পাজিদের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট্ট মুরগি’, একদা শরতের একদিন তরুণ একটা মোরগ বলল তার বউকে, ‘বাদাম আর ওক ফলের সময় হয়েছে; চলো, অন্যরা সাবাড় করে দেওয়ার আগে পাহাড়ে যাই ওগুলো পেটপুরে খেতে।’‘তাহলে সময়টা তো বেশ ভালোই কাটবে।’ বলল মুরগি। ‘চলো, এক্ষুনি বেরিয়ে পড়ি।’সুতরাং, রওনা দিল তারা ভোরে আর খেল সারা দিন ধরে। তারা খুব বেশি খেল, নাকি সত্যিই ক্লান্ত হয়ে পড়ল, বলতে পারব না। যা-ই হোক, তারা হেঁটে আর বাড়ি ফিরতে পারল না, তাই মোরগ তৈরি করল বাদামের খোসার ছোট্ট একটি গাড়ি। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মুরগি উঠে বসল গাড়িতে, আর মোরগকে বলল, ‘তুমিই এখন নিজেকে গাড়ির সঙ্গে জুতে নিয়ে আমাকে টেনে নিয়ে যেতে পারবে বাড়িতে; আমার চেয়ে তোমার শক্তি অনেক বেশি।’‘এ রকম ক্ষেত্রে’, জবাব দিল সে, ‘আমার বোধ হয় নিজেকে গাড়ির সঙ্গে ঘোড়ার মতো জুতে তোমাকে টেনে নিয়ে যাওয়াই উচিত, কিন্তু ওই কাজ করার চেয়ে বাড়িতে হেঁটে যাওয়াই ভালো। না, গাড়ি যখন হয়েছেই আমাদের, বক্সে উঠে বসে আমি হব সেটার কোচোয়ান, আমি টানতে পারব না তোমাকে, সুতরাং বৃথা এই আশা করো না!’তারা যখন তর্ক করছে, তখন সেখানে এল একটা পাতিহাঁস। ‘এই চোরের দল’, প্যাঁকপ্যাঁক করে উঠল সে, ‘কী করছ তোমরা, আমার বাদামের পাহাড়ে? এক্ষুনি ভাগো, নইলে তোমাদের আর আস্ত রাখব না।’ ঠোঁটের ভীষণ এক ঠোকর লাগাল সে মোরগকে।কিন্তু মোরগ এটা সহ্য করতে রাজি নয়, পাতিহাঁসটার দিকে উড়ে গিয়ে সে এমন আঘাত করতে লাগল পায়ের পেছনের নখর দিয়ে যে, ক্ষমা চাওয়া ছাড়া তার আর কোনো উপায় রইল না; অবশেষে নাক গলানোর শাস্তি হিসেবে ছোট্ট গাড়িটা টানতে রাজি হলো সে। বক্সে উঠে বসে জোর গাড়ি হাঁকাল মোরগ, ‘চলো, পাতিহাঁস! চলো শিগগির!’খানিকটা এগোনোর পর তাদের সঙ্গে দেখা হলো হেঁটে চলা দুই যাত্রীর—একটা পিন আর একটা সুচ। ‘থামো, থামো!’ চেঁচাল তারা, ‘সাহায্য করো আমাদের। এত ক্লান্ত হয়ে পড়েছি আমরা যে আর এক ধাপও এগোতে পারছি না। রাত নেমে আসছে, পথে এত ধুলো যে তার ওপর বসতেও পারছি না। এক দরজির দোকানে আশ্রয় চেয়েছিলাম আমরা, সে বলল, ইতিমধ্যেই আমাদের মতো অনেককে থাকতে দিয়েছে।’মোরগ দেখল যে তারা খুবই পাতলা, থাকার জন্য মোটেই বেশি জায়গা লাগবে না, তাই দুজনকে উঠতে দিল গাড়িতে; কেবল তাদের প্রতিশ্রুতি নিল যে মুরগির পা মাড়িয়ে দেবে না।