পাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা যখন গ্রামে পৌঁছাল তখন রোদ কমে গেছে। দাদি বারান্দায় পুরোনো কাঠের সোফায় বসে অপেক্ষা করছিলেন। জিসান সোজা গিয়ে সোফার চওড়া হাতলে বসে দাদিকে জড়িয়ে ধরল। দাদি ওর হাতে হাত বুলিয়ে বললেন, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস রে ভাই!শুনে জিসান হাসে। মোটে ১৩ বছর বয়স তার। বছরগুলো তাড়াতাড়ি পার করে বড় হতে চায় জিসান। স্কুল, বিতর্ক প্রতিযোগিতা, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে। ছুটি পেলে দাদির বাড়ি বেড়াতে যায়। শীতলাহাটি গ্রামে দাদি ছাড়া তার অন্য আকর্ষণ হলো খালের ওপারের জঙ্গলটা। আব্বু জিসানকে জঙ্গলে নিয়ে গিয়ে গাছ চেনায়। বনবিড়াল, শজারু, খরগোশ, বেজি, শিয়াল, বনমোরগ দেখায়। পাখি দেখায়। মহি, বারেক, রানা জিসানের বন্ধু। গ্রামে এলে সারাক্ষণ ওরা একসঙ্গে থাকে। আব্বু-আম্মু চায় জিসান মাটিসংলগ্ন মানুষ হোক। গাছ, পাখি, ফল, ফুল, মাছ, ফসল চিনুক। বুঝুক কেমন করে ফসল ফলে।যদিও ফিরে যাওয়ার পর ক্লাসের আবরার, সালমানেরা ওকে ‘গাঁইয়া’ বলে খ্যাপানোর চেষ্টা করে। বলে, আমরা যাই সিঙ্গাপুরে নাইট সাফারি করতে আর গাঁইয়া যায় গ্রামে, এই আর কি!প্রত্যেকবার যেমন হয়, মুড়ি-মুড়কি আর চা খেতে খেতে গল্প চলছিল। হঠাৎ কারও চিৎকারে চমকে উঠল জিসানরা। দাদি একটুক্ষণ কান পেতে শুনে বললেন, ও কিছু না। জুহি পাগলি আবার কিছু করেছে মনে হয়।কী করে ও?ওই আজেবাজে...নোংরামি। নিজে তো দেখিনি। লোকে যা বলে আমার তা বিশ্বাস হয় না। মেয়েটাকে ওর স্বামী তালাক দেওয়ার পর বাপ-ভাইয়ের কাছে বোঝা হয়েছে, তার ওপর এই ঝামেলা। খুব মারধর করে মেয়েটাকে। পাগলকে মেরে কী লাভ? কেউ যদি তা বোঝে! দাদির বিষণ্ন গলা।আজেবাজে মানে কী?থাক, এখন আর ওসব শুনে কাজ নেই। দাদি বলতে চাচ্ছেন না দেখে আব্বুও আর জোর করল না। পরদিন সকালে ওরা ছুট লাগাল স্কুলের মাঠের দিকে। ক্রিকেট খেলতে। খেলাটা খুব জমল। ফেরার পথে আবার সেই মহিলার চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ল জিসান। জিজ্ঞেস করল, যে মহিলা চিৎকার করছে তাকে তোরা চিনিস?ওর কথা শুনে রানা বলে, ও আবার মহিলা! হি হি হি! ও তো জুহি পাগলি।পাগলিকে মহিলা বলা ওদের কাছে খুবই হাসির কথা। কিন্তু জিসান মন খারাপ করবে বলে বেশি হাসল না।জিসান জিজ্ঞেস করল, এমন চিৎকার করছে কেন?বলল, মারছে মনে হয়।মারছে কেন? তা মারবে না? নিজের বিষ্ঠা নিজে খায়, এমন খবিস পাগলি।জিসান বলল, তুই নিজে দেখেছিস? না, আমি দেখিনি। ওর বাড়ির লোকেরা দেখে। তারাই মারছে। শুধু কি বিষ্ঠা? ও লুকিয়ে পাথরও খায়।জিসান বলল, চল তো ওখানে।কারও যেতে উৎসাহ নেই। জিসান জেদ করায় বলল, ও মেয়েলোকের পাগলামির তুই কী করবি?জিসান বলল, জানি না। তবে একটা কথা ওদের বলতে হবে।তোর-আমার মতো পুঁচকে ছোড়ার কথা শুনতে ওদের বয়ে গেছে।চেষ্টা তো করি। প্রাচীরঘেরা টিনের বাড়ি। মহিরা সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ল। গ্রামে এই রকমটাই নিয়ম। দরজা খোলা থাকে। খুব অপরিচিত না হলে বাড়ি ঢোকায় বারণ নেই। মহি উঠোনে দাঁড়িয়ে ডাক দিল, ও সেজ মা, দ্যাখো কারে নিয়ে আসছি।এক বয়স্ক মহিলা এগিয়ে এসে বিরক্ত গলায় বলল, কারে নিয়ে আসছ? কী দরকার?মহি বলল, এ সাহেববাড়ির ছেলে। ওই জুহি বুর কথা কী যেন বলবে বলে এসেছে। জিসান নে, কী বলবি বল।জিসান বলল, আমি ছোট মানুষ। হয়তো আপনারা আমার কথায় ভরসা করবেন না। কিন্তু তবু কথাটা বলছি। বলছি যে—জুহি বু পাগল না।সবাই বিরক্ত হলো। কেউ একটু খুক খুক করে হাসলও। বলল, পাগল না তা কি, বাবা? জিসানের নার্ভাস লাগছে কিছুটা। তবু বেশ দৃঢ়ভাবে বলল, উনি অসুস্থ।তা বাবা, মানুষ কি অসুস্থ হলে বিষ্ঠা খায়? তোমাদের কারও হইছিল?জিসানের কান লাল হলো। তবু সে হাসতে হাসতেই বলল, হ্যাঁ, খায়। আরও অনেক রকম জিনিস খায়। এ রকম করে বলে সবাই এদের পাগল মনে করে। কিন্তু তাতে উল্টো হয়। অসুখটা না সেরে বরং বাড়তে থাকে। এদের দরকার চিকিৎসা। চিকিৎসা করলে ভালো হয়ে যাবে।তা বাবা অসুখের নাম কী? ওষুধ কী?অসুখের নাম ‘পাইকা’। ছোট-বড় যেকোনো মানুষের হতে পারে। সাধারণত এরা লুকিয়ে লুকিয়ে আজেবাজে জিনিস খায়। কেউ দেখে ফেললে ঝামেলা শুরু হয়। এ রোগের ওষুধ কী, তা জানি না। তবে আমার ডাক্তার মামাকে জিজ্ঞেস করে জানাতে পারব। আপনারা ওনাকে না মেরে খুব ভালো করে বোঝান। এভাবে মারলে সত্যি সত্যি পাগল হয়ে যেতে পারে। পাইকা রোগের চিকিৎসা করুন, দেখবেন উনিও সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে।