নোটুমুদ্দির ভূতের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্রাটের মা ছটফট করছে। ‘ইস, এখন যদি নোটুমুদ্দি আইসা পড়ত!’পাশের বাড়ির সাদেক মিয়া বলে, ‘মোবাইল করলেই তো হয়। ভূতের মতো সে আইসা পড়ত। সে তো ভূতের মতো হুন্ডা চালায়।’সম্রাট পেটে হাত চেপে বলে, ‘মা, আমি আর পারতেছি না। আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়া যাও।’ মা ছেলের মাথায় হাত বোলান, ‘বাবা, আর একটু সবুর কর। তোর ছোট চাচা নিজাম ফকিরের ভ্যান আনতে গেছে।’ রাত প্রায় আড়াইটা। আধা ঘণ্টা হলো সম্রাটের পেটের ব্যথা শুরু হয়েছে। ওর চিৎকারে আশপাশের বাড়ির দশ-বারোজন লোকও ছুটে এসেছে। সম্রাটের ছোট চাচা ফিরে এল, ‘ভাবী, ভ্যানওয়ালারে তো পাইলাম না।’ ‘ভ্যানওয়ালারে দরকার কী, বাড়িতে ভ্যান আছে কি না হেইডা কও। আমি ভ্যান চালাইয়া হাসপাতালে লইয়া যাই।’ একজন বলল।ছোট চাচা বলে, ‘কাইলকা দিনের বেলা রুস্তম ভ্যান নিয়া বাইর হইছে আর ফিরে নাই।’ সম্রাট পেট চেপে শুয়ে আছে বারান্দার চৌকিতে। আর ধীরে ধীরে বলছে, ‘আল্লাহ, আল্লাহ।’ হঠাৎ সে মাথাটা সামান্য উঁচু করে বলে, ‘মনে হয় নোটুমুদ্দি আসতেছে। মোটর সাইকেলের আওয়াজ পাওয়া যায়।’ একজন মন্তব্য করে, ‘তার তো আর খাইয়া-দাইয়া ঘুম নাই, এত রাইতে আসব।’ নোটুমুদ্দির মা বলে, ‘হ, আমিও তো হোন্ডার শব্দ পাইতেছি।’ সত্যি সত্যি মোটরসাইকেলের শব্দ আরও স্পষ্ট হতে থাকে। নোটুমুদ্দি আসছে। সম্রাটের পেটের ব্যথা যেন অনেকখানি কমে যায়। নোটুমুদ্দি সরাসরি সম্রাটদের উঠানে ঢুকে গেল মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেল থেকে নেমেই বলে, ‘কার কী হইছে কন দেখি? দুইটার দিকে আমারে হাসান নামের একজন ফোন করল। কইল, ছেলেটা যেভাবে ব্যথায় কাতরাইতেছে; হাসপাতালে নেওয়া ছাড়া গতি নাই। ভরসা তো আপনেই।’ নোটুমুদ্দি হাসে, ‘মনে হইল আমারে পাম দিতাছে। তবু কথটা শুইনা আমি সত্যি সত্যি ফুইলা গেলাম।’ সম্রাটের মা এগিয়ে এসে নোটুমুদ্দির হাত ধরে, ‘বাবা, আমার ছেলেটা পেটের ব্যথায় কাতরাইতেছে।’ নোটুমুদ্দি সম্রাটের কাছে গিয়ে বলে, ‘আরে, তোমার তো দেখি শাহরুখ খানের মতো চেহারা। নায়কদের আবার পেটের ব্যথা হয় নাকি? চলো, চলো, আমার ভূত গাড়িতে ওঠো। তোমারে সাঁই সাঁই কইরা হাসপাতালে লইয়া যাই।’ কবি নজরুলের মতো বাবড়ি চুল নোটুমুদ্দির। মাঝখানে সিঁথি করা। মুখে লম্বা কালো কুচকুচে দাঁড়ি। প্রায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। আর গোঁফ জোড়া দেখলে জেনারেল এম এ জি ওসমানির কথা মনে পড়ে। পরনে কুমিল্লার খদ্দরের পাঞ্জাবি আর জিঞ্জিরার জিনস্ প্যান্ট। পায়ে বাটার খয়েরি কালারের স্যান্ডেল শু। ‘কই, তাড়াতাড়ি আমার ভূত গাড়িতে ওঠো।’যে নোটুমুদ্দিকে ফোন করেছিল সেই হাসান আসে, সম্রাটকে সে বিছানা থেকে তুলে ধরে। নোটুমুদ্দি সম্রাটের দিকে তাকিয়ে বলে, ‘কোন স্কুল?’ ‘আল্লাহ, আল্লাহ। নবাবগঞ্জ পাইলট।’ সম্রাটের কথা শুনে সবাই হেসে ওঠে। নোটুমুদ্দির অট্টহাসিতে গ্রামের যারা ঘুমিয়ে ছিল তাদের ঘুমও যেন ভেঙে যায়। সম্রাটের ঠোঁটের কোণেও কাস্তের মতো চিকন হাসির একটা রেখা দেখা যায়। ‘আমি পড়তাম শিকারিপাড়া স্কুলে। একদিন হেডস্যার কাজী আক্কাস উদ্দিন আমাকে বললেন, “তোর জীবনের লক্ষ্য কী?” আমি বললাম, আমার কোনো লক্ষ নাই। আমার আছে কোটি।’ আবার অষ্টহাসিতে ফেটে পড়ল নোটুমুদ্দি।মোটরসাইকেলের পেছনে বসেছে সম্রাট। তার পেছনে হাসান। সম্রাটকে ধরে রেখেছে। ছুটে চলেছে মোটরসাইকেল বা ভূতের গাড়ি। নোটুমুদ্দির বাবড়ি চুল দুলে উঠছে। কালো দাঁড়ি ফুলে উঠছে। লম্বা দু-একটা দাঁড়ি সম্রাটের নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে। বাঁশঝাড়ের নিচ দিয়ে, কদবেলগাছের পাশ দিয়ে, রাতের অন্ধকারে ধোঁয়া ও ধুলা উড়িয়ে মুহূর্তে মেইন রোডে উঠে গেল মোটরসাইকেল। ভোর হওয়ার আগে সম্রাটের বাবা-মা ছুটলেন নবাবগঞ্জ হাসপাতালে। হাসপাতালে সম্রাট নাই। ডাক্তার বললেন, ‘তারা তো ফজরের আজানের পরেই বের হয়ে গেছে।’ সম্রাটের মা কাঁদো কাঁদো হয়ে বলল, ‘আমার ছেলে সুস্থ হইছে তো?’ ডাক্তার বললেন, ‘না, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে ভালো হয়ে গেছে।’‘কিন্তু কোথায় গেল আমার ছেলে?’ ‘নোটুমুদ্দি তো বললেন, ভোরের পদ্মা দেখবেন। দোহারের দিকে গেছেন।’ ডাক্তার বলেন। হাসান কোথায় তিনি জানেন না। হাসপাতাল থেকে বের হয়ে সম্রাটের বাবা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ান। দোকানিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি নোটুমুদ্দিকে চেনেন?’ দোকানি চায়ের কাপে কনডেনস মিল্ক চামচ দিয়ে মেশাতে মেশাতে বলেন, ‘নোটুমুদ্দিকে সবাই চেনে। নোটুমুদ্দি হইল গিয়া আমাদের প্রাণের মানুষ। এই তো ফজরের সময় আমার দোকানে হেরা তিনজন বইসা চা খাইল। পয়সা নিতে চাই নাই। তাও জোর কইরা দিয়া গেল।’ সম্রাটের বাবা জানতে চান, ‘আমার পোলারে দেখছেন?’ ‘আপনের পোলারে আমি কেমনে চিনুম। তিনজনের মধ্যে একজন ছোট ছেলে। নোটুমুদ্দি তারে এক হালি চাম্পা কলা খাওয়াইছে।’ ‘হ, হ, হেইডাই আমার ছেলে। হেরা কোন দিকে গেছে?’ সম্রাটের মায়ের প্রশ্ন। ‘নোটুমুদ্দি কইল, বান্দুরা গিয়া সহদেবের দোকানের মিষ্টি খাওয়াইব আপনার পোলারে।’ সম্রাটের বাবা-মা দৌড়ে গিয়ে বান্দুরাগামী একটি মিনিবাসে ওঠে পড়েন। বিশ মিনিট পর বাস থেকে নেমেই দৌড়াতে থাকেন সহদেবের দোকানের দিকে। হন্তদন্ত হয়ে সম্রাটের মা বলেন, ‘এখানে কি নোটুমুদ্দি আসছিল?’ দোকানি সম্রাটের মায়ের দিকে তাকিয়ে বলে, ‘নোটুমুদ্দি বান্দুরা আসবে আর সহদেবের মিষ্টি খাবে না, এইডা কী কইলেন?’ বাবা বলেন, ‘সঙ্গে কারা ছিল? কয়জন?’ ‘আর দুইজন। তার মধ্যে ওই যে একজন এই দিকে আসতেছে।’ সম্রাটের বাবা-মা বাইরে তাকিয়ে দেখেন, হাসান। হাসানের দিকে ছুটে গিয়ে মা বলেন, ‘সম্রাট কই?’‘হেয় তো পুরা ভালো হইয়া গেছে। নোটুমুদ্দির সঙ্গে দোহারে পদ্মা নদী দেখতে গেছে।’ হাসান বলে।বাবা বলেন, ‘তুই সঙ্গে গেলি না ক্যান?’ ‘মিষ্টি খাওয়ার পর নোটুমুদ্দি কইল, “হাসান, তুই কি কবিতা লিখতে পারস?” আমি কইলাম, না। হে কইল, “তাহলে তোর পদ্মা দেইখা কাম নাই, মজা পাবি না। তুই বাড়িতে যা।” এই মাত্র হেরা রওনা দিল।’মা বলেন, ‘অর কোনো অসুবিধা নাই তো?’ ‘কিসের অসুবিধা! নবাবগঞ্জে চাইরডা কলা খাইল। চা খাইল। এক পিছ পাউরুটি খাইল। আবার এখানে আইসা পাঁচটা মিষ্টি—খালি খাইতাছে। এ জন্যই তো প্যাটের ব্যথা হইছিল। আবার নোটুমুদ্দিরে কইল, আমি কবিতা লিখতে পারি। হ্যায় কবিতার কি বুঝে...।’ সম্রাটের মা বলেন, ‘চল, আমরাও পদ্মার পাড়ে যাই। ‘এক রিকশায় তিনজন ক্যামনে যামু?’ মা সম্রাটের বাবার দিকে তাকিয়ে বলেন, ‘তুমি তাইলে বাড়িতে যাও। আমি ছেলেরে নিয়া আসি।’ পালামগঞ্জ বাজারের কাছে ভীষণ জটলা। হাসান চিৎকার করে ওঠে, ‘চাচি, ওই দেহো নোটুমুদ্দি।’ রিকশাটা থামে। সম্রাটের মা দৌড়ে যায় সেদিকে। সম্রাটকে জড়িয়ে ধরে। তাকে দেখে ভিড় করা লোকজন হইহই করে ওঠে, ‘এ্যাই, ছাগলের মালিক পাওয়া গেছে।’সম্রাটের মা খেয়াল করে দেখে সম্রাট একটি ছাগলের বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। নোটুমুদ্দি এগিয়ে এসে বলে, ‘আরে, আপনি চলে আসছেন! আর বলবেন না। বাচ্চাটা টেম্পোর ধাক্কা খেয়ে আহত হয়েছে। এটাকে তো পশু হাসপাতালের নিতে হবে। আর পদ্মা দেখা হলো না।’ একজন এসে সম্রাটের মাকে বলে, ‘ছাগল বাড়িতে নিয়া যান, এমনি এমনি ভালো হইয়া যাইব।’ ‘না, না। এটা তো আমার ছাগলের বাচ্চা না।’ লোকটি অবাক হয়ে বলে, ‘তাহলে এটা কার ছাগল?’নোটুমুদ্দি সম্রাটকে বলে, ‘তুমি মায়ের সঙ্গে বাড়িতে যাও। আমি ছাগলটার চিকিৎসার জন্য যাই।’ সম্রাট বলে, ‘না না, আমিও যাব।’ সে ছাগল কোলে নিয়ে মোটরসাইকেলের পেছনে লাফিয়ে ওঠে। নোটুমুদ্দি মিষ্টি একটা হাসি দিয়ে হাসানকে বলে, ‘তুই কি গল্প লিখতে পারিস?’ হাসান কোনো কথা বলে না। রাগে-দুঃখে ফেটে পড়ে যেন। সেই রাগ দেখে নোটুমুদ্দির অষ্টহাসি। হাসি শুনে পালামগঞ্জ বাজারের সবাই তাকায় তার দিকে। মোটরসাইকেল স্টার্ট দিয়েছে। তা, ভূতের গাড়ি ছুটে চলেছে পালামগঞ্জের ব্রিজ পার হয়ে। হাসানের কানে ভেসে আসে আহত ছাগলের ম্যা ম্যা শব্দ।