পানিতেও ভিজল না টিস্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতেও ভিজল না টিস্যু!
পানিতেও ভিজল না টিস্যু!

একটু পানি পেলেই সেই পানি চুষে নিয়ে টিস্যু পেপারের অবস্থাটা কী হয় জানোই তো। সেই টিস্যু পেপারকে আমরা এক গামলা পানিতে ডুবিয়ে আবার উঠিয়ে আনি। তবু টিস্যু পেপার ভিজবে না একটুও! কীভাবে সম্ভব? চলো দেখি।
যা যা লাগবে
রঙিন টিস্যু পেপার
একটি লম্বা গ্লাস
পানি
গামলা
সেলোটেপ
যেভাবে করবে:
প্রথমে একটি রঙিন টিস্যু পেপারকে কয়েকটি ভাঁজ দিয়ে অথবা মুচড়িয়ে ছোট করে নাও। এবার পেপারটিকে গ্লাসের একেবারে ভেতরে সেলোটেপ দিয়ে আটকাও। এখন একটি গামলা সম্পূর্ণ পানিভর্তি করো। গ্লাসটি এবার উল্টো করে ধরে আস্তে আস্তে সোজা অবস্থাতেই গামলার পানিতে সম্পূর্ণ ডুবিয়ে দাও। খেয়াল রাখবে, গ্লাসটি যেন কোনোভাবে কাত না হয়ে যায়। পানির নিচে কিছুক্ষণ ধরে রেখে সোজা অবস্থাতেই গ্লাসটি ওপরে উঠিয়ে নাও।

যা ঘটল:
গ্লাসটি পানিতে সম্পূর্ণ ডুবানোর পরও ভেতরের টিস্যু পেপারটি একটুও ভেজেনি। যখন গ্লাসটিকে উল্টো করে গামলায় ডোবানো হয়, তখন কিন্তু গ্লাসের ভেতর একদম খালি ছিল না। তাহলে কি পানি ছিল? উহু, সেটাও না। তখন গ্লাস ছিল বায়ুপূর্ণ। এই বাতাসই গ্লাসের ভেতর পানিকে প্রবেশ করতে দেয়নি, তাই পেপারটিও ভেজেনি। এবার বুঝলে তো টিস্যু পেপার না ভেজার রহস্যটা?
প্লানেট সায়েন্স অবলম্বনে সাজিদুল হক