পকেটে তখনো ৫০ টাকার নোট
ছোটবেলায় একবার আজগুবি এক কাণ্ড ঘটেছিল। দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি। চৈত্রের দুপুর। প্রচণ্ড গরম। মা তালের হাতপাখা দিয়ে বাতাস করছিলেন। মায়ের সেই মিষ্টি আদরমাখা বাতাসে কখন যে আমি ঘুমিয়ে পড়ি, টেরই পাই না। মাও একসময় ঘুমিয়ে পড়েন। তারপর হঠাৎ করে আমার ঘুম ভাঙে। কেমন একটা ঘোর। তন্দ্রাচ্ছন্ন ব্যাপার। যেন গভীর কোনো স্বপ্ন থেকে আমি জেগে উঠেছি। তারপর ধীরপায়ে ঘর থেকে বের হলাম। অথবা আমি বের হইনি। কেউ যেন ইশারায় আমাকে ডাকছে। আমি অস্বীকার করতে পারছি না সেই আহ্বান। আমি উপেক্ষা করতে পারছি না। মা ঘুমিয়ে আছেন। আমি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে এলাম। চৈত্রের দুপুরে একা একা হাঁটতে লাগলাম। রাস্তাঘাট খালি। আমি ইসমাইলদের বাড়ির পাশের ছোট গলি দিয়ে বের হয়ে লালবাগ চৌরাস্তায় এসে দাঁড়ালাম। সোজা গেলে চকবাজার। বাঁয়ে লালবাগ কেল্লা, আমি হাঁটা দিলাম লালবাগ কেল্লার দিকে। এই রাস্তাটায় সব সময় ভিড় থাকে। কিন্তু এখন ভিড় নেই কেন? অল্প কয়েকজন লোক। ধীরে ধীরে তারা হাঁটছে। সামনের দিকে নয়, তারা হাঁটছে পেছনের দিকে। পেছনে কেন তারা হাঁটছে? আমি ওদেরকে পেছনে রেখে লালবাগ কেল্লার গেটে এলাম। গেটে তিনজন ভিক্ষুক বসে আছে। একজন বুড়ো ভিক্ষুক হাত ইশারায় আমাকে বসতে বলল। আমি ভিক্ষুকদের পাশে বসলাম। তিনজন ভিক্ষুকই আমার চেয়ে বয়সে অনেক বড়ো। তারা ভিক্ষা করছে সুরে সুরে গান গেয়ে—আমার আল্লাহ্ নবীজির নাম...।কিছুক্ষণ পর আমিও ওদের সঙ্গে গান গাইতে লাগলাম। একজন লোক আমার সামনে এসে বলল, তুই অগো লগে বয়া রইছস কেলা? তুই কি ফকিন্নি?আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। কোনো জবাব দিলাম না, কিন্তু আমার ভিক্ষুক হয়ে যেত খুব ইচ্ছা হলো। আমার গান শুনে হাসতে হাসতে একজন লোক আমাকে পাঁচ টাকা দিল। টাকাটা আমি পকেটে রাখলাম। অন্য ভিক্ষুকেরা কিছু বলল না। শুধু অবাক হয়ে তাকাল আমার দিকে। বিকেলের দিকে কেল্লা পরিদর্শনে অনেক লোক আসে। এক মহিলা আমাকে দেখে খুবই অবাক হলেন।বাবা, তুমি মনজুর খালাতো ভাই না?আমি বললাম, হ্যাঁ।তুমি, বাবা, এখানে বসে আছ কেন? বাড়ি যাও তাড়াতাড়ি।না, আমি বাড়ি যাব না।কেন, ঝগড়া হয়েছে?না।তাহলে ভিখিরিদের সঙ্গে বসে আছ কেন?জানি না। নিশ্চয়ই তোমাকে খোঁজা হচ্ছে বাবা। বাসায় যাও। মা চিন্তা করবেন।মায়ের কথা মনে পড়ায় মনটা একটু নরম হয়ে গেল আমার। ঠিক আছে, যাচ্ছি।মহিলা আমাকে ৫০ টাকা দিলেন। টাকা পেয়ে দারুণ ভালো লাগল আমার। তখন সবচেয়ে বুড়ো ভিক্ষুকটা আমাকে বলল, তুমি, বাবা ভালোই টাকা কামাইলা। এইবার আমাগো কিছু ভাগ দাও।আমি ৫০ টাকা রেখে বাকি টাকা সবাইকে দিয়ে দিলাম। ভিক্ষুকদের বললাম, আমি আবার আসব। দেখা হবে তোমাদের সঙ্গে।মা আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলেন।কী সব আবোল-তাবোল বকছিস, তুই? মুখে-হাতে পানি দিয়ে আয়। যা।আমি ঘুম থেকে ধড়মড় করে উঠে বসি। ইলেকট্রিসিটি নেই। ফ্যান বন্ধ। ঘামে ভিজে গেছি। সেই দুপুরে কখন ঘুমিয়ে পড়েছিলাম, মনে নেই। এখন বিকেল।মাকে বললাম, মা, চা খাব।মা চা আনতে গেলেন। আমি পকেটে হাত দিয়ে দেখি, ৫০ টাকার একটি নোট। টাকাটা কোথা থেকে এল? কোনো ঘটনাই আমার মনে পড়ে না।