গভীর রাতে তারা পৌঁছল রাস্তার পাশের এক সরাইখানায়। ইতিমধ্যে পাতিহাঁসটা এত ক্লান্ত হয়ে পড়েছে যে, টলমল করতে লেগেছে তার পা আর সে দুলতে শুরু করেছে ভীষণভাবে। তাই রাতটা তারা থাকতে চাইল সরাইখানায়, সেই সঙ্গে রাতের খাবার। প্রথমে অনেক আপত্তি করল সরাইখানার মালিক—সেখানে কোনো জায়গা নেই। তার মনে হলো, এই আগন্তুকগুলোর কাছে যথেষ্ট টাকা-পয়সা নেই।যা-ই হোক, মোরগ মিষ্টি কথায় ভোলাল বুড়ো মালিককে; তাকে কথা দিল যে তারা এখানে থাকা পর্যন্ত মুরগি আর পাতিহাঁসটা যে কয়টা ডিম পাড়বে, সেগুলো সবই হবে তার। এই কথা শুনে খুশিতে ডগমগ হলো সরাইখানার মালিক। তাদের আশ্রয় দিল সে। আর রাতের মতো বিশ্রামের জায়গা পেয়ে তারাও হলো যথেষ্ট খুশি।খুব ভোরে, যখন কেবল ফুটতে শুরু করেছে উষার আলো, যখন সবাই গভীর ঘুমের কোলে, ঘুম ভেঙে গেল মোরগ ও মুরগির। এদিকে মুরগিটা একটা ডিম পাড়ায় দুজন সেটা দিয়ে পেটপুরে নাশতা করে, ডিমের খোসাটা ফেলে দিল চুলোর আগুনে। তারপর গেল তারা পিন-কুশনের কাছে এবং সুচ আর পিনকে তখনো ঘুমে আচ্ছন্ন দেখে, দুজনকে তুলে নিয়ে গিয়ে সুচকে গেঁথে রাখল সরাইখানার মালিকের চেয়ারের গদিতে, আর পিনকে তার তোয়ালেতে।কাজগুলো সারার পর জানালা দিয়ে উড়ে বের হয়ে চলে গেল তারা প্রান্তর পেরিয়ে।খোলা বাতাস পছন্দ করে বলে পাতিহাঁসটা ছিল সরাইখানার বাইরের অঙ্গনে, আর জাগল সে ডানার খসখসানিতে। ঝটপট উঠে পড়ে সে মসৃণ করল তার পালক। তারপর কাছেই একটা স্রোতস্বিনী দেখতে পেয়ে খানিকটা উড়ে আর খানিকটা হেলেদুলে গিয়ে নামল সেটার পানিতে। কারণ, ভীষণ ভারী ওই গাড়ি টানার চেয়ে সাঁতরাতে সাঁতরাতে বাড়ি চলে যাওয়াও অনেক ভালো।আরও কয়েক ঘণ্টা পর মালিক জাগল; তারপর নিতে লাগল হাত-মুখ ধোয়ার প্রস্তুতি। কিন্তু মুখ মোছার জন্য তোয়ালে ব্যবহার করতেই লাগল পিনের আঁচড়, লম্বা একটা লাল দাগ হয়ে রক্ত ফুটে উঠল তার এক কান থেকে আরেক কান পর্যন্ত।জখমটা বেশ জ্বালা করতে লাগল, তবু তাড়াতাড়ি পোশাক পরে রান্নাঘরে গেল সে পাইপ ধরাতে। ঝুঁকে পড়তেই ঠাস করে ডিমের খোসাটা ফেটে সেটার একটা টুকরো এসে পড়ল তার চোখে।ব্যথায় ছিটকে পেছনে সরে এসে ধপাস করে বসে পড়ল সে পাশেই রাখা তার দাদার চেয়ারটায়; কিন্তু বসার সঙ্গে সঙ্গেই আবার লাফিয়ে উঠে পড়ল সুচের তীক্ষ খোঁচা খেয়ে।এবার ভীষণ রেগে গেল সরাইখানার মালিক। আর সন্দেহ করতে লাগল তার সেই অতিথিদের, যারা এসেছে গতকাল গভীর রাতে। তাদের খোঁজ করল সে; কোনো অতিথিরই পাত্তা নেই। তখন মালিক একটা শপথ নিল যে কখনোই আর সে এমন প্রতারকদের তার সরাইখানায় থাকতে দেবে না—পাজির পাজিরা সব, যারা ছুটি কাটাতে এসে এতগুলো খেয়েও কোনো টাকা-পয়সা তো দিলই না, যাওয়ার সময় একটা ধন্যবাদ পর্যন্ত না জানিয়ে তাকে জখমের ব্যবস্থা করে গেল!