পানির ওপর দৌড়ায় ওরা
মাছ পানিতে সাঁতরে চলে। হাঁস পানিতে ভেসে যায়। কিন্তু পানির ওপর দৌড়ে চলে—আছে এমন কেউ?আছে। এমন এক প্রাণী ‘ব্যাসিলিস্ক’ বলে পরিচিত একধরনের গিরগিটি। পানির ধারে বাস করে এই সরীসৃপ। সবল শত্রুর ধাওয়া খেলে ঝপাৎ করে পানিতে নেমে পড়ে। তারপর জলের উপরিভাগ দিয়ে চারপায়ে সবেগে ছুটে যায়।এরা ‘জেসাস লিজার্ড’ বলেও পরিচিত। মধ্য আমেরিকার রোদেলা এলাকায় থাকে ব্যাসিলিস্ক। কয়েকটি প্রজাতি রয়েছে এদের। গড়ে ফুট খানেক (প্রায় ৩০ সেন্টিমিটার) করে লম্বা হয় ওরা। কোনো কোনোটি দুই ফুট পর্যন্ত হতে পারে। ওজন হতে পারে ২০০ থেকে ৬০০ গ্রাম। বড় শিকারি পাখি, সাপ, বড় রাক্ষুসে মাছ আর অন্যান্য গিরগিটি ওদের শত্রু। সাগরতীরে বাস করা আরেক জলচর সরীসৃপ ইগুয়ানার সঙ্গে বেশ মিল রয়েছে এদের।ব্যাসিলিস্কের পেছনের পা দুটির পাতায় আঙুলের ফাঁকে ফাঁকে আঁশের ঝালর রয়েছে, যা অনেকটা হাঁসের পায়ের মতো কাজ করে। এই পায়ের গঠনই এমন, এর মধ্যে বাতাস ভরা বুদ্বুদ আটকাতে পারে। পানির ওপর দিয়ে দ্রুত ছোটার সময় এই বুদ্বুদ ওদের ডুবে যাওয়া থেকে রক্ষা করে। যেসব ব্যাসিলিস্ক আকারে ছোট, বড়গুলোর চেয়ে সেগুলো আরও দ্রুত ছুটতে পারে। তবে পানির ওপর দিয়ে দৌড়ানোর জন্য সবার বেলায় নির্দিষ্ট ক্ষিপ্রতা প্রয়োজন। একটু হেরফের হলে কেউ পানির ওপর দিয়ে ছুটতে পারবে না। এতে কোনো সমস্যা নেই। ব্যাসিলিস্ক সাঁতারেও পাকা।‘কমন লুন’ বলে পরিচিত এক জলচর পাখিও পানির ওপর দিয়ে দৌড়ে অনেক দূর যেতে পারে। উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কিছু অংশে দেখা যায় পরিযায়ী পাখিটিকে। পুরো শরীর হাঁসের মতো হলেও ঠোঁট ছুঁচাল।কমন লুনের দিকে তাকালে প্রথমেই নজর কেড়ে নেবে অনিন্দ্য সুন্দর চোখ। গায়ে সাদা-কালো রঙের কাজ। দেখতে সুন্দর। তবে ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য পাখির যেমন পা থাকে পেটের নিচে। কমন লুনের পা একদম পেছনে। এ কারণে ডাঙায় চলাফেরা করতে খুব কষ্ট হয় এদের। তাই পানিতেই কাটায় বেশির ভাগ সময়। এমনকি পানিতেই ঘুমায়।পাখিটি পাকা সাঁতারু। পানির নিচে ২০০ ফুট পর্যন্ত যেতে পারে এরা। সাধারণত মাছ আর ছোটখাটো জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। কমন লুন লম্বায় ফুট তিনেক (৯১ সেন্টিমিটার) পর্যন্ত হতে পারে। ওজন হতে পারে পাঁচ কেজি পর্যন্ত। পানির ওপর খাড়া হয়ে চলতে পারে এরা। ওড়ার সময় প্রচুর গতিবেগ প্রয়োজন হয় লুনের। এ জন্য বিমানের মতো লম্বা দৌড় দেয়। আর তখন সত্যিই পানির ওপর দিয়ে ছুটে যায় এরা! শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াইল্ড ফ্যাক্টস অনলাইন।