্গে আমার একদমই মেলে না। কেমন পেটুক পেটুক।আমার এক বোনের জ্বালায় আমি অতিষ্ঠ। যাদের দুই বোন তাদের না-জানি কত কষ্ট?অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, কিছু একটা করতে হবে। এ রকম আর সহ্য করা যায় না। আজ থেকে আর আপুর সঙ্গে কথা বলব না। এই ভেবে নাশতা খেতে গেলাম। আমাকে দেখেই আপু বলে উঠল, ‘কী নেবু সাহেব, কেমন ঘুম হলো?’ আমি না-শোনার ভান করে রইলাম।—কিরে, কথা বলছিস না যে? তাহলে কী ডাকব? নেবু মহোদয়, না জনাব নেবু মিয়া?আমি অন্যদিকে তাকিয়ে রইলাম।—কী, কথা বলবি না? ঠিক আছে, তাহলে আমিও কথা বলব না তোর সঙ্গে।না বললে না বলুক। আমি কি কথা বলার জন্য বসে আছি?বিকেলে আমাকে কেউ জাগাল না দেখে খেলতে যেতে পারলাম না। এমনি করে পরদিন স্কুল, বিকেলে খেলা পর্যন্ত মিস করলাম। মাকে বললাম, ‘আমাকে জাগাওনি কেন?’—তোকে জাগানো কি খুব সহজ?আসলে তা ঠিক, শুধু আপুই আমাকে জাগাতে পারে। চোখে পানি দেওয়া, কম্বল নিয়ে যাওয়া ইত্যাদি নিয়ম খুব ভালো করে তার জানা আছে।রাত তিনটার সময় হঠাৎ খুব বাথরুম পেল। রাতের বেলায় বাথরুমে যেতে আমার কেমন ভয় ভয় করে। তাই আপুকে জাগাই।—এই আপু, আপু, ওঠ না। ইয়ে, একটু হিসু করব। কোনো জবাব না পেয়ে অনেক ধাক্কা দেওয়ার পর উত্তর পেলাম, একটু হিসু ধরলে কিছু হয় না। প্যান্টে করে দে, তা ছাড়া কথা বলবি না যখন, সাহায্য চাচ্ছিস কেন?কী যন্ত্রণা! রাতের বেলায়ও কি ঢং না করলে চলে না? আবার এই ‘ইমারজেন্সি টাইমে’? আপুর সঙ্গে কথা না বলার শাস্তি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরপর কথা বলার অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। নিষ্ঠুরটার মন গলানোর জন্য পাঁচটা চকলেট ও সঙ্গে একটা কাগজ দিয়ে আপুর রুমে রেখে আসলাম। কাগজটাতে লিখলাম—‘বিনীত নিবেদন, আমি নেবু। এই চকলেটগুলো গ্রহণ করে আমার সঙ্গে কথা বলতে আপনার মর্জি হয়।’ কিছুক্ষণ পর গিয়ে দেখি, চকলেটগুলো আগের জায়গায়। কিন্তু পাশে একটা নতুন কাগজ। তাতে লেখা—‘নেবু সাহেব, আমি চকলেট খাব না। আপনি চকলেট নিয়ে দূর হন এবং ভবিষ্যতে চকলেট দ্বারা আমার সঙ্গে ভাব করতে আসবেন না।’রাগে-দুঃখে আমি ভাবলাম, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। দুপুরে আপু যখন ঘুমাচ্ছিল, তখন তার বিজ্ঞান বইয়ে একটা হাত-পা ওয়ালা কুমড়া এঁকে লিখলাম—‘এটা তুই। তুই একটা পাপী, শয়তান।’পরদিন স্কুল থেকে এসে দেখি, মা কাঁথা গায়ে ঠকঠক করে কাঁপছেন আর আপু চিন্তিত মুখে থার্মোমিটার দিয়ে জ্বর মাপছে। আমি কাছে যেতেই সে আমাকে বলল পাশের বাসার আন্টিকে ডেকে আনতে। আমি দৌড়ে গিয়ে ডেকে আনলাম। তিনি এসে মায়ের কপালে হাত দিয়ে, নাড়ি টিপেটুপে কী যেন বললেন। আপু কী বুঝল, কে জানে? সব শুনে মুখ কালো করে বসে থাকল। আন্টি চলে গেলে আমি তাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ‘মার ভয়ংকর কিছু হয়নি তো?’ আর অমনি জবাব পেলাম একটা রামধমক—তুই এত গাধা কেন? যা, এক বালতি পানি আর একটা মগ নিয়ে আয়। আর হ্যাঁ, ফ্রিজে বরফ জমা। হাঁ করে কী দেখছিস? যা, দৌড় দে!ধমক হোক, আর যা-ই হোক, অনেক দিন পর আপুর মুখ থেকে এতগুলো কথা শুনতে পেয়ে কী যে ভালো লাগল। দৌড়ে গিয়ে সব কাজ করে দিলাম।মায়ের জ্বরের কারণে আমরা দুজনই ঝগড়ার কথা ভুলে গিয়েছি। রাতে মায়ের জ্বর কমে গেল। এ থেকে আমি বুঝতে পেরেছি, দুজন মিলেমিশে কাজ করার সুবিধা অনেক। নানা অমিল থাকলেও একে অপরকে শ্রদ্ধা করা যায় ও একসঙ্গে থাকা যায়।শেষ কথা: পড়ার টেবিলে যখনই আপুকে বিজ্ঞান বইয়ের দিকে হাত বাড়াতে দেখেছি, তখন থেকে আমি বাথরুমে। আমার শত দোয়া-দরুদকে অগ্রাহ্য করে, আমার ভয়কে সত্যি করে যখন চিৎকার করল—নেবুউউউ, তোকে কচুগাছের সঙ্গে বেঁধে পেটানো দরকার। কোথায় তুই?আত্মসমর্পণের ভঙ্গিতে দরজা খুলতে গিয়ে টের পেলাম, দরজা খুলছে না। কী আর করা! আমাকেই চিৎকার করতে হলো, আপু, প্লিজ দরজা খুলে দাও না, আ আ আ...রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা