পাখির হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালুকদারবাড়ির সামনে একটা মাঝারি মাঠের মতো। সেখানে সালিস-বিচার হয়, বছরে একবার ধর্মসভা হয়। পাড়ার সব কোরবানির গরু-ছাগল সেখানে এনে জবাই করা হয়। তালুকদার সাহেব মারা গেছেন ১৩ দিন আগে। কিন্তু তাঁর বাড়ির ঠাট বজায় আছে ষোলোআনা। তালুকদার সাহেবের স্ত্রী বেঁচে আছেন। তাঁকে সবাই ডাকে ‘কাকিমা’। কাকিমার শাসনে যেন পুরোনো দাপটেই চলে এ বাড়ির সংসার। সে আমলে দোতলা বাড়ি। পেছনে পাঁচ বিঘা ফলের বাগান। চলতি ফল ছাড়াও সেখানে ফলসা, লটকন, পানিয়াল, ডেওয়া, বকফুল, কাঠবাদামের গাছগুলো এখনো টিকে আছে। বাগানটা পাখিদের কোলাহলমুখর, চামবাদুড়ের ভারি ওড়াউড়ি।বাড়ির নতুন রাখাল বিসুদ আলী। বৃহস্পতিবারে (বিস্যুদবার) জন্ম হয়েছিল বলে ওর দাদা ওই নাম রেখেছিলেন। সে তালুকদারবাড়ির রাখালি ছাড়াও রাজ্যির কাজকর্ম করে। সেদিন বাগান থেকে এক কাঁদি চিনিচম্পা কলা কেটে কাঁধে বয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, ‘কাকিমা, কাকিমা, এই দ্যাকেন।’কলাগুলো এক-দুই দিনের মধ্যে গাছেই পাকত। যথাসময়ে কাটা হয়েছে, এতে কোনো ভুল নেই। কিন্তু কাকিমা চোখ কপালে তুললেন, ‘করিছিস কী, হতচ্ছাড়া!’‘না কাকিমা, একদম পোক্ত। ইট্টুজল্লা চুন লাগায়ে থুই, পশ্যুতশ্যুর মুদি দেকপেনানে পাকা শুরু হয়ে যাবিনি।’কথা ঠিকই বলেছে বিসুদ আলী। কিন্তু কাকিমার হিসাবে কাজটা সে ঠিক করেনি। তিনি জিজ্ঞেস করলেন, ‘হ্যাঁরে বিসুদ, গাছটাও কি কাইটে ফেলিছিস?’ ‘না, কাকিমা, সিডা খাড়াই আছে। একুন যাইয়ে ভাদালটুক বাইর কইরি আনব।’ কাকিমা মাথা নেড়ে কলাগাছটি কাটতে নিষেধ করেন। বিসুদ আলী অবাক না হয়ে পারে না। ‘কন কি, কাকিমা! ও গাছ দিয়ি ফের কী হবি?’ কাকিমার কথার কোনো হিসাব ঠাওর করা যায় না। তিনি বিসুদ আলীকে বললেন, ‘গাছটা এখুনই কাটার দরকার নেই। তুই বরঞ্চি কাঁইদটা নিয়ে গিয়ে দড়ি দিয়ে গাছটার সাথে ঝুলায়ে দিয়ে আয়!’এই কথা শুনে বিসুদ আলী তো হাঁ। ‘আচ্ছা’ বলেই সে একগাছি দড়ি নিয়ে কলার কাঁদিটা কাঁধে করে বাগানের দিকে ছুটল। সে ভেবে অবাক হতে লাগল, যে গাছের কলা কাটা হয়ে গেছে, তা-ই আবার সেই গাছে ঝোলালে মানুষ পাগল বলবে না? কিন্তু কাকিমার আদেশ বলে কথা। বাড়ির আরেকজন রাখাল কাকিমার ইশারায় মই নিয়ে ছুটল বিসুদ আলীর পেছন পেছন। তারা দুজন মিলে সেই গাছটায় কলার কাঁদিটা দড়িতে বেঁধে এমন করে ঝুলিয়ে দিল, যেন দিব্যি গাছেই ধরে আছে সেগুলো। দুজন কিছুটা হাসাহাসিও করল। ‘কাকিমার মাথাডা গেছে রে বিসুদ!’ ‘বুলিস না, চোপ!’ পরের দিন বিকেল। বিসুদ আলীকে নিয়ে বাগানে এলেন কাকিমা। একটা কথাও পাকেনি তখন পর্যন্ত। ‘চ’ বলেই তিনি ফিরে এলেন। দিন দেড়েকের মাথায় বিসুদ আলী খবর দিল, ‘কাকিমা! চারডে, হিরপাকা, এইক্কেরে হলুদ। কিন্তু তার তিনডেই পাখিত আর চামবাদুরিত আডেড করে সাবার করেচে। যাব? পাইড়ে আনিগে?’কাকিমা বললেন, ‘না, আরও তিন দিন থাক।’কোনো দিশা পায় না বিসুদ আলী। এ কথার মানেটা কী! ‘আচ্ছা’ বলেই সে অন্য কাজে মন দেয়। দুই দিন পর কাকিমার কাছে এসে বিসুদ আলী যেন কঁকিয়ে উঠল, ‘কাকিমা, কিছু কন। বুলতি গেলি সব কলাই পাইকে গেছে। ইর মদ্যি তিন ছড়ি বাইল শ্যাষ। আর দুডে দিন থাকতি পরে সব কিন্তুক পাখির প্যাটেই যাবিনি।’কাকিমা এবার হেসে বললেন, ‘আচ্ছা, যা।’চনমন করে বিসুদ আলী ছুটল বাগানে। যথারীতি কলার কাঁদিটা নামিয়ে নিয়ে বাড়ির ভেতরে আসতে আসতে সে পাখিদের গুষ্টি উদ্ধার করল। কাকিমার প্রতিও মনে মনে বিরক্তি প্রকাশ করল। ছাক্কা তিন ছড়িই পাখি খেয়েছে। তাই দেখে কাকিমার হাসি আর থামে না। কিন্তু এসবের কোনো অর্থ বোঝে না বিসুদ আলী। তার চোখেমুখে একটা ধাঁধা লাগা ভাব, সেটি কাকিমার চোখ এড়ায় না। তিনি এবার ভেদ ভাঙলেন। ‘শোন বিসুদ, কলাগাছটায় যখন মোচা ফুটল তখন পাখিরা সেটাকে ঠুকরে কামড়ায়ে নষ্ট করতি পারত। কিন্তু তারা সেডা করেনি।’বিসুদ আলী হাঁ করে শুনতে থাকে তার কথা।‘বুঝলি, পাখিদের সামনে দিনে দিনে কলাগুলো বড় হয়েছে। তারাও তো একটা আশা করে যে ফলডা পাকলে মজা কইরে খাওয়া যাবি! তো পাকার ঠিক আগ দিয়ে তুই যদি সেডা কাইটে আনিস, তাহলে ওদের কষ্ট হবি না? তাদেরও তো একটা হক আছে।’কোনো কথা ফোটে না বিসুদ আলীর মুখে। কাকিমা মিটমিট করে হাসেন। কারণ, অবাক বিসুদ আলী হাঁ করে তাঁর কথা শুনছে। ‘পাখিদের হক’ এই কথাটি তার মনের মধ্যে একটা আলো জ্বেলে দিয়েছে। এবার কাকিমা আরও একটা হক বা অধিকারের কথা বললেন, ‘বিসুদ, এখান থিকে দুই ছড়ি কলা তুই নিয়ে যাবি তোর বাচ্চা মেয়েডার জন্যি। বাচ্চারাও পাখির মতন। সব ফলমূলে তাদেরও একটা অধিকার আছে, বুঝলি?’বিসুদ আলী কাকিমার দিকে তাকিয়ে কেমন চুপ করে থাকে।[email protected]