
এসে গেছে বর্ণমেলা! একুশে ফেব্রুয়ারি প্রিয় বাংলা বর্ণগুলোর সঙ্গে নেচে-গেয়ে-খেলে দারুণ একটা দিন কাটাতে তোমরা তৈরি তো?
ঢাকায় ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রাজশাহীর কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই শুরু হয়ে যাবে মেলা। হাতেখড়ি, বর্ণ-রঙের খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, ভাষা ও বর্ণের গান, কবিতা, পুতুলখেলা, নাগরদোলা, জাদু ও বর্ণের ডাকটিকিট প্রদর্শন—এসব তো আছেই। অনুষ্ঠানের দিন থাকবে বেশ কয়েকটি প্রতিযোগিতার আয়োজনও। সকাল ১০টায় শুরু হবে আঁকিয়েদের যুদ্ধ! যারা ছবি আঁকতে ভালোবাসো, রং-তুলি নিয়ে চলে এসো।
যাদের হাতের লেখা সুন্দর, জেনে নাও, পুরস্কার জিতে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার এটাই সুযোগ! সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টায়। এছাড়া বাংলা বর্ণের হাতেখড়ি সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ক বিভাগে, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা খ বিভাগে এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা গ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে।
ঢাকায় বর্ণমেলায় মজার সব স্টলের সঙ্গে কিন্তু গোল্লাছুটের একটা স্টলও থাকছে। তোমার লেখা-আঁকা প্রথম আলোর কার্যালয়ে এসে পৌঁছায় না, এই সন্দেহে যারা ডাক বিভাগের ওপর রাগ করে আছ, চাইলে নিজ হাতে গোল্লাছুটের স্টলে তোমার গল্প-ছড়া-আঁকা দিয়ে যেতে পারো।
প্রিয় লেখক, গায়ক, ছড়াকার, বুদ্ধিজীবী—সবাই থাকবেন তোমার অপেক্ষায়। আসছো তো?